ত্বক থাকুক পরিষ্কার
ত্বকের যত্নে সবচেয়ে দরকারি হলো নিয়মিত ত্বক পরিষ্কার করা। লোমকূপ পরিষ্কার থাকলে এমনিতেই ত্বক দেখায় উজ্জ্বল আর প্রাণবন্ত। তবে ত্বকের গভীরের ময়লা পরিষ্কার করার জন্য অনেকেই নিয়ে থাকেন স্টিম বা ভাপ।হেয়ারোবিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, ত্বকের যত্নে স্টিম নেওয়ার ইতিহাসটা বেশ পুরোনো। স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চায় স্টিমের ব্যবহার সেই রোমান যুগেই শুরু হয়েছে। তবে বর্তমানে সৌন্দর্য সচেতনদের কাছে স্টিমের কদর বেড়েছে। পানিকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটিয়ে বাষ্প তৈরি করা হয়। আর এই ভাপ নেওয়ার ফলেই ত্বক থাকে পরিষ্কার। এতে ত্বকের উপরি ভাগে ঘাম সৃষ্টি হয়, আর্দ্রতা বাড়ে; যা ত্বক পরিষ্কার করতে জাদুর মতো কাজ করে। কেবল মুখের ত্বকেই নয়, পুরো শরীরেই নেওয়া যেতে পারে স্টিম। তাই স্টিমবাথের প্রতি মানুষের আকর্ষণ বেড়েই চলেছে। হট টাব কিংবা স্টিম কক্ষে কিছু সময় কাটিয়ে অনায়াসেই শরীর ও মনকে চাঙা করে নেওয়া যায়। তিনি আরও বলেন, বিউটি স্যালনগুলোয় ফেসিয়াল স্টিমের ব্যবহার সবচেয়ে বেশি। ফেসিয়াল স্টিমের উপকারিতা অনেক। বিশেষ করে, ব্রণ কমাতে এটি দারুণ কাজ করে। ব্রণ ছাড়া যাদের ত্বকে ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস রয়েছে, তাদের জন্য স্টিম বেশ উপকারী। স্টিমে ত্বকের রক্ত সঞ্চালন গতিশীল হয় এবং ত্বকের উপরি ভাগে উজ্জ্বলতা নিয়ে আসে। অনেকের ত্বকের ওপরে প্রচুর পরিমাণে মৃতকোষ জমে, যাকে বলে হরনড লেয়ার। স্টিমের আর্দ্রতা এই লেয়ারকে নরম করে দেয়। ফলে ত্বক পরিষ্কার করতে সুবিধা হয়। স্টিম ত্বকের লোমকূপের মুখ খুলে দেয়। ফলে বেড়ে যার এর শোষণ আর্দ্রতা। তাই ফেসিয়ালের পরে স্টিম নিলে অবশ্যই ত্বকের ধরন অনুযায়ী প্যাক ব্যবহার করতে হবে।সতর্কতাত্বকে স্টিম নেওয়ার ব্যাপারে কিছু সতর্কতার কথা বলেছেন রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন। তিনি বলেন, বাড়িতে ভাপ নিতে চাইলে ত্বকের ধরন বুঝে চিকিৎ সকের পরামর্শ অনুয়ায়ী নেওয়া উচিত। আর বিউটি স্যালন থেকে স্টিম নিলে অবশ্যই ত্বকের কোনো সমস্যা থাকলে খুলে বলতে হবে। অনেকেই আবার মনে করেন, স্টিম নেওয়া মানেই ত্বকের জন্য উপকারী। এটা ঠিক নয়, যাঁদের ত্বকে ফাঙাস ইনফেকশন কিংবা ত্বক অপেক্ষাকৃত নাজুক, তাঁদের স্টিম না নেওয়াই ভালো। সাধারণত ১২ থেকে ১৮ ইঞ্চি দূর থেকে স্টিম নেওয়া উচিত। ত্বকের জন্য উপযোগী হলো ৫-৭ মিনিট স্টিম নেওয়া। প্রতিদিন স্টিম না দিয়ে সপ্তাহে এক দিন স্টিম নেওয়া উচিত—এমনটা বলেন এই রূপবিশেষজ্ঞ।ঘরে বসে স্টিম নিতে চাইলে স্টিম মেশিনের দরদামটা জানা দরকার।ঢাকার গাউছিয়া মার্কেটের রূপচর্চার সামগ্রী বিক্রির দোকান বিউটি কনসেপ্টের স্বত্বাধিকারী মোহাম্মাদ নয়ন বলেন, বিভিন্ন দামের স্টিম মেশিন আছে। দামটা নির্ভর করে মূলত মেশিনের আকারের ওপরে। ঝুলিয়ে কিংবা আকারে বড় স্ট্যান্ডওয়ালা স্টিম মেশিন কেনা যাবে ছয় হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে। তবে বর্তমানে চায়নিজ পণ্যের চাহিদা বেশি বলে জানান এই দোকানি।