
‘আসি আসি করে তুমি আর এলে না’—গুরু আজম খানের এই গানটি এখন সরকারি চাকরিজীবীদের থিম সং হয়ে গেছে। আট মাস ধরে পে–স্কেল আসি আসি করছে। আর তাতে সরকারি চাকরিজীবীরা কী রকম সমস্যায় পড়েছেন, সে খবর নাহয় একটু পরে নিই। তার আগে আসুন, পে–স্কেল নিয়ে কিছু কৌতুক করি।
স্কেল বলতে আমরা সাধারণত ১২ ইঞ্চি মাপের রুলারকেই বুঝি। তো, মাশরাফি-মুস্তাফিজ-তাসকিনের কথা বাদ দিলে বাংলাদেশের আর সবকিছুতে গতির অবস্থা খুবই নাজুক আর লাজুক। ক্ষেত্রবিশেষে জিরো কেবিপিএস। তাহলে ১২ ইঞ্চির স্কেল পেতে কমপক্ষে কত দিন লাগবে? দাঁড়ান, একটা অঙ্ক করুন, ১২ ইঞ্চি উচ্চতার একটা তৈলাক্ত স্কেল বেয়ে পে কমিশনের সুপারিশ প্রথম মাসে ২ ইঞ্চি ওঠে, দ্বিতীয় মাসে দেড় ইঞ্চি নামে। স্কেলের মাথায় উঠতে সুপারিশটির কত মাস লাগবে? না, অঙ্কের ফলাফল দেখে হতাশ হওয়ার দরকার নেই। হতাশা হইতে অপেক্ষাই শ্রেয়। অপেক্ষা করুন, স্কেল নিশ্চয়ই আসবে। কীভাবে আসবে? গায়ে ছাই মেখে পে কমিশনের সুপারিশটি একদিন নির্ঘাত ঘোষণা হয়ে যাবে। তখন সরকারি চাকরিজীবীরা মই বেয়ে ১২ ইঞ্চির মাথায় উঠে স্কেলকে নামিয়ে নেবেন কিন্তু তত দিনে শীর্ষে উঠে যাওয়া দ্রব্যমূল্য আর মাথা থেকে নামাতে পারবেন না। তবু স্কেল ধীরেসুস্থে আসুক। আমরা নতুন কিছু বাগ্ধারার সঙ্গে পরিচিত হতে পারব। চাকরিজীবীরা সমৃদ্ধ হতে না পারলেও বাংলা ব্যাকরণ আরও সমৃদ্ধ হবে। ইতিমধ্যে অবশ্য চর্চা শুরুও হয়ে গেছে। যেমন—
দেরি অর্থে: এই, তোমার আসতে এত পে–স্কেল হচ্ছে কেন? টালবাহানা অর্থে: তুমি আমার কাজটা করে দাও, খবরদার পে–স্কেলচর্চা করিও না।
কথা দিয়ে কথা না রাখা অর্থে: শেষ পর্যন্ত তুমিও আমার সঙ্গে পে–স্কেলগিরি করলে?
লোভ দেখানো অর্থে: যতই পে–স্কেল দেখাও, আমাকে গলাতে পারবে না।
২.
আমার অনেক বন্ধু সরকারি চাকরিজীবী। এর মধ্যে ফানুস বাবু (ছদ্মনাম) আমার সবচেয়ে ঘনিষ্ঠ। আমরা তাঁকে ডাকি ফানুসদা। এই শুনে পাড়ার শিশুরা তাঁকে ডাকে ফানুসদা আঙ্কেল। তো এই ফানুসদা আঙ্কেল চলতে-ফিরতে দিনে-রাতে ঘন ঘন থুতু ফেলেন। আমি বিরক্ত। বলি, ‘ধুর মিয়া, অভদ্র কোথাকার!’ ফানুসদা হতাশ হয়ে বলেন, ‘ভাই, থুতু আমি সাধে ফেলি না।’
‘তাহলে?’
তিনি জবাব দেন, ‘যেদিন পে কমিশন গঠিত হয়েছে, সেদিন থেকেই আমি থুতু ফেলি। যেন কারও বদনজর না লাগে।’ আমি বলি, ‘পে–স্কেল নিয়ে আপনি এত উত্তেজিত কেন?’
তিনি এবার ফিরিস্তি টানেন, ‘পে–স্কেলের দোহাই দিয়ে বাড়িওয়ালাকে দমিয়ে রেখেছি, দমিয়ে রেখেছি মুদি দোকানদারকে, এমনকি স্ত্রীকেও। স্ত্রীকে শাড়ি দিচ্ছি-দেব করে ছয় মাস পার করেছি। আর কত ভাই? গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে।’ কিছুক্ষণ থেমে ফানুসদা বললেন, ‘ভাই, শ পাঁচেক টাকা হবে?’ আমি বললাম, ‘কেন? মাত্র পাঁচ শ টাকায় শাড়ি দেবেন?’ ফানুসদা শুকনো হেসে বললেন, ‘না রে ভাই, জুতার কিস্তি দেব।’
‘জুতার কিস্তি? এটা আবার কী?’
বিষয়টা পরিষ্কার করলেন ফানুসদা, ‘নয় শ টাকায় এক জোড়া জুতা কিনেছিলাম। কিস্তিতে। তিন মাসে নো ইন্টারেস্ট। চার শ টাকা ডাউন পেমেন্ট। আগামীকাল তিন মাস শেষ।’ ফানুসদাকে পাঁচ শ টাকা ব্যবস্থা করে দিয়ে ভাবলাম, এ রকম জুতা ব্যবসায়ী আছেন বলে পে–স্কেলহীনতায়ও ফানুসদারা অভদ্রতা লুকিয়ে ভদ্রভাবে চলাফেরার চেষ্টা করছেন।