কথা আবার ফিরে আসছে। সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। তাই এখন সে আবার পিয়ালের সংসারে ফিরে আসতে চায়। কিন্তু এমন অবস্থায় পিয়াল পড়েছে মহা সমস্যায়। কারণ, সামনের মাসে তার বিয়ের দিন ধার্য করা হয়েছে নীপার সঙ্গে। এক বছরের খুকুর দিকে তাকিয়ে পিয়াল এখন কোন সিদ্ধান্ত নেবে ভেবে পাচ্ছে না। কেননা, বাবার পাশে যে মাকে সে ছয় মাস যাবৎ দেখছে, সে নীপা। নীপার মাতৃস্নেহকে খুকু আপন করে নিয়েছে। কথার স্নেহা স্পর্শ সম্বন্ধে সে বিন্দুমাত্র ওয়াকিবহাল নয়।
খুকুর যখন তিন মাস বয়স, কথা তখন তার পুরোনো প্রেমিক শাহীনের সঙ্গে পালিয়ে যায়। স্বামী, সন্তান ও সংসারের মায়া ছেড়ে কীভাবে সেদিন কথা চলে গেছে, আজও পিয়াল ভেবে পায় না। তিন মাসের শিশুকন্যাকে নিয়ে বিপদে পড়ে যায় পিয়াল। কোনো রকমে পার হয় আরও তিনটা মাস। পিয়ালের অবস্থা দেখে ওর মা-বাবা আবার মেয়ে দেখা শুরু করেন। কথার বান্ধবীর ছোট বোন নীপার সঙ্গে সেই সময় পিয়ালের বিয়ে ঠিক হয়। নীপা অনেক সহজেই আপন করে নেয় খুকুকে। প্রথমে অবশ্য পিয়ালের সঙ্গে বিয়েতে তার আপত্তি ছিল। পরে খুকুকে দেখে হঠাৎই সিদ্ধান্ত নিয়ে ফেলল।
আজ সকালে টেলিফোনে কথার কণ্ঠ শুনে পিয়াল অনেকক্ষণ হতবাক হয়েছিল। কী বলবে ভাষা খুঁজে পাচ্ছিল না। ওপাশ থেকে কথা শুধু বলেই যাচ্ছে। সে তার ভুল স্বীকার করে ক্ষমা চাইছে। পিয়ালের এখন কী করা উচিত, সে বুঝতে পারছে না। নিজের জন্য না হোক, খুকুর দিকে তাকিয়ে যে সিদ্ধান্ত আজ তাকে নিতে হবে, জীবনযুদ্ধের মঞ্চে দাঁড়িয়ে প্রতিটি মুহূর্তকে আজ তার ভয়াল মনে হচ্ছে। আজ পিয়ালের মনে হচ্ছে, এই পরিস্থিতি যেন তার জীবনমরণ সমস্যার চেয়ে বেশি ভয়ংকর। খুকুর ওপর কথার অধিকার বেশি। কিন্তু একজন দুগ্ধপোষ্য শিশুকে একা ঘরে ফেলে রেখে গেছে যে মা, তার অধিকার আদৌ কতটুকু, তা পিয়াল পরিমাপ করতে পারছে না। ভাবনার সাগরে যখন ডুবে যাচ্ছে পিয়াল, ঠিক তখনই হাত বাড়াল নীপা। সবকিছু খুলে বলল পিয়াল। এখন পিয়াল অপেক্ষায় আছে নীপার সিদ্ধান্তের জন্য। দুদিনের সময় নিয়ে নীপা চলে গেল। কারণ, সে জানে আজ শুধু তাকেই কোনো না কোনো সিদ্ধান্তে আসতে হবে। কিন্তু কী সিদ্ধান্ত দেবে সে দুদিন পর!
টেলিফোনের শব্দে ঘুম ভাঙে পিয়ালের। আজ নীপা সিদ্ধান্ত জানাবে। কিন্তু কণ্ঠ শুনে পিয়াল বুঝতে পারল, কথা তার সিদ্ধান্ত জানতে চায়। পিয়াল তাকে আরও অপেক্ষা করতে বলল। দরজায় কলবেলের শব্দ। ফোনের লাইনটা কেটে দিল। এরপর শোনা গেল। বিছানা ছেড়ে দরজাটা খুলতেই পিয়ন চিঠিটা ধরিয়ে দিল। নীপা লিখেছে—
পিয়াল,
নিজের মনকে যাচাই করে দেখো, আজও কি তুমি কথাকে ভালোবােসা? যদি বাসো, তাহলে তুমি তাকে গ্রহণ করে খুকুকে আসল মায়ের কোলে তুলে দাও। আর যদি না বাসো, তাহলে জেনে রেেখা, আমি সব সময়ই তোমার পাশে আছি।
তোমারই নীপা।