তোকে হারাতে চাই না

ক্লাস থেকে বের হয়ে বেশ চিন্তায় পড়লাম। পকেটে মাত্র ১০০ টাকা। সম্বল বলতে এটুকুই। কাল নীরার জন্মদিন। সেই দুই বছর ধরে বন্ধুত্ব। মেয়েটাকে কখনোই কিছু দেওয়া হয়নি। কাল নীরার ২১তম জন্মদিন। শাহবাগ থেকে ২১টি সাদা গোলাপ কিনতে হবে; সঙ্গে নীরার সবচেয়ে পছন্দের কৃষ্ণপক্ষ বইটা। সব মিলিয়ে ১৫০ টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। বিকেলে অবশ্য হাতে কিছু টাকা আসবে। পত্রিকা অফিস থেকে কিছু টাকা পাব। আসলে ঢাকা শহরে অর্থের কষ্টটা কাউকে বুঝতে দেওয়া যায় না। প্রিয় মানুষকে তো না-ই। আর নীরা যদি জানতে পারে আমার এ অবস্থা, তাহলে নির্ঘাত খুন করে ফেলবে। হাতে এক হাজার টাকার নোট ধরিয়ে দিয়ে বলবে, দূর গাধা, বন্ধুর কাছে কি কিছু লুকোতে হয়?
বিকেলে পত্রিকা অফিসে গেলাম। যা ভেবেছিলাম, তার চেয়ে অল্প কিছু টাকা বেশি পাওয়া গেল। হলে ফেরার পথে শাহবাগ থেকে ২১টি সাদা গোলাপ কিনলাম। ইচ্ছে ছিল লাল গোলাপ কিনব। কিন্তু নীরা এখনো আমার বন্ধু। লাল গোলাপ দেওয়ার সাহস হলো না।
নীরার আবার সুনীল খুব পছন্দ। হবেই না কেন? নীরা তো সুনীলেরই সৃষ্টি। সুনীলের নায়িকা। মাঝেমধ্যে ক্লাসের ফাঁকে ও বলত, এই গাধা, তুই কি কিছুই লিখতে পারিস না? পড়িসনি, সুনীল কী সুন্দর করে লিখেছেন:
‘এ হাত ছুঁয়েছে নীরার হাত।
আমি কি এ হাতে কোন পাপ করতে পারি?’
ইশ্! যদি কেউ আমার হাত ধরে এভাবে বলত।
দেখতাম, নীরার অভিমানী চোখ দুটি ছলছল করে উঠত। আমার খুব ইচ্ছে হতো নীরার হাত চেপে ধরে বলি, আমি আর কখনো পাপ করব না নীরা। আজীবন এভাবে তোর হাত ধরে থাকতে দিবি?
গত ১৪ ফেব্রুয়ারির কথা। খুব সকালে নীরার ফোন। রিসিভ করে ঘুম-জড়ানো কণ্ঠে বললাম, কী রে, তুই এত সকালে?
ওপাশ থেকে নীরা শাসনের সুরে বলল, আমি কলা ভবনের সামনে। পাঁচ মিনিটের মধ্যে চলে আয়।
নীরা জানত, আমার আসতে কম হলেও আধঘণ্টা লাগবে। তবু অসহায় মেয়েটি আমার পথের দিকে তাকিয়ে থাকত। কিছুক্ষণ পর এসে দেখি, নীরা দাঁড়িয়ে আছে। নীল শাড়ি পরা নীরাকে দেখে মনে হলো এক টুকরা আকাশ আমার সামনে দাঁড়িয়ে আছে। মুগ্ধ চোখে নীরার দিকে তাকিয়ে বললাম, তুমি, ওহ সরি, তুই আসলেই অনেক সুন্দর। অনেক।
নীরা অভিমানের স্বরে বলল, তুই আসলেই গাধা। এত দিনে খেয়াল করলি?
সকাল থেকেই নীরার জন্য অপেক্ষা করছি। কখনো ও এত দেরি করে না। মনের মধ্যে অজানা আশঙ্কা কাজ করছে। আজ আবার হরতাল। কখন কী হয় বলা যায় না। আজ অনুধাবন করলাম, অপেক্ষার কষ্ট আসলেই অনেক; প্রতিবারই নীরাকে যা আমার জন্য সহ্য করতে হয়। এসব ভাবতে ভাবতে সামনে এগোলাম। নীরার মোবাইলে ফোন দিলাম। অনেক আওয়াজের মধ্যে অপরিচিত একটা কণ্ঠ বলল, একটা মেয়ে পেট্রলবোমায় দগ্ধ হয়েছে। আমি বাকরুদ্ধ হয়ে উদ্ভ্রান্তের মতো ছুটলাম। ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখি নীরা। মাটিতে লুটিয়ে আছে। ফিনকি দিয়ে পড়া রক্তের অজস্র ধারায় ওর সাদা শাড়ি খয়েরি হয়ে গেছে।
এই ওঠ, বারোটা এক বাজে। নীরাকে উইশ করবি না? রাশেদের ডাকে তন্দ্রা ভাঙল। হঠাৎ করেই নিজেকে আলাদা এক জগতে আবিষ্কার করলাম। কী দুঃস্বপ্নটাই না দেখেছি। একমুহূর্ত দেরি না করে নীরাকে ফোন দিলাম। এক রিং হতেই নীরা ফোন ধরল। কী ব্যাপার, হাঁপাচ্ছিস কেন? কী হয়েছে?
আমি বললাম, নীরা, আমার কাছ থেকে কখনো হারিয়ে যাবি না তো?
নীরা বলল, কী পাগলের মতো কথা বলছিস, কী হয়েছে বলবি তো?
আমি বললাম, শোন, কাল তোর আসতে হবে না। দেশের অবস্থা ভালো না। কাল অবরোধ।
নীরা অবাক হয়ে বলল, কেন?
মনের অজান্তেই বের হয়ে গেল, আমি তোকে হারাতে চাই না।