তোমাকে ভালোবাসি

বাবা আজ তোমার কাছ থেকে অনেক দূরে আছি। বিশ্ববিদ্যালয়ের হলে থেকে পড়ছি। কয়েক মাস পরপর তোমার সঙ্গে দেখা হয়। কিন্তু তোমাকে যে প্রতিটি দিনই দেখতে ইচ্ছে করে। তুমিই যে আমার ভালো বন্ধু ছিলে, ভালো পথপ্রদর্শক ছিলে, এখনো আছো, আশা করি সব সময় থাকবে। জানো বাবা, তোমাকে না অনেক মিস করি। ছোটবেলায় যখন আমাকে সাইকেলে করে স্কুলে দিয়ে আসতে আবার ছুটি হলে স্কুল থেকে নিয়ে আসতে, সেই স্মৃতিগুলো আজও যখন মনে পড়ে ইচ্ছে হয় আবার যদি তোমার সেই ছোট্ট খোকা হতে পারতাম! তুমি যখন আমার জন্য চকলেট, বিস্কুট নিয়ে আসতে কত ভালোই না লাগত আমার। আমাকে যখন তুমি তোমার কাঁধে করে পুকুরের মাঝখানে নিয়ে যেতে গোসল করাতে, সাঁতার শেখাতে তা আজও আমার হৃদয়ে ভেসে ওঠে। জানো বাবা, তুমি যখন দূরে কোথাও যেতে চাইতে, আমি তোমার জুতা জোড়া তোমার পায়ে পরিয়ে দিতাম। যাওয়ার সময় তোমার কাছে বায়না ধরতাম চকলেট আনার জন্য। তারপর সারা দিন অপেক্ষা করতাম কখন তুমি আসবে। অবশেষে তুমি যখন আসতে আমি তোমায় জড়িয়ে ধরে কেঁদে দিতাম, এত দেরি কেন হলো? তুমি তখন আমায় চুমু খেতে। পকেট থেকে যখন আমাকে চকলেট বের করে দিতে, তখন আমার সব কান্না ধূলিসাৎ হয়ে যেত। এখন আর নিয়মিত তোমার কাছে বায়না ধরা হয় না। কিন্তু ইচ্ছে হয় তোমার কাছে বায়না ধরতে। তুমি ভালো থেকো বাবা।