তোর জন্য প্রিয়তা
মঈন, আমাদের বিভাগের এক ব্যাচ জুনিয়র। একদিন আমাকে এক পাশে ডেকে নিয়ে বলল, ‘ভাই, তোমার লগে একখান জরুরি কথা আছে।’ আমি ভয় পেয়ে গেলাম। বেকুবটা না জানি কোন বিপদে জড়িয়ে ফেলে। ‘ভাই, তুমি যে “ছুটির দিনে”তে লেখো, এইগুলান আমি খুব পড়ি। আমার একটা অনুরোধ আছে। আমারে নিয়া একটা লেখা লেখন লাগব।’ আমি মহা ফাঁপরে পড়ে গেলাম। মঈন বলে চলেছে, ‘তোমারে কিন্তু লেখতেই হইব। আমার আর আমার বউ মানে হবু বউয়ের নাম দিয়া লেখবা। অর নাম ঋতু। ঢাকায় শেরেবাংলা কৃষিতে পড়ে।’ আমি কীভাবে এর হাত থেকে ছাড়া পাব বুঝতে পারছি না। হাঁদাটার মাথায় একদম কিছু নেই। ভেবেছে, আমি বুঝি সিরিয়াস কোনো লেখক। ওকে বোঝালাম, ‘তুই গাধা এসব আমাকে বলছিস কেন? তোর তো উচিত ভালো কোনো লেখকের কাছে যাওয়া। লেখকেরা তো সব সময় এসব বিষয়বস্তু খুঁজে বেড়ান। তারপর তোদেরটা তো মনে কর একদম জীবনের পাতা থেকে তুলে আনা।’ আমার কথায় মঈন খুশি হয়েছে বলে মনে হলো না। ও আমাকে ‘পরে দেখে নেব’ ভঙ্গির চাহনি দিয়ে চলে গেল।তার পর থেকে মঈনকে দেখলেই আমি পালিয়ে পালিয়ে থাকি। ওকে রাস্তায় দেখলেই আমি আর ওই পথ দিয়ে হাঁটি না।কয়েক দিন আগের ঘটনা। ক্লাস শেষে নাশতা করে আমি আর সাইফুল রেলস্টেশনে যাচ্ছি। দুইটার শাটল ট্রেনে শহরে চলে যাব এবং আমার ভাগ্য এত বেশি ভালো যে পড়বি তো পড় একেবারে মঈনের সামনে! দেখি, ব্যাটার চোখ-মুখ শক্ত। আমি বেকুবের মতো বলে ফেললাম, ‘কিরে, মুখটাকে আমসির মতো করে রেখেছিস কেন! খাওয়া-দাওয়া করে আয়, তারপর তোর সঙ্গে কথা বলব।’ মঈন দেখি নড়েচড়ে না। আমি অস্বস্তিতে পড়ে গেলাম। ব্যাটা কোনো মতলব পাকাচ্ছে না তো! আমি আবারও ওকে খাওয়ার কথা বলতে ও বলল, ‘ভাই, আমি খাওয়া-দাওয়া করতে যাব না। আমার পকেটে আছে মাত্র দুই টাকা। খুব ক্ষুধা লাগছে, সকাল থিকা ঘুইরা বেড়াইতাছি; টাকা শেষ হইয়া গেছে।’হঠাৎ করে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। টাকা নাই বলে একটা ছেলে না খেয়ে থাকবে। আমি মানিব্যাগ বের করার আগেই সাইফুল ওকে টাকা দিয়ে দিল। খাওয়া-দাওয়া শেষ হলে বদটাকে চেপে ধরলাম, ‘তোর কাছে টাকা থাকে না কেন? তোকে বাড়ি থেকে টাকা পাঠায় না?’‘ভাই, শুনো, আমারে বাড়ি থিকা টাকা পাঠায়। তোমারে না কইছি আমার বউ ঢাকায় থাকে। অর সঙ্গে মাসে দুই-তিনবার দেখা করতে যাই। তারপর টাকা শেষ হইয়া গেলে আমার না খায়া থাকন লাগে।’মঈনের কথা শুনে আমার কেমন জানি লাগল। কাউকে ভালোবাসার মধ্যেও তো অনেক আনন্দ আছে। আচ্ছা, ঋতু কি জানে, ওর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য মঈনকে এখানে মাঝেমাঝে না খেয়ে থাকতে হয়। ঋতু কখনো মঈনের জীবন থেকে হারিয়ে যাবে না তো? নাকি অনেক বছর পর এসব গল্প ওদের কাছে মধুর স্মৃতি হয়ে আবার ফিরে আসবে?জুয়েল দেবচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।