তোমার আমার সকাল-বিকেল

ইট-কাঠের শহুরে জীবন। দম ফেলার ফুসরত নেই এক বিন্দু। অফিস, পরিবার, সামাজিকতা মিলে হাজার রকমের ব্যস্ততা। সুযোগ মেলে না একচিলতে বারান্দায় দুজন একসঙ্গে দাঁড়িয়ে আকাশ দেখার। ব্যস্ততা নামক ঘুণপোকা তখন কাটতে থাকে মনের সব প্রশান্তিকে। দুজনের দাম্পত্য জীবনকে সমৃদ্ধ করতে তাই পরস্পরকে সময় দেওয়ার কোনো বিকল্প নেই। ঈদের ছুটির দিনগুলোতে আর কিছু না হোক, এক কাপ চা খেতে খেতেই নাহয় সময় পার করা হোক।
ফ্রিল্যান্স আর্টিস্ট উম্মে তানিয়া বলেন, বর কাজ করছেন একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে। ব্যস্ত দিনগুলোর শেষে যখন ছুটির দিন আসে, তখন নানা দায়-দায়িত্ব সামলে নিয়ে দুজনে মিলে বন্ধুর মতো সময় কাটান। তাঁরা যখনই সময় পান, দুজন দুজনের ভালো লাগার কাজগুলো একজন আরেকজনকে করতে দেন, মেলে ধরেন নিজস্ব ভাবনার পরিধি। দুজনেই খেতে ভালোবাসেন বিধায়, দুজনে মিলেই নতুন কিছু রান্না করেন পরিবারের সবার জন্য কিংবা পছন্দের কোনো খাবার খেতে চলে যান রেস্তোরাঁয়।
অন্যদিকে রেবা রহমানের বর সারা বছর ব্যস্ত থাকেন অফিসের কাজে। তিনি নিজেও ব্যস্ত থাকেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায়। ছেলেমেয়ে, আত্মীয়-পরিজন সামলে ছুটির দিনগুলোতেও সময় মেলে না একসঙ্গে কোথাও যাওয়ার। মাঝে মাঝে যখন হাঁফ ধরে যায়, রবিঠাকুরের গানই তখন ভরসা হয়ে দাঁড়ায়।
ছুটির সময়গুলো দুজনে একসঙ্গে কাটানো বিষয়ে নাট্যজন সারা যাকের মনে করেন, বিবাহিত জীবনের নানা পরিবর্তন, জীবনজুড়ে লেগে থাকা ব্যস্ততার পাশ কাটিয়েই বের করে নিতে হবে টুকরা সময়। অফিস ফিরতি পথে স্বামী-স্ত্রী কোনো চা বা কফি শপে বসে কিংবা নিজ বাড়িতে চা-কফি খেতে খেতেই সেরে নিতে পারেন পারিবারিক আলোচনা। পরিকল্পনা করতে পারেন সামনের উৎসব-পার্বণের ছুটির দিনগুলোয় তাঁরা কী করবেন, সেটা নিয়েও। বাইরে ঘুরতে না গেলেও দুজনে একসঙ্গে বাড়িটা নতুন করে গুছিয়ে নিতে পারেন। দেখতে পারেন পছন্দের কোনো সিনেমা। এভাবেই একসঙ্গে কাজ করে, পাশাপাশি থেকে ভাবনার বিনিময় করেই নিজেদের সময়গুলো পার করতে পারেন। পরস্পরকে সময় দেওয়া মানেই যে কেবলই দুজন ব্যক্তি যারা কিনা স্বামী-স্ত্রী এমনটা বিশ্বাস করেন না সারা যাকের। তিনি বরং মনে করেন, এসব কাজ, গল্প, আত্মীয়, বন্ধুবান্ধবের সঙ্গে থাকার মধ্য দিয়েই দুজনের মনের কাছাকাছি থাকা যায়। অভিযোগ-অনুযোগের জায়গাগুলো কমে যায়। জীবন সহজ ছন্দে ভরে ওঠে।