তোমাদের যা বলার ছিল

শহীদ বুদ্ধিজীবী দিবস তো প্রতীকী একটি দিন। এই দিন শহীদ বুদ্ধিজীবীসহ ৩০ লাখ শহীদকে বিনম্রচিত্তে আমরা শ্রদ্ধা জানাই।
১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকেই মাটিলেপা মাইক্রোবাস ছুটতে থাকে দিগ্বিদিক। সেই মাইক্রো থেকে নেমে আসে মুখে কাপড় বাঁধা একদল জল্লাদ। তারা বুদ্ধিজীবীদের বাড়ি গিয়ে ভাঙা উর্দুতে পরিচয় জানতে চায়। পরিচয় নিশ্চিত হলে তঁাকে নিয়ে চলে যায়। এরপর এই বুদ্ধিজীবীরা আর ফিরে আসেন না। তঁাদের কারও কারও লাশ পাওয়া যায় রায়েরবাজার বা মিরপুরের বধ্যভূমিতে, কারও লাশ আর কখনোই পাওয়া যায় না।
তোমরা নবীন, তাই মুক্তিযুদ্ধের এই বেদনাময় অংশটি তোমাদের কাছে বলা দরকার।
মুক্তিযুদ্ধের পুরো নয় মাসই তো চলেছে হত্যাযজ্ঞ। মানুষ হত্যা করার এই নৃশংসতায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে কঁাধে কঁাধ মিলিয়ে যুক্ত হয়েছিল রাজাকার, আল-বদর, আলশামসরা। জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘ, যা এখন ইসলামী ছাত্রশিবির নামে পরিচিত, তাদের নেতৃত্বেই গড়ে উঠেছিল আল-বদর বাহিনী। আল-বদর বাহিনীর সদস্যরাই দেশের সূর্যসন্তানদের হত্যার কাজে নেতৃত্ব দেয়।
একাত্তরের ৮ ডিসেম্বরের মধ্যেই পাকিস্তানি দখলদার বাহিনী বুঝতে পারে, এই যুদ্ধে বিদেশি সহায়তা পাওয়ার আর সুযোগ নেই। লেজ গুটিয়ে পালানোর কথাই তারা তখন ভাবছে। নিয়াজি নিজেই নিজের হুংকারকে আর বিশ্বাস করতে পারছেন না। তাই পাকিস্তানি জেনারেলরা এক বৈঠক করলেন পিলখানায়। সে সভায় লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, মেজর জেনারেল রাও ফরমান আলী ও মেজর জেনারেল জামশেদ গোয়েন্দাদের (এঁরা ছিলেন আল-বদর বাহিনীর সদস্য) সরবরাহ করা বুদ্ধিজীবীর তালিকা নিয়ে আলোচনা করে এই বুদ্ধিজীবীদের বিষয়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণের কথা বলেন। রাও ফরমান আলীর লেখাতেই দেখা যায়, পিলখানায় বিশেষ কিছু গাড়ির দেখা পেয়ে তিনি যখন জেনারেল জামশেদকে প্রশ্ন করেছিলেন, তখন জামশেদ জানিয়েছিলেন, বুদ্ধিজীবী বিষয়ে নিয়াজির পরিকল্পনা বাস্তবায়নের জন্যই এই গাড়িগুলো রাখা হয়েছে। এই গাড়িগুলোই যে আল-বদরদের বহনকারী মাটিলেপা মাইক্রোবাস, সেটা নিশ্চিত না হওয়ার কোনো কারণ নেই। এই জেনারেলদের সঙ্গে আল-বদরদের যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, সেটা জেনারেলরা নির্দ্বিধায় কবুল করেছেন তাঁদের স্মৃতিচারণামূলক লেখায়।
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনায় ছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও আল-বদর বাহিনী। সক্রিয়ভাবে এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল আল-বদর বাহিনী। বিজয় লাভের ছয় দিন আগে থেকে শুরু হওয়া এই হত্যাযজ্ঞ চলেছে ১৬ ডিসেম্বর পর্যন্ত। তবে ১৪ ডিসেম্বর সবচেয়ে বেশিসংখ্যক বুদ্ধিজীবীকে তঁাদের বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় এবং হত্যা করা হয়।
মানবতার বিরুদ্ধে যারা দঁাড়িয়েছিল একাত্তরে, তাদের বিচার চলছে। এ বিচার কোনো প্রতিহিংসা চরিতার্থ করা নয়। একদল জল্লাদ দেশপ্রেমী নিরীহ মানুষের হত্যার পরিকল্পনা করেছিল, হত্যা করেছিল, হত্যায় সহায়তা করেছিল। তাদের বিচার দিয়েই শুরু হতে হবে অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার কাজ।
যঁাদের রক্তে মুক্ত হলো দেশ, আজ তঁাদের সবার কাছে নতজানু হয়ে কবি আসাদ চৌধুরীর প্রশ্নটিই করি আবার, ‘তোমাদের যা বলার ছিল, বলছে কি তা বাংলাদেশ?’