
বিশ্বজুড়ে তোতাপাখির অন্তত ৩০টি প্রজাতি আছে। মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ এলাকায় প্রাণিবিদেরা পাখিটির আরেকটি প্রজাতির খোঁজ পেয়েছেন। ‘শান্তশিষ্ট’ স্বভাবের এই তোতার বিশেষত্ব হলো এটি বাজপাখির মতো আওয়াজ করতে পারে। আর এই তোতার ডানার নিচের অংশের রং নীল।
পক্ষীবিদ মিগুয়েল গোমেস গারসা ও তাঁর সহযোগীরা ২০১৪ সালে প্রথম এই ব্যতিক্রমী তোতার দেখা পান। আকার-আকৃতি, ডানা ও পালকের রং এবং আচরণ বিশ্লেষণের ভিত্তিতে গবেষকেরা এটিকে নতুন প্রজাতি (আমাজনা গোমেসগারসাই) হিসেবে চিহ্নিত করেছেন। পিয়ারজে সাময়িকী এ বিষয়ে একটি প্রতিবেদন ছেপেছে। এতে গবেষকেরা লিখেছেন, পাখিটির কণ্ঠস্বর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য: জোরালো, তীক্ষ্ণ, সংক্ষিপ্ত, পুনরাবৃত্তিমূলক এবং একঘেয়ে। সাধারণত শিকারি পাখিরাই এ রকম করে ডাকে, তোতা পাখিরা নয়। কিন্তু এই তোতা উড়ে চলার সময় অনেকটা বাজপাখি জাতীয় পাখিদের মতো বারবার ‘ইয়াক-ইয়াক-ইয়াক’ ডাকতেই থাকে।
চেঁচামেচি করে অভ্যস্ত এই তোতাপাখি কেবল উড়ন্ত অবস্থাতেই ডাকে। কিন্তু যখন বিশ্রাম নেয়, তখন অন্যান্য তোতার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটায়। বিশ্রামটা এরা সাধারণত আড়ালেই নিতে পছন্দ করে। গাছের উঁচু ডালে বসে বসে এরা সুরেলা
ডাকও দিতে পারে। সেই আওয়াজ দীর্ঘ এবং কোমল, তীক্ষ্ণ হলেও সুরেলা। এভাবেই তারা অন্যের ডাকে সাড়া দেয় এবং পারস্পরিক সুসম্পর্ক ধরে রাখে।
ব্যতিক্রমী এই পাখিরা ছোট ছোট ঝাঁকে থাকে। একেকটি ঝাঁকের সদস্যসংখ্যা সর্বোচ্চ ১২।