তোমার পতাকা যাকে দিয়েছ

আমার কাছে তারুণ্য মানে অচলায়তনের সবকিছু বদলে দিয়ে নতুন কিছু করা। স্থবিরকে গতিশীল করা, গোঁড়ামি বদলে প্রগতিশীল করা, অনুকরণের পথ এড়িয়ে সৃষ্টিশীলতায় মেতে ওঠা। তারুণ্যের সহজাত ধর্মই হলো পুরোনো অভ্যস্ত পথ ছেড়ে নতুন নতুন পথের খোঁজ করা, অজানাকে জানতে চাওয়া। তারুণ্য স্বপ্নে উজ্জীবিত হয়, তরুণ স্বপ্নপূরণে এগিয়ে যায় সব বাধা-বিপত্তি উপেক্ষা করে। তারুণ্যের এই ধর্মের কারণেই হিলারি-তেনজিং দুর্গম পর্বতশৃঙ্গ জয় করতে পেরেছিলেন; রবার্ট স্কট দক্ষিণ মেরুতে, নিল আর্মস্ট্রং চাঁদের বুকে পা রাখতে পেরেছিলেন। আর আমাদের জাতীয় ইতিহাসে বীর মুক্তিযোদ্ধারা বিজয় অর্জন করতে পেরেছিলেন এই তারুণ্যের আহ্বানেই। তরুণদের এসব বিজয় কখনোই সহজ ও মসৃণ পথে আসেনি। অশেষ শ্রম, অদম্য অধ্যবসায় সর্বোপরি জীবন উৎসর্গের সিঁড়ি বেয়েই তাঁদের অগ্রযাত্রা। জাতীয় জীবনে তারুণ্যের এই অগ্রযাত্রা আমাদের উদ্দীপ্ত করে। তরুণদের যেকোনো সাফল্যে আমরা তাই গভীরভাবে উজ্জীবিত হই, তা সেই সাফল্য যে ক্ষেত্র থেকেই আসুক না কেন। জাতীয় ক্রিকেট দলের বিজয়ে আমরা উদ্দীপ্ত হই, শিক্ষায় আমাদের তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতিতে গর্বে বুক ভরে যায়, বিজ্ঞান-প্রযুক্তিতে তরুণদের সাফল্য বিশ্বে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়।
তরুণদের উত্তরোত্তর সাফল্য আমাদের গর্ব করতে শেখায়, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। যখন দেখি আমাদের তরুণেরা বিশ্বের উচ্চতম সব পর্বতশৃঙ্গে লাল-সবুজের পতাকা উড়িয়ে দিচ্ছেন, তখন সেই উচ্চতায় আমাদের সবুজ-শ্যামল এই দেশটিকেই যেন দেখতে পাই। যখন শুনি আমাদের তরুণেরা সাইক্লিং করে আমেরিকা মহাদেশ পাড়ি দিচ্ছেন, তখন আমাদের দেশপ্রেমের ব্যাপ্তি যেন সেই মহাদেশকেই অতিক্রম করে যায়। যখন পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশিদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের খবর আসে, তখন যেন পৃথিবীটাই একটা বাংলাদেশ হয়ে যায়।
আমাদের পর্বতারোহীরা যখনই জীবনবাজি রেখে পর্বতচূড়ায় আরোহণ করেন, তখন তাঁদের প্রথম কাজটিই থাকে লাল-সবুজ পতাকাটিকে বুকে ধরে স্বর্গীয় আনন্দ উপভোগ করা। মাথার ওপর বিশাল নীল আকাশ, নিচে চরাচরব্যাপী ধবল তুষারের মধ্যে লাল-সবুজের পতাকাটি দেশপ্রেম ও অনুপ্রেরণার উৎস হয়ে দীপ্তি ছড়াতে থাকে। চারদিকে বিপদ আর মৃত্যুর হাতছানি দেখে মনটা যখন দমে যেতে চায়, তখন সহযাত্রী মনে করিয়ে দেন হাতে দেশের পতাকা; মনে মনে বলি, ‘তোমার পতাকা যারে দিয়েছ, বহন করার শক্তি তারে দাও।’
