তোমাকে ছেড়ে আসার পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমাকে ছেড়ে আসার পর আমি ভালো নেই, প্রিয়তমা।তোমাকে ছেড়ে আসার পর যেন সবকিছু ছেড়ে এসেছি। যদিও ইতিমধ্যে তোমার মতো আরও কিছু প্রেমিকা মিলেছে আমার, তবু আজ এই আষাঢ়ের রাতে তোমাকেই পড়ছে মনে সবচেয়ে বেশি।এ রকম বৃষ্টির বর্ষণ ছিল সে রাতেও। আট বছর আগে। কবিয়ালের আড্ডা শেষে হোস্টেলে ফিরছিলাম আমি আর অতনু। অসুখের শহরে হঠাৎ বৃষ্টি। লোকজন দৌড়াচ্ছিল দিগিবদিক। তাদের তাড়াচ্ছিল ফেরার তাগাদা। আমাদের কোনো তাড়া ছিল না। আমরা হাঁটছিলাম ধীরপায়ে। ময়ূখ চৌধুরীর গাম্ভীর্যে। হঠাৎ করে তুমি। চারুকলার গেট পেরিয়ে খানিকটা সামনে। আকাশের আলোয় তোমাকে দেখলাম। তোমার হাতে বৃষ্টি-ধোয়া সবুজ ছাতা। তোমার গায়ে বৃষ্টির চুম্বনচিহ্ন। তুমি ভিজে একাকার। ভিজে ভিজে তুমি ছিলে কি দাঁড়িয়ে আমার অপেক্ষায়?মনে পড়ে, দুটি ফুল দিয়েছিলে তুমি, সেই বরষায়। আমাকে আর অতনুকে। অতনুর ফুলটি সে দয়িতা ভেবে দিয়েছিল বিপাশার পায়ে। আমার ফুলটি রেখে দিয়েছি বুকের বাগানে। সৌরভ তার আজও অমলিন।হোস্টেলে ফিরে সারা রাত ঘুমোতে পারিনি। তোমার উপহারটি দেখছিলাম বারবার। সারা রাত সন্ধ্যার সুর: বাদল-দিনের প্রথম কদম ফুল...আমার সাত বছরের বিশ্ববিদ্যালয় জীবনের নির্বান্ধব দিনগুলোতে তুমিই ছিলে অন্তরঙ্গ বান্ধব আমার। দুঃখ-সুখের সখা। কাশীনাথ স্যারের ক্লাস করার আনন্দ, অসীম স্যারদের অ্যাবসার্ড ক্লাসের যন্ত্রণা, কার্থেজ-কন্যার কান্না আর ফস্টাসের পতন—আমার সব গল্পের নিমগ্ন শ্রোতা ছিলে তুমি। অনুরূপ তোমারও অনেক অকথিত গল্পের অবধারিত শ্রোতা ছিলাম আমি।সেই বরষায় তুমি আমায় দিয়েছিলে তোমার প্রেমের প্রথম রেণু। আমি তোমায় শুনিয়ে ছিলাম আমার প্রেমের স্বপ্নসংগীত। আমার প্রিয় কবি ডব্লিউ বি ইয়েটসের এই কটি লাইন—But I, being poor, have only my dreams;I have spread my dreams under your feet;Tread softly because you tread on my dreams.শুনে তোমার দুুই সখী পাশ থেকে হাসছিল মিটিমিটি। বেগুনি বর্ণের ওড়নার আড়াল থেকে একজন বলল, কি, লাজ-শরমের বালাই নেই? এক্কেবারে প্রকাশ্য অভিসার!এ রকম প্রকাশিত ছিল আমাদের প্রেম।রাতভর বৃষ্টিতে ছিল আমাদের অভিসার।তোমাকে ছেড়ে আসার পর আমি ভালো নেই।তুমিও কি ভালো নেই, প্রিয় কদম্ব? তোমার দুই সখী—জারুল আর কাঠগোলাপ—তারাও কি ভালো নেই? ভালো নেই কেউ?এখনো কি ঠাঁই দাঁড়িয়ে আছো শাহবাগের সেই রাস্তায়? কে পাড়ে এখন তোমার প্রথম ফুল? কারে দাও তোমার শ্যামল ছায়া?কে তোমায় শোনায় আজ নির্জনতার গান আর দুঃখ দিনের দোহা? মুহম্মদ ওমর ফারুকসুবর্ণচর, নোয়াখালী।