ঋতুরাজ বসন্তের আগমন। আম্রকাননে নতুন পাতা গজিয়ে কেবলই মুকুলের ঘনঘটা। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই এসে হাজির রক্তিম গোলাপের পরশ নিয়ে ভালোবাসা দিবস। লাল শাড়ি আর কপালে বড় লাল টিপের সেই মেয়েটিকে খুব মনে পড়ছে। গেল বছর যার সঙ্গে বসে ছাদে নির্মল এক পূর্ণিমা, রাত থেকে ভোর অবধি অবলোকন করি। আরও এক দারুণ পূর্ণিমার অভিজ্ঞতা আছে আমার। যখন আমরা প্যারিসে গিয়েছিলাম, বরফাচ্ছন্ন কোমল প্রকৃতিতে তখন পূর্ণিমা এসে উপস্থিত। সত্যিই সেসব দিনের কথা মনে করলে যেন কোনো কিছুই বিশ্বাস হতে চায় না। ক্ষণিকা। ওর নাম ক্ষণিকা। ও খুব জোছনা পছন্দ করত। ভালোবাসত ছোট ছোট শিশুদের। ও কী বলত জানেন? বলত, দেখো, বাচ্চারা কী সুন্দর করে স্কুলবাসে উঠছে। ওরা পড়তে যাচ্ছে। মনীষীরা ঠিকই বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি শুনতাম খুব আগ্রহ নিয়ে। আসলে ওর কথার মধ্যে সেই মোহনীয় ধারা ছিল, যেটা আমায় খুব আকৃষ্ট করত।
ঠিক এরপরেই কী যেন এক কালবৈশাখীর ঝড় উঠে এল আমাদের বর্ণিল আনন্দে। তাণ্ডব বয়ে গেল জীবনের ওপর দিয়ে। রাস্তা পার হতে গিয়ে ওকে এভাবে হারিয়ে ফেলব, বুঝতে পারিনি। আমার দেওয়া সাদা গোলাপটি ওর রক্তে তখন লাল হয়ে গেছে। পথচারী এক বিদেশিনী তার সাইকেলের বক্সে থাকা গ্ল্যাডিওলাস ওর কাছে রেখে আমার মাথায় হাত রেখে বলল, ‘ইট’স প্যাথেটিক। হাউ আনলাকি ইউ আর।’ এর পর থেকেই শিশু, লাল রং, পূর্ণিমা তিথি আর কোনো সাইকেলে ফুল নিয়ে চলে যাওয়া বিদেশিনীকে দেখলেই যেন সেই তাণ্ডবের কথা মনে পড়ে যায়। মনে না করতে চাইলেও মনে পড়ে যায়। বলতে ইচ্ছা হয় ক্ষণিকা, তুমি এভাবে তোমার নামের জয় ঘটালে!
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা