তোপের মুখে ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বহু সংস্কৃতিবাদের রাষ্ট্রীয় নীতি ব্যর্থ হয়েছে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রীডেভিড ক্যামেরন। উন্নত বিশ্বের দেশগুলো অর্থনৈতিক ও অন্যান্য বাস্তবতার কারণে অভিবাসন আইনে দিনে দিনে কড়াকড়ি আরোপ করলেও তাদের মূলধারার নেতৃত্ব সাংস্কৃতিক বৈচিত্র্যের নীতি ব্যর্থ, এ ধরনের গুরুতর মন্তব্য করেনি বললেই চলে। যুক্তরাজ্যের মতো সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশের প্রধানমন্ত্রীর মুখে তাই সাংস্কৃতিক বৈচিত্র্যের নীতির ব্যাপারে যুগপৎ হতাশা এবং কঠোর কথাবার্তা অনেককেই সচকিত করেছে।ডেভিড ক্যামেরনের মন্তব্যে যুক্তরাজ্যসহ গোটা বিশ্বে বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয়েছে। মিউনিখে এক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে ওই আলোচিত মন্তব্য করেন তিনি। ক্যামেরন বলেন, যুক্তরাজ্যে রাষ্ট্রীয়ভাবে অনুসৃত হয়ে আসা বহু সংস্কৃতিবাদের নীতি ব্যর্থ হয়েছে। এ নীতির কারণেই দেশটিতে চরমপন্থা ও সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে ব্রিটেনের উচিত হবে জোরালোভাবে আপন জাতিসত্তার দিকে ফেরা। মুসলিমদের প্রসঙ্গে ক্যামেরন বলেন, ব্রিটেনের মূলধারার সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন থাকার কারণেই তরুণ মুসলমানরা চরমপন্থার দিকে ঝুঁকে পড়ছে।ক্যামেরন তাঁর বক্তব্যের সপক্ষে যুক্তরাজ্যের কট্টরপন্থী মুসলিম সংগঠন ও নেতাদের দৃষ্টান্ত উল্লেখ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, কিছু গোষ্ঠী মুসলিম চরমপন্থাকে উসকে দিচ্ছে। ব্রিটেন ও তার বাইরে ক্যামেরনের বক্তব্যের মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। প্রধান বিরোধী দল লেবার পার্টি এর তীব্র সমালোচনা করেছে। ছায়া বিচারমন্ত্রী লেবার দলের নেতা সাদিক আমান খান ক্যামেরনের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, তা উগ্র জাতীয়তাবাদী ইংরেজদের সংগঠন ইংলিশ ডিফেন্স লিগের (ইডিএল) প্রচারপত্রের ভাষার সমতুল্য। ইডিএলের ঘোষিত লক্ষ্য হচ্ছে ব্রিটিশ স্বাতন্ত্র্য ও ঐতিহ্য রক্ষা। ফ্রান্সের ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের নতুন নেতা মারিন লি পেনসহ অনেকে ক্যামেরনের প্রশংসা করেছেন। তবে ভোটের বাক্সে সাম্প্রতিক সময়ে সমর্থন কিছুটা বাড়লেও খুব কম ফরাসিই উগ্র ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টকে পছন্দ করে। ব্রিটিশ পত্রপত্রিকাও প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছে। ক্যামেরনের বহু সংস্কৃতিবাদের কথিত ব্যর্থতাসংক্রান্ত বক্তব্যের পরদিনই অন্যতম শীর্ষ দৈনিক গার্ডিয়ান এক নিবন্ধে যুক্তরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের পক্ষে এক বিশাল নিবন্ধ প্রকাশ করে।প্রধানমন্ত্রী ক্যামেরন কেন এ ধরনের কথা বললেন, তা নিয়ে দেশের বিশ্লেষকেরা নানা ধরনের ব্যাখ্যা দিয়েছেন। তাঁরা বলছেন, ব্রিটিশ রাজনীতিকেরা সাধারণত যে বিষয়টি নিয়ে কথা বলতে দোনোমনো করেন, তা নিয়ে দৃঢ় একটা অবস্থান ঘোষণা করেছেন ক্যামেরন। তাঁর মতে, ওই দোনোমনো ভাবটাই সমস্যার অন্যতম কারণ। আর পর্যবেক্ষকেরা বলছেন, প্রধানমন্ত্রী হিসেবে কনজারভেটিভ দলের নেতা এবারই প্রথম এত জোরালো কণ্ঠে কথাটা বললেও তা একেবারে নতুন নয়। লন্ডনে ৭/৭-এর বোমা হামলার পরের বছরগুলোতে লেবারদলীয় প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ক্রমেই বহু সংস্কৃতিবাদের ধারণা থেকে সরে গিয়েছিলেন। উগ্রপন্থার বিরুদ্ধে রুখে দাঁড়ায় না এমন স্থানীয় সংগঠনগুলোকে তহবিল দেওয়া ঠেকানোর উদ্যোগ নিয়েছিলেন ব্লেয়ার সরকারের মন্ত্রীরা। ব্লেয়ারের উত্তরসূরি গর্ডন ব্রাউনের ‘ব্রিটিশত্ব’ জোরদারের নিরন্তর চেষ্টার কথাও ভুলে গেলে চলবে না।