তৈলাক্ত বাঁশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অঙ্কের সমাধান মেলাতে স্কুলজীবনে অনেকের মস্তিষ্কই উত্তপ্ত হয়েছে। গণিতের গৌতম স্যার প্রায়ই ক্লাসে বানরের এ কৃচ্ছ্রসাধনের সঙ্গে মানবজীবনের তুলনা করতেন। ‘বুঝলি, জীবনে ভালো কিছু অর্জন করতে হলে বানরের বাঁশে ওঠার মতো চড়াই-উতরাই পার হতে হয়। পিছলে পড়ার ভয়ে ভীত হলে চলে না।’ স্যারের বক্তব্যের গভীরতা বোধগম্য না হওয়ায় আমরা মিটমিটিয়ে হাসতাম। সেই গৌতম স্যারের হস্তক্ষেপেই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনেকগুলো ইভেন্টের সঙ্গে ‘তৈলাক্ত বাঁশের শীর্ষে আরোহণ’ ইভেন্টটি যুক্ত হয়। এ প্রতিযোগিতা ঘিরে আমাদের আগ্রহও ছিল সীমাহীন। মসৃণ বাঁশটাকে যথেষ্ট পিচ্ছিল করার জন্য দু-তিন দিন আগে থেকে তাতে তেল মাখানো হতো। আমরা মহা-উৎসাহে কাজটা করতাম। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের ক্লাসের সবচেয়ে নাদুসনুদুস আর হাবাগোবা মামুন কীভাবে যেন এ ইভেন্টে প্রথম হওয়াটাকে নিয়মে পরিণত করে ফেলল। লুঙ্গিতে কাছা মেরে (প্যান্ট পরার বাধ্যবাধকতা না থাকায় অনেকেই লুঙ্গি পরত) অতিকায় শরীর নিয়ে তরতর করে সুউচ্চ বাঁশের মাথায় ওঠার দৃশ্য আমরা বিস্ময়ের সঙ্গে অবলোকন করতাম। বাকি প্রতিযোগীদের চেয়ে অর্ধেকেরও কম সময়ে সে উঠে যেত তৈলাক্ত বাঁশের চূড়ায়। তার বাঁশে আরোহণের সঙ্গে বানর নয়, বরং কোলা ব্যাঙের বাঁশে ওঠার সদৃশ্য খুঁজে পেত কেউ কেউ। তার কাছে কৌশল জানতে চাইলে বলত, ‘কায়দা সব লুঙ্গির কাছায়!’গৌতম স্যারের তৈলাক্ত বাঁশপ্রীতির বিষয়টি অবগত থাকায় এ সম্পর্কীয় অঙ্কগুলো আমরা মুখস্থ করে রাখতাম। পরীক্ষার সময় হাতেনাতে যার সুফল পেলাম। নিমেষেই অঙ্কের সমাধান করলাম। কিন্তু ক্লাসে নম্বর জানানো এবং খাতা দেখানোর সময় স্যার যা বললেন, তাতে আমাদের আক্কেলগুড়ুম। প্রায় সবাই অঙ্কটির সঠিক সমাধান করলেও তেলা বাঁশে চড়ার ক্ষেত্রে ‘ওস্তাদ’ মামুন তা ভুল করেছে! ‘কী ব্যাপার, মামুন! তুমি নিজে তো তৈলাক্ত বাঁশে ওঠায় খুব পারদর্শী, কিন্তু বানরকে বাঁশে ওঠাতে পারলে না কেন?’ জবাবে মামুন যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে বলল, ‘স্যার, আমি তো লুঙ্গি কাছা দিয়ে তেলা বাঁশে উঠে পড়ি। কিন্তু বানর তো আর লুঙ্গি কাছা মারতে জানে না। ওকে কীভাবে তেলা বাঁশে ওঠাব?’ সোহেল নওরোজবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।