তোমার পতাকা যারে দাও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একঝাঁক থোকা থোকা নাম—রুমী, আলতাফ, জুয়েল, বদি, বাশার, হাফিজ ও আজাদ। মনে পড়ছে নামগুলো? তাঁরা একেকজন সূর্যসন্তান। একাত্তরের তরুণ মুক্তিযোদ্ধা। তাঁদেরই একজন—শহীদ রুমী। একাত্তরে রুমী সদ্য ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন, যা এখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নামে পরিচিত। মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় রুমীর আর বুয়েটে ক্লাস করা হয়নি। একই সঙ্গে রুমী যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব টেকনোলজিতেও (আইআইটি) ভর্তির সুযোগ পেয়েছিলেন। সেখানে ক্লাস শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের ১ তারিখে। রুমী আগস্টের শেষ দিকে সেখানে চলে যাবেন, মা জাহানারা ইমামের ইচ্ছা ছিল তা-ই। এর মধ্যে শুরু হলো মুক্তিযুদ্ধ। রুমী মাকে জানালেন, তিনিও যুদ্ধে যাবেন। যাঁর সামনে পড়ে রয়েছে অমিত সম্ভাবনা, তাঁকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন কী করে মা! তাই বলে কি রুমীর হাল ছেড়ে দেওয়া চলে? স্কুল-কলেজের সেরা বিতার্কিক রুমী মাকে বললেন, ‘আম্মা, দেশের এই রকম অবস্থায় তুমি যদি আমাকে জোর করে আমেরিকায় পাঠিয়ে দাও, আমি হয়তো যাব শেষ পর্যন্ত। কিন্তু আমার বিবেক চিরকালের মতো অপরাধী করে রাখবে আমাকে। আমেরিকা থেকে হয়তো বড় ডিগ্রি নিয়ে এসে বড় ইঞ্জিনিয়ার হব; কিন্তু বিবেকের ভ্রুকুটির সামনে কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। তুমি কি তা-ই চাও, আম্মা?’শহীদজননী জাহানারা ইমামও সঙ্গে সঙ্গে বললেন, ‘না, তা চাইনে। ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম। দিলাম তোকে দেশের জন্য কোরবানি করে।’ মায়ের কথা সত্যি হয়েছিল। রুমী দেশের জন্য জীবন দিয়েছেন। শহীদ হয়েছেন। মাত্র ১৮ বছর বয়সে!এ বছরের ৭ ডিসেম্বর গিয়েছিলাম রুমীর শিক্ষাপ্রতিষ্ঠানে, বুয়েটে। ক্যাফেটেরিয়ার পাশে একটা স্মৃতিস্তম্ভ। দাঁড়ালাম সামনে। অনুভব করলাম অনেক রুমীকে! যাঁদের রক্তে মুক্ত হয়েছে আমার দেশ। যাঁরা আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। হয়ে গেছেন স্মরণস্তম্ভের একেকটি নাম!তাঁদের মধ্যে আজ বলতে পারি মুফতি মোহাম্মদ কাসেদের কথা। পড়তেন তৃতীয় বর্ষে, যন্ত্রকৌশল বিভাগে। থাকতেন তিতুমীর হলে। বাড়ি ময়মনসিংহের নওমহলে। মুফতি চৌকস দাবাড়ু ছিলেন। একবার ইস্ট পাকিস্তান দাবা প্রতিযোগিতায় রানারআপ হয়েছিলেন। মুফতির এক সহযোদ্ধা তাঁর শিক্ষককে ২৩ জুন একাত্তরের এক চিঠিতে জানিয়েছিলেন, মুফতি মুক্তিযুদ্ধে কমান্ডো অ্যাটাকে নিহত হন।আরেকজন আবু আহমেদ আসাদুল্লাহ। পড়তেন প্রকৌশল বিভাগে, প্রথম বর্ষে। শেরেবাংলা হলের শিক্ষার্থী ছিলেন। গ্রামের বাড়ি দিনাজপুরের মুনশিপাড়ায়। দিনাজপুরে জেলা ছাত্রসংগ্রাম পরিষদ গঠন হলে দেশ স্বাধীন করতে তিনিও যোগ দেন সেই পরিষদে। সামরিক ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণও নেন। এপ্রিলের দিকে পাকিস্তানি হানাদার বাহিনী দিনাজপুর আক্রমণ করে। পাকিস্তানি সেনাদের গুলিতে আসাদুল্লাহ দিনাজপুর জিলা স্কুলের সামনে নিহত হন।প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থী শহীদ হন। এই প্রতিষ্ঠানে ছিলেন আরও অনেক শিক্ষার্থী, যাঁরা সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে, মাতৃভূমিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। ভুলে গেছেন বাকি সবকিছু আর বরণ করে নিয়েছেন মৃত্যুকে। তাঁরা যে শুধু শহীদ নন, তাঁরা যে একেকজন দ্রোহ, বিদ্রোহ আর প্রেরণার নাম। তাঁরা যে একেকজন আমার দেশের স্পার্টাকাস।শিক্ষার্থী বন্ধু, আপনি যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছেন, হয়তো দেখবেন, তারও রয়েছে বুয়েটের মতো একটা ইতিহাস। যাঁদের রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা, হয়তো আপনার প্রতিষ্ঠানেই রয়েছে এমন কেউ, যিনি নিজের স্বপ্নসাধকে বিসর্জন দিয়েছেন। বিনিময়ে দিয়ে গেছেন একটি সবুজ জমিনে লাল-সূর্য পতাকা। কাঁধে তুলে নিন তাঁর স্বপ্নসাধ। আর আপনার স্বপ্নের মধ্যেই বাঁচিয়ে রাখুন রুমী, জুয়েল, বদি, বাশার, হাফিজ, আজাদসহ নাম না-জানা শহীদদের।তথ্যসূত্র: বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তর।