
ত্বকের যত্নে কত কিছুই না করেন আপনি, কিন্তু সুস্থ ত্বকে হঠাৎই আক্রমণ করতে পারে জীবাণুরা। আর জীবাণুর সংক্রমণের কারণে অস্বস্তি হতে পারে। ত্বকে জীবাণুর সংক্রমণের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হরষিত কুমার পাল। তিনি বলেন, বয়সভেদে বিভিন্ন ধরনের জীবাণুর সংক্রমণ হতে পারে ত্বকে। তবে একটু সচেতন হলেই জীবাণুর সংক্রমণের ফলে সৃষ্ট জটিলতাগুলো এড়ানো সম্ভব।
চিনে নিন জীবাণুকে
ছত্রাকের সংক্রমণের ফলে শরীরের বিভিন্ন অংশে চুলকানি হতে পারে। আক্রান্ত স্থান লাল হয়ে যেতে পারে। মাথার ত্বকে সংক্রমণের ফলে মাথার ত্বকের কোনো কোনো অংশ ফুলে যেতে পারে।
ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ফোঁড়া হতে পারে। এ ক্ষেত্রেও আক্রান্ত স্থান লাল হয়ে যেতে পারে। আক্রান্ত স্থানে ব্যথাও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে জ্বরও হয়ে থাকে।
ভাইরাসের সংক্রমণের কারণে ফোসকা পড়ার মতো উপসর্গ হতে পারে। আর ভাইরাসের সংক্রমণ সাধারণত ঋতু পরিবর্তনের সময় হয়ে থাকে। জলবসন্ত রোগটি যেমন অনেক ক্ষেত্রেই বসন্তকালের শুরুতে হতে দেখা যায়। কারও কারও ক্ষেত্রে আবার জলবসন্তে ভোগার পরে ‘জলবসন্ত-পরবর্তী’ কিছু উপসর্গ হতে দেখা যায়।
প্রতিরোধ করুন সংক্রমণ
ত্বকে জীবাণুর সংক্রমণ এড়াতে ত্বক পরিষ্কার রাখতে হবে অবশ্যই। তবে শরীরের যেসব অংশ বেশি ঘামে, সে অংশগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। এ অংশগুলোকে বিশেষ যত্ন নিয়ে ধুয়ে-মুছে শুকনো করে রাখতে হবে। তবে শুকনো রাখার জন্য অনেকে পাউডারের সাহায্যে একটি পুরু স্তর তৈরি করে ফেলেন এসব অংশে, যা একেবারেই ঠিক নয়। স্বাভাবিকভাবে ধুয়ে-মুছে শুকনো রাখলেই ছত্রাকের সংক্রমণ থেকে বাঁচা সম্ভব।
আর যখন কোনো ব্যক্তির ত্বকে ভাইরাসের সংক্রমণ হয়, তখন তার সংস্পর্শে না আসাই ভালো। কারণ, আক্রান্ত ব্যক্তির থেকে ভাইরাস আপনার শরীরে ছড়িয়ে পড়তে পারে। তবে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পর তার সংস্পর্শে আসা হলে আর ভাইরাস সংক্রমণের ভয় থাকে না।
ত্বকে সংক্রমণ হলে
ভাইরাসজনিত কারণে ত্বকে সংক্রমণ হলে তা সাধারণত কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়। তবে ত্বকে অন্য জীবাণুর সংক্রমণ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
নিজেই নিজের ক্ষত সৃষ্টি?
অনেক সময় ত্বকের বিভিন্ন অংশ চুলকাতে চুলকাতে রোগী নিজেই নিজের ত্বকে ক্ষত সৃষ্টি করে ফেলে। এটি ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ত্বকে কোনো ওষুধ দেওয়া উচিত নয়। এতে হিতে বিপরীত হতে পারে।