তোমার হলো শুরু, আমার হলো সারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় ২০১১,নিশ্চয়ই ভালো আছো। থাকবেই তো, কালের অতল গহ্বর থেকে খুব শিগগির উঠে আসছ ক্যালেন্ডারের পাতায়, সুদিন তো তোমারই। তবে, খুশিতে ডুগডুগি বাজাতে যেয়ো না। মনে রেখো, এখানে সবাই এখন দিনবদলের জয়গান গাইছে। কেউ বছর বদলের জয়গান গায় না। এমনকি তোমার প্রথম ভোর দেখেও কেউ গেয়ে উঠবে না—এসো হে জানুয়ারি, এসো এসো। কেউ করবে না শুভ হালখাতা। ভেবো না, এখন খাতার যুগ নয় বলে শুভ হাল ডিজিটাল করতে পারে! জি না, কিছুই করবে না। অনেকে ফুর্তি করে তোমাকে বরণ করতে চাইতে পারে বলে রাজপথ থাকবে পুলিশের দখলে। যা-ই হোক, আমাদের সবারই চেষ্টা থাকে ক্যালেন্ডার থেকে মুড়ির ঠোঙা হয়ে যাওয়ার আগেই ‘আলোচিত বছরের’ উপাধি পাওয়া। সে চেষ্টা আমি ওবামা, খালেদা-হাসিনা, যদু-মধুকে দিয়ে অনেক করেও যখন পারিনি, তখন জুলিয়ান অ্যাসাঞ্জ নামের এক লোক শেষমেশ হাটে হাঁড়ি ভেঙে আমাকে উদ্ধার করল।বাই দ্য ওয়ে, অনেক অভিজ্ঞতাই হয়েছে, সেসব কষ্ট করে লিখছি না। কারণ, তুমি আসছ, এ উপলক্ষে পত্রিকাগুলো মোটা মোটা বিশেষ সংখ্যা প্রকাশ করবে, ওগুলো পড়লেই সব জেনে যাবে। আমি বরং তোমাকে আমাদের ‘বছর সমাজে’ প্রচলিত একটি গল্প বলি। মি. ২০৫১, মি. ২০৫০কে বলছে, ‘আচ্ছা, ২০৫০, তুমি কালের অতল গহ্বরে বসে আছো কেন? তাড়াতাড়ি পৃথিবীর ক্যালেন্ডারে চলে যাচ্ছ না কেন? তুমি না গেলে তো আমিও যেতে পারছি না।’ মি. ২০৫০ বলল, ‘কিন্তু ওখানে গেলে কী হবে?’ ‘সবাই তোমাকে বরণ করে নেবে,’ বলল মি. ২০৫১। মি. ২০৫০ বলল, ‘তারপর কী হবে?’ মি. ২০৫১ বলল, ‘তারপর শীত আসবে, গরম আসবে, উত্থান আসবে, পতন আসবে। দর বাড়বে, দরপতন হবে, যুদ্ধ হবে, চুক্তি হবে, হরতাল হবে, ক্ষমতার অদলবদল হবে!’ মি. ২০৫০ বলল, ‘তারপর কী হবে?’ ২০৫১ বলল, ‘তারপর তুমি নিশ্চিন্তে কালের অতল গহ্বরে চলে যাবে।’ ২০৫০ বলল, ‘তাহলে সমস্যা কী? আমি তো এখনো সেখানেই আছি।’জানি, প্রিয় ২০১১, তুমিও ২০৫১-এর মতোই উশখুশ করছ এখানে আসার জন্য। এসো। তবে মোটরসাইকেলে এলে হেলমেট আর গাড়িতে এলে সিটবেল্ট বেঁধে এসো। সঙ্গে একটা অক্সিজেন মাস্কও নিয়ে আসতে পারো। পরিবেশের অবস্থা ভালো না। ভালো থেকো। দেখা হবে কালের অতল গহ্বরে।ইতিমুড়ির ঠোঙায় স্থান নেওয়া ২০১০