তোমার হলো শুরু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফুলকলিদের মেলা বসেছে আজ। যাঁরা নবীন, তাঁরা হলেন আমাদের কলি। ফুল হয়ে ফোটার বাসনা আজ তাঁদের চোখে। আর যাঁদের জন্য সমাপনী, তাঁরা হলেন একেকটা হাস্যোজ্জ্বল ফুল। একদিন তাঁরাও এসেছিলেন কলি হয়ে। তবে এই ফুল ঝরে পড়ার নয়। বরং এই ফুল সুবাস ছড়িয়ে বেড়াবে দেশে-বিদেশে। সেই সুবাসে সুবাসে লেখা হবে ভাষাবিজ্ঞান বিভাগের একেকটি গৌরবগাথা...।’ উপস্থাপকের ধারাবর্ণনায় এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের নবীনবরণ এবং এমএ শ্রেণীর শিক্ষা সমাপনী ২০১১ জমে উঠেছিল।১৮ সেপ্টেম্বর টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত এই ফুলকলিদের মেলায় এসে যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ইউএলএবির উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন। সঙ্গে ছিলেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক গুলশান আরা, বিভাগের শিক্ষক সৌরভ শিকদার, সাখাওয়াত আনসারী, সালমা নাসরিন, হাকিম আরিফ এবং অনুষ্ঠানের আহ্বায়ক আসাদুজ্জামান।বরণ ও বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের লাল-নীল-বেগুনি ছন্দেরা একে সত্যি সত্যি এক মেলায় পরিণত করেছিল। মৌরিন বড়ুয়া ও তনয়দের গাওয়া গান যেমন দেশের প্রতি জাগিয়ে তুলেছিল দেশপ্রেম, তেমনি মেঘলার রুম ঝুম ঝুম নাচে ফুটে উঠেছিল ষড়ঋতু। লালনের গানের পর দেশীয় সংস্কৃতির উপস্থাপন, অনার্য আর্য থেকে বাঙালির ক্রমধারা ছিল একদিকে, অন্যদিকে ছিল বাংলা সিনেমার গানের তালে তামান্নার নাচ। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের গম্ভীরা গানে নানা-নাতিরূপী রেজা আর হেনাও কুড়িয়েছিলেন হাততালি। ছিল মোবাশ্বেরা ও ফরহাদ পরিবেশিত বিচিত্র কমেডি সংবাদ। এরপর শুভেন্দু, তনয়েরা স্বর্গ থেকে একে একে নামালেন বিশ্বখ্যাত সব ভাষাবিজ্ঞানীদের। উপস্থাপনায় ছিলেন জহির, মুক্তার, আলমগীর ও লাবনী।সবশেষে টিনার সঙ্গে এমএ শিক্ষার্থীদের ‘পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়’ গানের আবেগ যেন ছাপিয়ে গিয়েছিল সবার মনে। এই মঞ্চে হয়তো আর কোনো দিন একসঙ্গে হবেন না তাঁরা। কলাভবন চত্বর, লাইব্রেরির শূন্য চেয়ার, হাকিমের ফুরিয়ে যাওয়া চায়ের কাপ, টিএসসির খোলা হাওয়া যেন অচেনা হয়ে যাওয়ার বেদনায় কাঁপছিল থরথর। তাতে কী, নবীনের পদচারণের কথা ভেবে এরাই হয়তো আবার উঠেছে হেসে। এভাবেই ফুরিয়ে গেল বেলা, আমাদের ফুলকলিদের মেলা।