
দিন পেরোলে বয়স তো বাড়বেই। বয়সের সঙ্গে সঙ্গে বদলে যায় অনেক কিছুই। তারুণ্যের উচ্ছ্বাস যেমন থমকে আসতে চায়, তেমনি ত্বকের লাবণ্যও আভা ছড়ায় না আগের মতো। তাই বলে বুড়িয়ে যাচ্ছি ভেবে মন খারাপের কিছু নেই। ত্রিশ বা চল্লিশের কোঠায় পা দেওয়ার আগেই শুরু হোক প্রস্তুতি। যে পরিবর্তন অবশ্যম্ভাবী, তাকে ঠেকানোর সাধ্য কার, বলুন। বরং পরিবর্তনের কথা জেনে রেখে নিজের প্রতি খেয়াল রাখুন।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চর্মরোগ বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসাইন বললেন, শরীরের নানান ক্রিয়া-বিক্রিয়ার ফলে ফ্রি র্যাডিকেল নামক উপাদানগুলো বাড়তে থাকে। এসব উপাদানের ক্ষতিকর দিক থেকে বাঁচার জন্য প্রয়োজন অ্যান্টি-অক্সিডেন্ট। ভিটামিন সি, ই এবং খাদ্যের বিটা ক্যারোটিন নামক উপাদান হলো অ্যান্টি-অক্সিডেন্ট। প্রতিদিন এসব উপাদানসমৃদ্ধ খাবার খেলে ত্বক সতেজ থাকবে। এসব উপাদানসমৃদ্ধ প্রসাধনসামগ্রী ত্বকে ব্যবহার করলে খুব একটা উপকার পাওয়া যায় না। তবে ভিটামিন ই সমৃদ্ধ প্রসাধনসামগ্রী সামান্য উপকারে আসতে পারে। জেনে নিন জাকির হোসাইনের পরামর্শ।
গাজর, পাকা আম, লালশাক, মিষ্টিকুমড়া, আমড়া, আমলকী, পেয়ারাসহ বিভিন্ন খাবারে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। এ ছাড়া মাছের তেল খাওয়া ত্বকের জন্য ভালো।
সেলেনিয়াম নামক খাদ্য উপাদানটি ত্বকের জন্য বেশ উপকারী। কাজুবাদাম, সূর্যমুখীর বীজ ও টুনা মাছে রয়েছে সেলেনিয়াম। সুস্থ ত্বকের জন্য সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের ত্বকে বয়সের ছাপ একটু আগেভাগেই বোঝা যায়। তাই শুষ্ক ত্বকের প্রয়োজন বাড়তি যত্ন।
ত্বকের রোদে পোড়া ভাব এড়াতে সানস্ক্রিন ক্রিম বা লোশন ব্যবহার করা উচিত। জলবায়ুর পরিবর্তনের ফলে এখন ক্ষতিকর রশ্মি থেকে বাঁচতে বাংলাদেশে এমন সানস্ক্রিন ব্যবহার করা উচিত, যেটির এসপিএফ ন্যূনতম ৫০।
হেয়ার ড্রায়ারের সাহায্যে চুল শুকানো উচিত নয়, এতে চুল স্বাভাবিক আর্দ্রতা হারায়। ভেজা চুল তোয়ালে দিয়ে ঘষে মোছাও ঠিক নয়। ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নেওয়া উচিত। চুলের সুস্থতার জন্য তেলের পুষ্টিও জরুরি।
হারমনি স্পার আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, সৌন্দর্য আসে ভেতর থেকে। সৌন্দর্য মূলত খাদ্যাভ্যাস, শরীরচর্চা, ঘুম ও মানসিক অবস্থার ওপর নির্ভর করে।
রাহিমা সুলতানা জানালেন, ত্বকে বয়সের ছাপ চলে আসার আগেই সচেতন হওয়া প্রয়োজন। ২৫ বছর বয়স থেকেই কিছু বিষয় মেনে চললে পরবর্তীকালে উপকার পাওয়া যায়। সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও হাঁটাচলা করা প্রয়োজন। রাত জাগার অভ্যাস ত্যাগ করতে হবে। প্রতিদিন ৬-৮ ঘণ্টা না ঘুমালে চেহারায় ক্লান্তির ছাপ পড়ে। নিজেকে মানসিক চাপ থেকে মুক্ত রাখতে হবে।

এ প্রসঙ্গে রাহিমা সুলতানার আরও পরামর্শ
* বয়স হলে মুখের ত্বক খানিকটা ঝুলে পড়তে পারে। এটি এড়াতে আঙুলের সাহায্যে ওপরের দিকে চাপ দিতে দিতে মুখে ম্যাসাজ করতে হবে। মুখে ক্রিম লাগানোর সময় এভাবে চাপ দিয়ে লাগালে পরবর্তী সময়ে উপকার পাবেন।
* প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার অথবা অ্যান্টি-রিঙ্কলিং ক্রিম সুন্দরভাবে ম্যাসাজ করে নিন। চামড়ায় ভাঁজ চলে আসার আগেই এমন অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। বাজার থেকে যেকোনো ক্রিম কিনে আনার পর অবশ্যই প্রথমে লাগিয়ে দেখতে হবে, সেটি আপনার ত্বকে কোনো বিরূপ প্রতিক্রিয়া করছে কি না। ত্বকের সঙ্গে মানিয়ে গেলে তবেই পুরোদমে সেটি ব্যবহার শুরু করবেন, অন্যথায় সেই ক্রিম ব্যবহার করা যাবে না।
* কুসুম গরম পানিতে সামান্য লেবু ও এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন প্রতিদিন সকালে।
* এক গ্লাস পানিতে আমলকী, কাঁচা হলুদ, আদা ও থানকুনি পাতা মিশিয়ে রস বানিয়ে খেতে পারেন প্রতিদিন সকালের নাশতার পর।
* প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে।
* রোদে গেলে ছাতা ব্যবহার করতে পারেন।
* মধু ও দুধ একসঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকে লাগাতে পারেন। ত্বক পরিষ্কার করার পর ক্রিম ব্যবহার করতে পারেন। ত্বকের ভাঁজ (রিঙ্কল) প্রতিরোধে দুধ ও মধুর মিশ্রণ বেশ উপকারী। চাইলে মিশ্রণটিতে কাঠবাদামও যোগ করতে পারেন।
* অনেকের গলার ত্বকে আগেভাগে ভাঁজ পড়তে দেখা যায়। তাই সব সময় মুখের ত্বকের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে গলার ত্বকের যত্ন নেওয়া উচিত। গলার ত্বকেও নিয়মিত ময়েশ্চারাইজার লাগাতে হবে।
* ১৫ দিন অন্তর ফেশিয়াল করানো উচিত। তবে বয়স একটু বেড়ে গেলে খেয়াল রাখতে হবে, যেন ত্বকে খুব বেশি ম্যাসাজ করা না হয়। এ বয়সে দক্ষ হাতে আকুপ্রেশার ফেশিয়াল করিয়ে নিতে পারেন। বয়স বেড়ে যাওয়ার পর ফেয়ার পলিশ করানো একেবারেই উচিত নয়। এ বয়সে যেকোনো রাসায়নিকের ব্যবহারে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।
* বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাত ও পায়ের ত্বকেও আসে পরিবর্তন। ১৫ দিন অন্তর ম্যানিকিওর ও পেডিকিউর করানো ভালো।