তোমার শবযাত্রা যেখানে শেষ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় মিশুক, আমি তোমার শবযাত্রার সাথি হতে চাইনি; গিয়েছি কৌতূহলে, একসঙ্গে অনেক মানুষ দেখবার আশায়। অনেক দিন হলো একসঙ্গে অনেক মানুষ চোখে পড়ে না। সবাই আমরা কেমন যেন আলাদা হয়ে গেছি।এ দেশ আমাদের একসঙ্গে থাকতে দিতে চাইছে না। আমরা বারবার অন্য দেশে যাই আর বারবারই ফিরে আসি। এ দেশে জন্মেছি, এ দেশের জন্য আমরা কিছু করতে চাই। কিছু না-কিছু তো আমরা করছি। যারা আসতে পারছে না, আমাদের বন্ধুদের কেউ-ই ভালো নেই ওখানে। সবাই দেশের উন্নতির জন্য কাজ করতে চায়!কিন্তু দেশটা ভালো চলছে না কেন? এখনো দেশের বেশির ভাগ মানুষ তিন বেলা ঠিকমতো খেতে পায় না। ছেলেমেয়েরা অর্ধেক লেখাপড়া করে ছেড়ে দেয়, টাকার অভাবে মা-বাবারা কুলাতে পারেন না। আমাদের মায়েরা এক কলসি পানির জন্য কিলোমিটার পথ হেঁটে যান। আমাদের মায়েদের একটা বড় অংশ দিনের বেলা টয়লেট করতে পারছে না, খোলা জায়গা ব্যবহার করতে হয় তাই—তাঁদের অসুখ হলেও বলার অধিকার পর্যন্ত নেই! আমাদের মেয়েরা স্কুলে খাওয়ার পানি পায় না; নিজেদের মতো করে নিশ্চিন্তে পথেও চলতে পারে না। আমাদের বোনদের একটা বড় অংশ নিজেদের মতো করে স্বপ্ন দেখতে পারে না। আমাদের ভাইদের বড় একটা অংশ কোনো কাজ না পেয়ে হতাশায় পুড়ে মরে, কেউ ওদের মাথায় হাত দিয়ে একটুও সান্ত্বনা দেয় না।এ দেশটা স্বাধীন করতে যাঁরা রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তাঁদের বেশির ভাগই গ্রামের সাধারণ মানুষ। কিন্তু স্বাধীনতার সুফলে একশ্রেণীর মানুষ তৈরি হয়েছে, যারা আজ শহরের অন্ধ অনুগত, এরা গ্রামের মানুষকে মনে করে পশ্চাৎপদ! শহরের বেশির ভাগ মানুষ এখন ধনী হয়েছে। স্বাধীন দেশের ধনী মানুষ হয়ে এরা গ্রামকে গেঁয়ো বলছে। এদের সব আয়োজন তাই শহরকে কেন্দ্র করে!এখন শহরের মানুষ নিজেদের মতো করে সরকার গঠন করে আর গ্রামের মানুষকে শুধু ভোটার হিসেবে বিবেচনা করছে। গণতন্ত্রের দেশ-ব্যবস্থায় এরা আর কিছুই গ্রাহ্য করছে না। অন্ধ অহংকারে এরা নিজেদের ব্যক্তিগত উন্নতির শতভাগ আয়োজন সম্পন্ন করায় ব্যস্ত, এদের ভাবনায় দেশের প্রতি সুবিচার বলে কিছ নেই।এখন আমরা যারা এ দেশে ভালো কিছু করব বলে চাই, আমাদের করণীয় কী? কথা ছিল, তোমার সঙ্গে এসব নিয়ে অনেক আলাপ হবে। আমরা বন্ধুরা মিলে একটা পথ বের করে সবাইকে বলব। তুমি-ই তো বললে, ‘এভাবে একটা দেশ চলতে পারে না!’তোমার শবযাত্রা যেখানে শেষ হবে, ওখানে আমাদের থামতে হবে। তারপর?রেজা সেলিম: পরিচালক, আমাদের গ্রাম উন্নয়নের জন্যে তথ্য-প্রযুক্তি প্রকল্প