তোমাকেই বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচ্ছা, তুমি একটু আগে কী করছিলে, বলো তো!পড়ছিলে ঘরে বসে কিংবা কোচিং সেন্টারে? নাকি তোমার পদচারণে মুখরিত হচ্ছিল ক্রিকেট মাঠ? নাকি লুকিয়ে লুকিয়ে পড়ছিলে কোনো অসাধারণ বই?হ্যাঁ, তোমাকেই বলছি। এখনো স্কুলের আঙিনা পার হওনি যারা, তাদের সঙ্গেই এই আলাপচারিতা।খবরের কাগজ পড়া বা টেলিভিশনে সংবাদ শোনার অভ্যাস নিশ্চয় আছে তোমার। বলে দিতে পারি, এরই মধ্যে একটি খবর শুনেছ তুমি। পড়ে কষ্টও পেয়েছ। ভেবেছ, এটা কী করে সম্ভব!ঠিক ধরেছ। আমরা চট্টগ্রামের সেই খবরটির কথাই বলছি। স্কুলছাত্রের হাতে স্কুলছাত্র খুন। ২৪ মার্চ পত্রিকায় বেরিয়েছে খবরটি। লড়াইটা ছিল চট্টগ্রামের সরকারি উচ্চবিদ্যালয় আর কলেজিয়েট স্কুলের ছাত্রদের মধ্যে। কোনো এক ছোট্ট বিষয়ে তর্কাতর্কির খেসারত দিতে গিয়ে মরে গেল একটি সম্ভাবনাময় ছেলে। কলেজিয়েট স্কুলের সৌমেন বিশ্বাস স্রেফ মরে গেল! ভেবে দেখ, একটি স্কুলের বাচ্চা আরেকটি স্কুলের বাচ্চাকে ‘শিক্ষা’ দেওয়ার জন্য হাতে তুলে নিয়েছে ছুরি! সেই ছুরি দিয়ে ওর শরীরে আঘাত করার সময় একটুও কাঁপেনি ওদের মন! তাহলে বলো, সত্যিই কী ধরনের শিক্ষা পাচ্ছে ওরা? ওরা কি বই পড়তে ভালোবাসে? ওরা কি চলচ্চিত্রে একটি অপূর্ব দৃশ্য দেখে আনন্দ পায়? ওরা কি খেলার মাঠে যায়? ওরা কি মা-বাবার সঙ্গে কথা বলার সময় বিনয়ী হয়? ওরা কি ফুল বা গাছের সঙ্গে কথা বলে? নদীর পারে বসে আকাশ দেখে?ছেলেদের দুটি স্কুলের ছেলেরা করেছিল লড়াই। খবর পড়ে মনে হচ্ছে, এক কিশোরী মেয়ের ভালোবাসা পাওয়ার দ্বন্দ্বই এই লড়াইয়ের কারণ। এখানেও সরাসরি কিছু কথা তোমার বুঝতে হবে। যে বয়সে এসেছ তোমরা, তাতে কারও প্রতি দুর্বল হতেই পারো তুমি। একটি মেয়েকে ভালোবাসবে, সেটা অন্যায় নয়। কিন্তু মেয়েটি কাকে ভালোবাসবে, সেটা তো তার ব্যাপার। তোমার ইতিবাচক দিকগুলোকেই তো বিকশিত করতে হবে আগে। ভালো পড়াশোনা, ভালো আচরণ, বাইরের লেখাপড়া, সংস্কৃতিবোধ—এগুলো দিয়েই তো জয় করতে হবে মানুষকে। তুমি কি কোনো মেয়ের মন জয় করার জন্য অন্যের শরীরে ঢুকিয়ে দেবে ছুরি? তোমাকে চিনতে চাইহ্যাঁ, তোমাকে চিনতে চাই। বয়সটা যখন তেরো-চৌদ্দ, তখন শরীর-মনে একটা অদ্ভুত পরিবর্তন আসে। সে সময় নতুন করে মানুষ পৃথিবীকে দেখে। মানুষের জন্য কিছু করতে চায় মন। পড়াশোনা তো করতেই হবে, তাই বলে মুখ গুঁজে পাঠ্যবই পড়ে কি কেউ বড় হতে পারে? কোনো নতুন বই পড়ে বন্ধুকে সে গল্প না শোনানো পর্যন্ত স্বস্তি কি আসে মনে? বন্ধুদের সঙ্গে আড্ডাটাও কি কম আনন্দের? সেই আড্ডায় এখন কী নিয়ে কথা বলে আজকের কিশোর? অমল কিশোরের হাতে ছুরি কেন উঠে আসবে? এটা তো হঠাৎ রেগে গিয়ে কিছু করাও নয়। রীতিমতো পরিকল্পিতভাবে ছুরি নিয়ে ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া!আর কারও কাছে নয়, তোমার কাছেই কিছু প্রশ্নের উত্তর চাইব। তোমাকেই বুঝতে হবে কিছু ব্যাপার। তুমি যেন ছুরি হাতে অন্য কারও দিকে তেড়ে না যাও, তার দায়িত্ব তোমাকেই নিতে হবে। তুমি যেন অন্যের অসম্মান করতে গিয়ে নিজেকে শেষ করে না দাও। তুমি এখন বড় হয়েছ। অন্যকে দোষ না দিয়ে কিছু ব্যাপার খতিয়ে দেখতে হবে তোমাকেই। বড়রাও তাঁদের মতো করে সমস্যাগুলো নিয়ে ভাববেন নিশ্চয়, কিন্তু তুমি ঠিক আচরণ করছো কি না, সেটাও তো যাচাই করে নেওয়ার ব্যাপার। বাবা-মাকে বলছিসত্যি করে বলুন তো, আপনার বাড়ির পরিবেশ কেমন? আপনারা কি সন্তানের জীবনে সংগীতের ছন্দ দিচ্ছেন, নাকি নিজেরাই ঝগড়াঝাঁটি করে তার মন করে তুলছেন বিষময়? আপনারা কি শুধু সন্তানের পড়াশোনা নিয়েই ব্যস্ত, নাকি তার মনের সুকুমারবৃত্তিগুলোও জাগিয়ে তুলছেন? বয়সের সঙ্গে সঙ্গে সন্তানের মনে যে প্রশ্নগুলো জেগে উঠছে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছেন কি? বাবা-মায়ের মধ্যে সম্পর্ক ভালো না হলে সন্তান কি অবলীলায় কারও পক্ষ নিয়ে নিচ্ছে? কঠিন একটা কথা বলে দেওয়া দরকার, পারিবারিক সৌহার্দ্য, ভালোবাসা, মমতা যেমন সন্তানের স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তোলে, তেমনি অশান্তি, বাবা-মায়ের কলহ, সাময়িক বিচ্ছেদ বা বিবাহবিচ্ছেদও তাকে নিয়ে যেতে পারে বিপথে। শিক্ষকদের বলছি অনেকটা সময় শিশু-কিশোররা স্কুলে কাটায়। আপনারা শিক্ষকেরা শিক্ষার্থীকে কতটা সময় দিচ্ছেন? আপনি কি তার মনে কোনো স্বপ্ন জাগিয়ে তুলছেন, নাকি আপ্তবাক্য আউড়ে তাকে স্কুলের প্রতি বীতশ্রদ্ধ করে তুলছেন? আপনি কি সেই শিক্ষক, যার ভাবনায় রয়েছে নান্দনিকতা, যিনি শিক্ষার্থীদের স্বপ্নগুলোকে সীমার মাঝেই অসীম করে তুলতে পারেন? নিজের পরিবারে এবং স্কুলের শিক্ষকদের কাছ থেকে শিশু-কিশোর যে মূল্যবোধ, নৈতিকতা, সহনশীলতার শিক্ষা পায়, সেটা তার সারা জীবনের অর্জন। তাঁদের সহযোগিতায়ই সে গড়ে তুলতে পারে স্বচ্ছ ভবিষ্যৎ।কোত্থেকে আসছে অশুভ?ফিরে আসছি তোমার কাছে। পারিবারিক জীবনটা খুব গুরুত্বপূর্ণ। কখনো দেখা যায়, কোনো কোনো অভিভাবক ভীষণরকম চাপের মধ্যে রাখছেন তোমাকে। বাবা-মা বন্ধু হচ্ছেন না তোমার, তুমি ভয় পাচ্ছ তাদের। কখনো তাঁরা এত রক্ষণশীল আচরণ করছেন যে জীবন নিয়ে স্বপ্ন দেখতে তুমি ভুলে যাচ্ছ। অন্যের সম্পর্কে যখন তোমরা কথা বলছ, তা নেহাতই হয়ে উঠছে সমালোচনা, বাইরের মানুষের শুভ বোধগুলো অজানাই থেকে যাচ্ছে। উল্টোটাও দেখা যায়, তুমি এই বয়সে কোথায়, কখন কী করছো, সে বিষয়ে একেবারেই নির্লিপ্ত থাকছেন বাবা-মা। কে তোমার বন্ধু, তা থেকেই কিন্তু বোঝা যাবে তুমি কেমন মানুষ। ভালো বন্ধুরা ইতিবাচক আলোচনা করে, খারাপ বন্ধুরা তোমার ভেতরের খারাপ দিকগুলোকে