তৈল প্রদান
সরকারের প্রশাসন বিভাগে দীর্ঘদিন কাজ করার সুবাদে নানা ধরনের প্রচুর তৈল প্রদান এবং গ্রহণ করতে হয়েছে। নানা ধরনের তৈল প্রদান দেখতেও হয়েছে। পাঠক সমীপে এর নামমাত্র নমুনা—১. চাকরির প্রথম দিকে, এক জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবিশ সহকারী কমিশনার। দায়িত্ব পেলাম ব্যবসা ও বাণিজ্য শাখার। এ শাখার নানাবিধ মহৎ কর্মের মধ্যে অন্যতম হলো সয়াবিন তেলের স্লিপ প্রদান করা। এ স্লিপ দিয়ে সরকার-নির্ধারিত মূল্যে তেল কেনা যায়। একদিন নাজির এসে পাঁচ লিটার তেলের স্লিপ চাইল।: কার জন্য?: ডিসি স্যারের জন্য।কালবিলম্ব না করে স্লিপ লিখে দিলাম। বয়স্ক নাজির যেতে উদ্যত—: নাজির সাহেব, এই যে ডিসি স্যারকে এত তেল দিচ্ছি, এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) লেখার সময় কি তা তাঁর মনে থাকবে?নবীন কর্মকর্তার রসবোধে তিনি স্মিত হাসলেন। ২. ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর দেশের দক্ষিণাঞ্চলে আঞ্চলিক ত্রাণ কমিশনার পদবি নিয়ে ত্রাণকার্য তদারক করতে এলেন সচিব পদমর্যাদার এক কর্মকর্তা। আমি তখন একটি উপজেলার বড় কর্তা। সচিব মহোদয় আমার উপজেলার কাজ দেখার জন্য কদিন থাকলেন। অবস্থান করলেন জেলা পরিষদের ডাকবাংলোতে, যেখানে পরিবার-পরিজনবিহীন আমারও বাস। কদিন একসঙ্গে থাকার কারণে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছে। মাঝেমধ্যে রসিকতা বিনিময় হয়। একদিন দুপুরে উপজেলার এক কর্মকর্তা পূর্ব অনুমতি নিয়ে আমাদের জন্য খাবার পাঠালেন। সচিব মহোদয় ভোজনরসিক। খাওয়ার সময় খাদ্যের বিশ্লেষণ করে মন্তব্য করেন। সেদিন খেতে খেতে বললেন, তরকারির স্বাদ ভালো হয়েছে। তবে তেল বেশি দিয়েছে। কথাটা লুফে নিয়ে ত্বরিত উত্তর দিলাম, ‘সরাসরি আপনাকে তেল দিতে পারছে না বলে বোধ হয়, স্যার, এটা পরোক্ষ পদ্ধতি। আপনার না করার কোনো সুযোগ নেই।’ খেতে খেতেই সচিব মহোদয়ের হো হো হাসি।৩. বর্তমানের স্পিকার মহোদয়ের জেলায় তখন কর্মরত। জরুরিভাবে কোথায় যাবেন বলে ডিসি সাহেব সভার মধ্যেই এনডিসিকে ডেকে তাঁর গাড়িতে তেল দেওয়ার জন্য বললেন। সভাশেষে একসঙ্গে বের হয়েছি, করিডরে এনডিসিকে দেখেই—: তেল দিয়েছ?: হ্যাঁ স্যার, দিয়েছি, বেশি করে দিয়েছি।তরুণ এনডিসির সপ্রতিভ উত্তর।ডিসি সাহেব চলে গেলে এনডিসিকে বললাম, ‘তোমাদের এই তেল দেওয়া-নেওয়াটা প্রকাশ্যে না করলে হয় না, বিষয়টা তো গোপনের।’তরুণ কর্মকর্তা জ্যেষ্ঠ কর্মকর্তার এহেন কথায় হতবাক। স্বরেয়া সামাদখিলগাঁও, ঢাকা।