তোমাদের ভুলব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি সাদা স্তম্ভ দুদিক থেকে উঠে গেছে ওপরের দিকে। স্তম্ভ দুটির মাঝখানে ঝুলছে একটি বড় ব্ল্যাকবোর্ড। সেখানে সাদা হরফে লেখা ‘তোমাদের ভুলব না’। চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব উচ্চবিদ্যালয়ে নির্মিত হতে যাচ্ছে এমন স্মৃতিস্তম্ভ। গত বছরের ১১ জুলাই সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪ ছাত্রের স্মরণে এই স্মৃতিস্তম্ভের কাজ উদ্বোধন করা হয় ১৯ মে।শিক্ষার্থীদের স্মরণে স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা। ওই দুর্ঘটনার পরপরই একাধিক মন্ত্রী, সাংসদের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেওয়া হলেও বিগত ১০ মাসেও এর কোনো কার্যকর উদ্যোগ দেখেনি মিরসরাইবাসী। আবুতোরাব উচ্চবিদ্যালয়ের এই স্মৃতিস্তম্ভের কাজ শুরুর মাধ্যমে সন্তানহারা মানুষের দাবি বাস্তবায়ন হতে চলেছে। বিকেল সাড়ে পাঁচটায় আবুতোরাব উচ্চবিদ্যালয় মাঠে স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। একই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক সৈয়দ সাইফুল কবির স্মৃতিস্তম্ভটির চূড়ান্ত নকশা মন্ত্রীকে হস্তান্তর করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ আতাউর রহমান, আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদেক, বড়তাকিয়া মটরসের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, হাইতকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, মায়ানি ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী প্রমুখ।অধ্যাপক সৈয়দ সাইফুল কবির জানান, দুর্ঘটনাস্থল ও বিদ্যালয় চত্বরের জন্য আলদা দুটি স্মৃতিস্তম্ভের নকশা তৈরি করা হয়েছে। দুর্ঘটনাস্থলের নকশাটি মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, আবুতোরাব উচ্চবিদ্যালয় চত্বরের স্মৃতিস্তম্ভের জন্য প্রায় ১০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। শিল্পমন্ত্রীর নিজস্ব অর্থায়নে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হচ্ছে। আগামী ১১ জুলাই ট্র্যাজেডির এক বছর পূর্ণ হওয়ার আগে স্মৃতিস্তম্ভটির কাজ শেষ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।উল্লেখ্য, গত বছরের ১১ জুলাই প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল খেলা দেখে পিকআপে করে বাড়ি ফেরার পথে আবুতোরাব-বড়তাকিয়া সড়কের সৈদালী এলাকায় খাদে পড়ে শিক্ষার্থীসহ মোট ৪৪ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩০ জন। মর্মান্তিক ওই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুতোরাব উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভায় দুর্ঘটনাস্থলে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেন। পরে আবুতোরাব উচ্চবিদ্যালয় চত্বরে আরেকটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।