পর্বতকন্যা নেপাল আমাদের থেকে খুব বেশি দূরে না হলেও পর্বতারোহণে আমাদের যাত্রা বিলম্বযাত্রা। ঘরের কাছের এই পর্বতভূমিতে সারা পৃথিবী থেকে অসংখ্য অভিযাত্রী যখন প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছিলেন, আমরা তখন কোনো এক অজ্ঞাত কারণে ছিলাম নিস্পৃহ, নিশ্চেষ্ট। এরপর বছরের পর বছর কেটে গেল। আমরা সচেতন হলাম এই মাত্র সেদিন। স্বল্প এই সময়ে পর্বতারোহণে আমাদের অর্জন মোটেই অবহেলা করার মতো নয়। পৃথিবীর প্রায় সব মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে লাল-সবুজ পতাকা জ্বলজ্বল করছে। আমাদের আছে এভারেস্ট বিজয়ী দক্ষ পর্বতারোহীরা, পর্বত আরোহণে নারী-পুরুষের সমান অংশগ্রহণের বিরল দৃষ্টান্ত, আছে পর্বত অভিযানে বীরোচিত আত্মোৎসর্গের উজ্জ্বল ইতিহাস।
পর্বতারোহণ কষ্টসাধ্য ও ব্যয়সাপেক্ষ একটি ব্যাপার। পৃথিবীর বিভন্ন দেশের অভিযাত্রীরা যেমন উন্নত প্রশিক্ষণ ও অত্যাধুনিক সরঞ্জামাদি নিয়ে অভিযানে আসেন, আমাদের পর্বতারোহীরা কখনোই তেমন সুযোগ-সুবিধা পান না। কেবল অদম্য আকাঙ্ক্ষা, দেশের পতাকা শীর্ষে তুলে ধরার প্রবল তাড়না, শত সামাজিক-অর্থনৈতিক প্রতিকূলতা অতিক্রম করার সহজাত মানসিকতাই পর্বতারোহণে শক্তি জুগিয়ে আসছে। আমাদের মতো সমতল দেশের মানুষ এত কম প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিয়ে নিয়মিত পর্বতারোহণে যাচ্ছেন—এই বিষয়টাই অনেককে বিস্মিত করে। অন্যরা আমাদের সুযোগের অপ্রতুলতা দেখে বিস্মিত হয় আর আমরা বিস্মিত হই তাদের প্রাচুর্য দেখে। কখনো কখনো এমন হয় যে দুই সদস্যবিশিষ্ট পর্বতারোহী দলের জন্য পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার থাকে না, ব্যয়-সংকোচনের জন্য প্রয়োজনের তুলনায় কম শেরপা নিয়ে অভিযান চালাতে হয়; নতুনের পরিবর্তে পুরোনো সরঞ্জামাদিই আমাদের অধিকাংশ সময়ের ভরসা। সেই সঙ্গে প্রযুক্তিগত সুযোগ-সুবিধার স্বল্পতা নিয়েই আমাদের অভিযান চালাতে হয়। তার পরও আমাদের অভিযান থেমে থাকে না। দুজনের জায়গায় সবটুকু অক্সিজেন নিয়ে একজন অভিযান সফল করেন, অশেষ কষ্ট সহ্য করে প্রয়োজনীয় শেরপার অভাব মেটান, দলীয় সংহতি ও বোঝাপড়ার মাধ্যমে অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতি কাটিয়ে উঠতে হয়। তাই আমাদের বিজয় শুধু পর্বত বিজয় থাকে না; একই সঙ্গে সেটা হয়ে ওঠে আমাদের সীমাবদ্ধতাকেও জয় করা।
আমাদের তরুণেরা বিবিধ সীমাবদ্ধতার মধ্য দিয়ে বেড়ে উঠছেন, অজস্র সামাজিক অনিয়ম, রাজনৈতিক সহিংসতা, নৈতিক অবক্ষয় প্রভৃতি অতিক্রম করেই তরুণদের এগিয়ে যেতে হচ্ছে। এসব সীমাবদ্ধতা জয় করেই তরুণেরা নিয়মিত পর্বতারোহণে যাচ্ছেন, দীর্ঘ সময় বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারের খেতাব ধরে রেখেছেন, মেধায়-শিক্ষায় বিশ্বকে চমকে দিচ্ছেন। আমাদের তরুণদের বিজয় তাই দ্বৈত বিজয়। প্রথমত তাঁদের বিবিধ সীমাবদ্ধতাকে জয়, দ্বিতীয়ত তাঁদের নিজস্ব ক্ষেত্রে বিজয়। যে তরুণদের একটি সাফল্য পেতে দুটি বিজয় পেরোতে হয়, তাঁদের রুখতে পারে, এমন প্রতিবন্ধকতা থাকতে পারে না—তাঁরা জীবনে জয়ী হবেনই। আমাদের তরুণদের ভবিষ্যৎ সম্ভাবনাময় উজ্জ্বল।
নিশাত মজুমদার: প্রথম বাংলাদেশী নারী এভারেস্ট বিজয়ী।