
ঠান্ডা শীতল হাওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায়। আবার যাঁদের ত্বক শুষ্ক প্রকৃতির, তাঁদের ত্বক আরও শুষ্ক হয়ে যায়।
শীতে কারও কারও ত্বক অতিরিক্ত ফাটে। নিয়মিত ময়েশ্চারাইজার লাগানোর পরও অতিরিক্ত ত্বক ফাটলে বুঝতে হবে, কোনো সমস্যার কারণে এমন হচ্ছে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কেন ত্বক শুষ্ক হয়?
* আমাদের দেশে সাধারণত শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়। অল্প আর্দ্রতা, খুব সূর্যের আলো ও ঠান্ডা বাতাস এর কারণ।
* বংশগত বা জিনগত কারণে অনেকের ত্বকে তেল গ্রন্থিগুলো প্রয়োজনের তুলনায় কম থাকে। ফলে পর্যাপ্ত তেল নিঃসৃত হয় না।
* বয়স ৪০-এর পর তেল ও ঘাম গ্রন্থির সংখ্যা কমে যায়। ফলে পর্যাপ্ত গ্রন্থি না থাকার কারণে ত্বক শুষ্ক হয়।
* যাঁদের ত্বকের গঠন পাতলা, তাঁদের ত্বক শুষ্ক হয়।
* পেশার কারণে অনেকের ত্বক শুষ্ক হয়ে যায়। বাগানে, কৃষিকাজ বা নির্মাণকাজ করলে এ সমস্যা হতে পারে।
* ক্লোরিনযুক্ত পানিতে অতিরিক্ত সাঁতার কাটলে বা গোসল করলে, বিশেষ করে গরম পানি বা ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলে।
* বারবার কেমিক্যাল কন্টাক্ট, ধূমপান, অ্যালকোহল ও ক্যাফেইন গ্রহণ, অতিরিক্ত আকাশপথে ভ্রমণ করলে।
* ভিটামিন ‘এ’ ও ‘বি’-এর অভাব হলে। জিংক ও ফ্যাটি অ্যাসিডের অভাব হলেও ত্বক শুষ্ক হয়।
* পানিশূন্যতা হলে যেমন ডায়রিয়া, উচ্চ জ্বর, অতিরিক্ত ঘাম এবং প্রতিদিন পর্যাপ্ত পানি পান না করা।
* কিছু চর্ম রোগের কারণে যেমন একজিমা, ডার্মাটাইটিস, সোরিয়াসাইসিস হলে।
* কিছু ওষুধ বেশি সেবন করলে, এসিতে অতিরিক্ত অবস্থান করলে, থাইরয়েড সমস্যা, ডায়াবেটিস, অতিরিক্ত পারফিউম ব্যবহার ইত্যাদিও ত্বক শুষ্ক করে।
কীভাবে প্রতিকার?
* ত্বক শুষ্ক হওয়ার প্রকৃত কারণ বের করুন।
* ত্বক যাতে শুষ্ক না থাকে, সেদিকে খেয়াল রাখুন।
* ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার লাগানোর আগে ত্বকের মরা কোষ পরিষ্কার করে নিন।
* দীর্ঘক্ষণ গোসল করবেন না। গরম পানিতে গোসল করবেন না।
* ময়েশ্চারাইজারযুক্ত সাবান ব্যবহার করুন।
* প্রচুর পানি খাবেন। নরম সুতির আরামদায়ক পোশাক পরার চেষ্টা করবেন।
প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন
* অলিভ অয়েল গোসলের কয়েক মিনিট আগে সারা শরীরে মেখে গোসল করুন।
* অলিভ অয়েল ১ টেবিল চামচ + ৫ টেবিল চামচ লবণ + ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে স্ক্রাব তৈরি করে নিন। সেটি মুখে ও সারা শরীরে লাগাতে পারেন। এতে মরা কোষ দূর হবে। শুষ্ক জায়গায় মালিশ করে দু-তিন মিনিট পর ধুয়ে ফেলুন।
* নারকেল তেল আক্রান্ত জায়গায় ব্যবহার করলে উপকার পাবেন।
* অ্যালোভেরা জেল মধুর সঙ্গে মিশিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
* প্রচুর শাকসবজি খান। পর্যাপ্ত পরিমাণ পানি খান। ত্বকের পরিচর্যা করুন।
ডা. মাসুদা খাতুন : সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল