এই, শুনছ? তোমাকেই বলছি...হুম, তুমিই। তোমার একটা নাম দেব ভেবেছিলাম। কিন্তু, জুতসই নাম পেলাম না, বুঝছ? নীল চোখের মেয়েদের নাম দেওয়া হয়েছে নীলাঞ্জনা। কিন্তু তোমার মতো বাদামি চোখের মেয়েদের কী নামে ডাকা যায়, সেটা কেউই ভাবল না। আমি এতটা ভাবুকও নই যে নিজেই তোমার একটা নাম দিয়ে দেব। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, সেদিন তুমি নীল একটা সালোয়ার-কামিজ পরেছিলে। অন্য কেউ হলে হয়তো নীলিমা, নীলা-জাতীয় একটা নাম দিয়ে দিত। কিন্তু আমি এসব পারি না, বুঝছ? তো, সেই প্রথম দেখার পর আরও দুই দিন দেখেছি তোমাকে। এই তিন দিনের প্রতিটি দিনই তোমাকে দেখে মুগ্ধ হয়েছি। তোমাকে ভালোবেসে ফেলেছি, বুঝেছ? প্রথম যেদিন তোমাকে দেখেছি, সেদিন একটা শপিং মল থেকে বেরোচ্ছিলে। আমি ছিলাম সাইকেলে। তোমাকে দেখেই থমকে দাঁড়িয়েছিলাম। না, তুমি আমাকে দেখনি। তুমি হেঁটে হেঁটে পার্কিং লটে ঢুকছিলে। ইচ্ছে তো করছিল আমিও ঢুকে যাই। কিন্তু এমন ভাঙাচোরা সাইকেল নিয়ে তোমার সামনে যেতেও লজ্জা লাগছিল। কিছুক্ষণ পর তোমার গাড়িটা পার্কিং লট থেকে বেরিয়ে গেল। গাড়ির কাচের ভেতর দিয়ে তোমার মায়াবী মুখটা দেখেছিলাম। যতক্ষণ পেরেছি সাইকেলে করে তোমার গাড়ি অনুসরণ করেছি। শেষ পর্যন্ত হারিয়েই ফেলেছি। কিন্তু তুমি তো সানগ্লাসের ফাঁক দিয়ে একবারও আমার দিকে তাকালে না। আমার মন খুব খারাপ হয়েছিল। তারপর যে দুই দিন দেখেছি তোমাকে, গাড়িতেই ছিলে, তুমি একবারও আমার দিকে তাকাওনি। কেন? আমি দেখতে ভালো নই বলে? বন্ধুরা বলে, আমাকে নাকি দেখতে ভালো হতে হবে। তাহলে নাকি তুমি আমার দিকে তাকাবে। বাঁ পাশের যেই সিঁথিটা আমার ট্রেডমার্ক হয়ে গিয়েছিল, সেটা এখন মোটামুটি মাঝবরাবর এনে ফেলেছি। ব্যায়ামও করি আজকাল। আমি একটু মোটা তো, তাই। বন্ধুরা বলেছে, আমি ফিট না হলে নাকি তুমি আমাকে পছন্দ করবে না। আর আমি এখন পড়াশোনাও নিয়মিত করি। বুন্ধরা বলেছে, তুমি নাকি অনেক বড়লোকের মেয়ে। তাই আমাকে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে হবে, না-হলে নাকি তুমি আমাকে পছন্দ করবে না। আর, তুমি কী করো? একটিবারও ফিরে তাকিয়েছ আমার দিকে? অবশ্য তোমারও বা দোষ কী; তোমাকে তো জানাতেই পারলাম না যে কতটা ভালোবাসি। তাই শেষ পর্যন্ত এই উপায় বের করলাম তোমাকে জানানোর জন্য। কেন জানি মন বলছে, তুমি এ লেখা পড়বে। আমি জানি, এর পর থেকে রাস্তায় ভাঙাচোরা সাইকেলের ওপর কালোমতো, মোটা করে, মাঝখানে সিঁথি করা কোনো ছেলেকে দেখলেই তুমি বুঝে ফেলবে, এটা আমি। তখন তুমি তাকাবে না আমার দিকে? বলো, তাকাবে না? জয়ন্ত বর্মণআমলাপাড়া, ময়মনসিংহ