
আমি তখন ক্লাস থ্রিতে পড়ি। স্কুল ফাইনাল পরীক্ষা চলছে। বাংলা, ইংরেজি পরীক্ষা হয়ে গেছে। পরদিন অঙ্ক পরীক্ষা। উৎকণ্ঠায় আছি। অঙ্ক পরীক্ষায় ভালো করতেই হবে। ভোররাতে হঠাৎ ঘুম ভেঙে গেল কান্নার শব্দে। বাড়িতে কান্নার রোল। আমাদের প্রিয় ছোট ফুফু হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঈশ্বরদীতে। তখন যোগাযোগব্যবস্থা খুব খারাপ। ভোররাতেই রওনা দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে সকালের ট্রেন ধরতে হবে ফুফুকে শেষ দেখা দেখতে হলে। আম্মা-আব্বা এবং অন্যরা রওনা হওয়ার জন্য তৈরি। আমি জুড়ে দিলাম কান্না। মাকে ছাড়া কিছুতেই থাকতে পারব না। শেষমেশ পরীক্ষা বাদ দিয়ে আমিও বাবা-মায়ের সঙ্গে ট্রেন ধরলাম।
২০০১ সালে ইংল্যান্ডে আসি পিএইচডি করতে। তখন পর্যন্ত মা দিবস সম্পর্কে তেমন ধারণা ছিল না। ইংল্যান্ডে যখন মাদারস ডে উপলক্ষে শপিং মলগুলোর বাহারি আয়োজন দেখতাম, ভালো লাগত। মনে হতো, এত ঘটা করে কেন ভালোবাসা দেখানো। মাকে কেন শুধু একটি দিনই ভালোবাসতে হবে। উপহার দিতে হবে। এখন অবশ্য মনে হয়, করুক না, অন্তত একটা দিন হলেও মায়েরা বিশেষ যত্ন পাচ্ছে, মন্দ কী।
আম্মা তিনটি জিনিস খুব অপছন্দ করতেন। সিগারেট খাওয়া, কার্ড খেলা এবং বাজারে বসে আড্ডা দেওয়া। আম্মা হয়তো এখনো জানেন না, তাঁর কারণেই আমি এই তিনটি জিনিস থেকে সব সময় দূরে।
জাহির উদ্দিন আহমেদ
সিনিয়র লেকচারার, অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি, নিউজিল্যান্ড