তোমায় ভালোবাসি
আমার মা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাসা থেকে তিনটি বাস বদল করে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রতিদিন সকাল নয়টা-চারটা শিক্ষকতা করতেন। একই বিদ্যালয়ে পড়ার সুবাদে প্রতিদিন মায়ের হাত ধরে সকালেই আমি রওনা দিতাম।
বর্ষাকালে মুষলধারে বৃষ্টিতে যখন নিচু এলাকায় পানি জমে যেত, তখন কখনো রিকশায়, আবার কখনোবা আমরা মা-ছেলে খুব সাবধানে হেঁটে পানি পার হয়ে যাতায়াত করতাম। যেদিন হেঁটে পানি পার হতাম, সেদিন দেখতাম মায়ের মুখে ভয়ের চিহ্ন। মা বুঝতে না দিলেও সেই ছোট্ট আমি অনায়াসেই বুঝতে পারতাম মায়ের ভয় আমাকে নিয়ে। আমার মা আমাদের শহুরে ভাইবোনদের কোনো কিছুই বুঝতে দিতে চাননি কখনো। আমাদের শত জ্বালাতন হাসি মুখে সহ্য করে গেছেন।
মায়ের যেদিন খুব জ্বর এল, সেদিনও তিনি ভোরে উঠে সবার জন্য নাশতা বানিয়ে, দুপুরের খাবার রান্না করে আমাকে নিয়ে চলে গেলেন বিদ্যালয়ে। বিকেলে বিদ্যালয় থেকে এসে আবার বসলেন রান্না নিয়ে। এরপর সবাইকে খাইয়ে রাতে যখন ঘুমাতে যাবেন, ঠিক তখনই বাবা মায়ের অসুখের বিষয়টা আঁচ করতে পারলেন। তখন আমাদের যে কী কান্না। আমরা মাকে সান্ত্বনা দেব কি, মা নিজেই আমাদের কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়লেন। এভাবে কেটে যেত শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। মায়ের যেন একই ছক বাঁধা জীবন। নেই কোনো চাওয়া-পাওয়ার হিসাব। নিজের সংসার আর বিদ্যালয়ের শিশুদের নিয়েই তাঁর জগৎ। আজও মা সেই আগের মতোই আছেন। আমাদের শরীরের গন্ধেই তিনি তাঁর সুখ খুঁজে পান, আমাদের আনন্দে আনন্দিত হন।