তোমার আঁচলে বাইন্ধা রাখছি প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন নবম কি দশম শ্রেণীতে পড়ি। সে সময় হঠাৎ করেই তীব্র মঙ্গা গ্রাস করেছিল আমাদের। চাল নেই, তাই চুলা জ্বলত না বেশ কয়েক দিন। তারপর কোনোভাবে যদি এক বেলার চাল জোগাড় করতেন মা, তখনই জ্বলে উঠত চুলা। ওই সময়ের বেশির ভাগ দিনই আমাদের কেটেছে শুধু সেদ্ধ আলু খেয়ে। আলু সেদ্ধ হওয়ার পর আমরা সবাই গোল হয়ে বসে পড়তাম চুলার কাছেই। মা তখন কারও সঙ্গেই কোনো কথা বলতেন না। এমনকি তাকাতেন না কারও দিকে। অন্যদিকে তাকিয়ে সবার প্লেটে আলু তুলে দিতেন। কোনো শব্দ ছাড়াই যে যার মতো খেয়ে নিজেদের কাজে চলে যেত সবাই। আমি ছিলাম সবার ছোট। মায়ের কোল ঘেঁষে থাকাটাই ছিল আমার স্বভাব। তাই বুঝতে পারতাম আমাদের সবার পাতে খাবার তুলে দিয়ে মায়ের জন্য অবশিষ্ট আর কিছুই থাকত না। এ ব্যাপারে কোনো অভিযোগও ছিল না তাঁর। লুকিয়ে লুকিয়ে খুব কাঁদতেন মা। এত কষ্ট, এত অভাব, মঙ্গা—তার পরও কোনো দিন মাকে ভেঙে পড়তে দেখিনি। দেখিনি তাঁর মুখের হাসিটি কখনো মলিন হতে।ধীরে ধীরে মঙ্গার আঁধার কেটে ভোর আসে আমাদের জীবনে। সবার সঙ্গে পাল্লা দিয়ে দেখতে দেখতে বড় হয়ে যাই আমিও।স্কুলের গণ্ডি ছেড়ে যখন আমার কলেজে যাওয়ার সময় হলো, তখন কেউই চাইল না, আমি কোনো ভালো কলেজে পড়ি। গ্রামের চালাহীন একটি কলেজে আমাকে ভর্তি করিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সবাই। কিন্তু আমি ছিলাম নাছোড়বান্দা। এ কারণেই মা আমাকে ‘মিনমিনে শয়তান’ বলে ডাকতেন। এখন এত যে বড় হয়েছি, তার পরও ওই নাম ধরেই ডাকেন। শহরের কলেজে ভর্তি হওয়ার পক্ষে দাঁড়ালেন বাবা। ভর্তি পরীক্ষা দিলাম। পরীক্ষায় মেধাতালিকায় প্রথম হলাম। কিন্তু বিশ্বাস করল না কেউই। করল না অবশ্য টাকা খরচের ভয়েই। আস্তে-ধীরে পেরিয়ে যেতে লাগল ভর্তির তারিখ। বাবার হাত খালি। কোনোভাবেই কেউ টাকা দিতে রাজি হলো না। ভর্তির একদম শেষ দিনে এসে জুড়ে দিলাম কান্নাকাটি। শেষ মুহূর্তে নিজের গলা থেকে সোনার হারটা খুলে দিলেন। সেই হার বিক্রি করেই সেদিন ভর্তি হয়েছিলাম কলেজে।মা যে পড়ালেখা জানতেন না, তা নয়। তার পরও প্রতিটি বিকেলে আমাদের জাম্বুরাগাছের নিচে টংয়ের ওপর বসে মাকে পত্রিকা পড়ে শোনাতে হতো। পত্রিকা পড়া শেষ হলে মা জুড়ে দিতেন রাজ্যের গল্প। মায়ের কোলে মুখ লুকিয়ে সেসব গল্প শুনতে শুনতে হারিয়ে যেতাম আমি। বিকেলে রোদ চুয়ে যখন নেমে আসত সন্ধ্যা, উঠোনের মাঝে হারিকেন জ্বালিয়ে শুরু হতো আমাদের ছয় ভাইয়ের পড়াশোনার পালা। সামনে শিক্ষক হয়ে বসে থাকতেন মা।মায়ের চেহারাটা ইদানীং মলিন হয়ে গেছে। তার পরও সেই পরিশ্রান্ত চেহারার মাঝে যে পরম প্রশান্তি ও নির্ভরতার ছায়া দেখতে পাই, তাতে ভর করে আমরা পথ চলার সাহস পাই, হাজার বছরের পথ...।সুজন বুড়িরহাট ফার্ম, রংপুর।