তোমার পথ চাহিয়া
মাঝেমধ্যে চশমা পরে, মাঝেমধ্যে পরে না। মুখখানি কালো, তবে মিষ্টি। এমনই মিষ্টি যে ওর কাছাকাছি থাকলে ডায়াবেটিস (!) হওয়ার আশঙ্কা আছে। মাথার চুলগুলো ঘন, ভেতরে গুটিকয়েক সাদা চুুলের বসবাস, বয়সে আমার চেয়ে ছোট ১০ মাসের, চুল পাকার কারণটা ঠিক ঠাওরাতে পারি না। তবে এটা ঠিক যে ছেলেদের চুল তাড়াতাড়ি পড়ে মেয়েদের চেয়ে—জীববিজ্ঞানে এর ব্যাখ্যা আছে। ও উচ্চতায় আমার মাথার সমান অথবা একটু লম্বা। কখনো পাশাপাশি দাঁড়িয়ে মাপিনি। দাঁড়ানোর সুযোগই পাইনি। বয়সে বড় বলে সব সময় ওর সামনে মুখ গম্ভীর করে থাকতে হতো। অথচ মনের ভেতরের অবদমিত বাসনাকে কখনো নিঃশেষ করতে পারিনি। আমার ঘরের দরজা খুললে ওকে দেখা যায়। কখনো দেখি রিমোট হাতে। কখনো গা এলিয়ে সোফায় বসে আছে। অসাধারণ সে ভঙ্গিমা! অথচ এ ধারণা আমার মনে জন্ম নেওয়া উচিত নয়। যে সমাজে আমরা বাস করি, সে সমাজ কখনো মেনে নেবে না এ সম্পর্ক। মেয়ে বয়সে বড়, ছেলে ছোট। বিশাল প্রতিবন্ধকতা! তবুও জীবনের এই সামান্য বেড়াজালটুকু পেরোতে পারব না! অবশ্যই পারব।লড়াই করতে চেয়েছিলাম। ভালোবাসার জন্য ঘর ছাড়তে চেয়েছিলাম। ভেবেছিলাম, দুজন দুজনার হাত ধরে চলে যাব অনেক দূরে, যার শেষে ভালোবাসার কৃষ্ণচূড়া আগুনের মতো লাল হয়ে আছে। আমি জানি, সেই কৃষ্ণচূড়ায় আগুন ঝরবে না কোনো দিনও। ও নিজেই লড়াইয়ের পথ থেকে সরে দাঁড়িয়েছে। খুব কাছের একজন মানুষ থেকে বানিয়ে দিয়েছে ‘বড় আপু’। আমি হতবাক। হঠাত্ই ও একদিন বলল, ‘বাস্তবতা বড় কঠিন। বি প্রাকটিক্যাল। ব্যতিক্রমদের নিয়ে জগত্ চলে না।’ তারপর মুঠোফোনে নিঃসঙ্গতা। আমার ব্যালকনিতে জোছনা ঝরে না। সেখানে কেবল শূন্যতার হাহাকার, হয়তো ও ভুল বলেনি। হয়তো সত্যিই সুখী হতাম না আমরা। তবুও... —প্রভা, বলো তো ভালোবাসা কী?—ভালোবাসা ফিনিক্স পাখি। মরে যায়, পুড়ে যায়, ছাই হয়, আবার জন্ম নেয় নতুন পাখি।—তারপর?—তারপর আবার বিচরণ ওই আকাশে।দরজা খুললে আজও ওকে দেখি, ভেতরটা মোচড় দিয়ে ওঠে অজানা ব্যর্থতা, গ্লানিতে কিংবা হতাশায়। এখন ওর ভেতর বাস করে অন্য এক নারী। আমার দিকে তাকালে ওর মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। এদিকে প্রতিনিয়ত মনের সঙ্গে আমার লড়াই চলে। হয়তো একদিন ফিনিক্স হয়ে উঠবে আমার ভালোবাসা। স্বপ্নের আকাশে উড়বে সে। ‘বসে আছি পথ চেয়ে...’মারজিয়া প্রভা পিসি কালচার হাউজিং সোসাইটি, ঢাকা।