উসকে দেয়। তাই বন্ধু নির্বাচনটাও খুবই গুরুত্বপূর্ণ। এই বয়সে তোমার অনেক চাহিদা থাকতে পারে। কিন্তু সব চাহিদাই পূর্ণতা পেতে পারে না। পারে না, সংগতি নেই বলে; পারে না, সেটা তোমার বয়সে তোমার হাতে আসা দরকার নেই বলে। যেটা যৌক্তিক, সেটাতেই বাবা-মা অনুমতি দিতে পারেন। অযৌক্তিকভাবে কিছু চাইলে এবং তা না পেলে ভাঙচুর শুরু করে দাও যদি, ‘বাধা দিলে বাধবে লড়াই’—এই যদি তোমার মনোভাব হয়, তাহলেই সব গেল। এ পথেই কিন্তু চলে আসবে বিপদ। এ পথেই আসে মাদক, অসৎসঙ্গ এবং শেষমেশ হাতে আসে অস্ত্র। তুমি একটু ভেবে দেখ তো, আর কী কারণে তোমার সহনশীলতা, ধৈর্য কমে যাচ্ছে? কী দেখছ তুমি টেলিভিশনে কিংবা চলচ্চিত্রে? যে ভিডিও গেমসটি তোমার খুব প্রিয়, তাতে কি মারপিটের আনন্দই তোমাকে নিয়ন্ত্রণ করছে? ঘরে-বাইরের কোনো অসংগতি তোমার মনে যে বিস্ফোরণ ঘটাচ্ছে, তাকে ঠেকাবে কী করে? সে সময়টিতেই দরকার ভালো বন্ধু। সে বন্ধু হতে পারে কোনো বই, হতে পারে কোনো দৃষ্টান্তমূলক মানুষ, হতে পারে একটি কোমল চলচ্চিত্র বা সুন্দর কবিতা। মন-প্রাণ উজাড় করে দিতে পার খেলার মাঠে। শুরু করতে পার লেখালেখি, আঁকাআঁকি। ভাবতে পার, আজকের এই দিনটি আমার। আমারই দায়িত্ব দিনটিকে আনন্দে ভরে দেওয়ার। রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবতে পার, রঙিন স্বপ্নেরা এসে ভিড় করুক আমার দুচোখে। মনে যদি থাকে নেতিবাচক ভাবনা, তাহলে বাস্তবেও তা ঘটতে থাকে দ্রুত। নেতিবাচক ভাবনা আনবেই না মনে। ভালো কিছু করার জন্য তৈরি করো মনটিকে।তোমার হাতেই রইল তোমার ভারতুমি স্কুলপড়ুয়া ছেলে বা মেয়ে। তোমার দিকেই সবাই তাকিয়ে আছে। জীবনের শুরুর ১২ বছর ধরে তোমার শরীরে যে হরমোন ঘুমিয়ে ছিল, তারা জোয়ারের মতো তোমার শরীরে এখন সঞ্চালমান। এখন শারীরিক ও মানসিক শক্তিতে ভরপুর তুমি। সংগীতের মতো ছন্দ-তাল-লয়ের জীবন গড়ে নেওয়ার এখনই সময়। তুমি হারবে না। অধৈর্য হয়ে, অসহনশীল হয়ে তুমি তোমার ভবিষ্যতে ফেলো না কালির প্রলেপ। প্রাণ খুলে হাসো, নেতিকে অগ্রাহ্য করে নান্দনিক হয়ে ওঠো, ভালো মানুষের কাছে গিয়ে জীবনের পাঠ নাও। নেটের দুনিয়ায় ঘুরে বেড়াও, কিন্তু বেছে নাও ভালো দিকটা। এ বয়সে সেলফোন হাতে না থাকাই ভালো, কিন্তু তার পরও যদি থেকে থাকে, তাহলে অকারণে কথা বলে সময় নষ্ট কোরো না। দরকারি আলাপটুকুই করো। তোমরা যদি সম্মিলিতভাবে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে নিতে পার, তাহলে আর কখনোই পত্রিকার পাতায় কিংবা টেলিভিশনে ভয়াবহ খবরগুলো পড়তে বা দেখতে হবে না।তোমাকেই বলছি, তোমার স্বপ্নগুলো যেন তোমার চেয়ে বড় হয়। তোমার মধ্যে সবাই যেন সেই মানুষকে খুঁজে পায়, যে সব অর্থেই একজন প্রকৃত মানুষ। (লেখাটি তৈরি করতে মনোবিজ্ঞানী মোহিত কামালের সহযোগিতা নেওয়া হয়েছে।)