
ক্যানসার প্রথম দিকে ধরা পড়লে বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। সেই তুলনায় শেষের দিকে ধরা পড়লে বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। ক্যানসার আসলে একধরনের টিউমার, যা সারা শরীরে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এবং অবশ্যম্ভাবী মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু বর্তমানে প্রায় প্রতিটি ক্যানসারই সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এডজুভেন্ট এবং নিওএডজুভেন্ট থেরাপি এবং টার্গেটেড থেরাপির মাধ্যমে ভালো করা সম্ভব। তবে এ ক্ষেত্রে ক্যানসারটি কোন স্টেজে এবং কোন গ্রেডের, তার ওপর নির্ভর করে চিকিৎসার ফলাফল। এমনটা হয় ত্বকের ক্যানসারের ক্ষেত্রেও। ত্বকে যে ক্যানসার সবচেয়ে বেশি হয়, তার নাম ‘ম্যালানোমা’।
শরীরের কোথাও যদি কালচে রঙের দাগ দেখা যায়, যা কিছুটা উঁচু-নিচু এবং এর বাইরের বর্ডার আঁকাবাঁকা; এতটাই আঁকাবাঁকা যে আপনি যদি এটাকে দুই ভাগে ভাগ করতে চান কিছুতেই সমান দুই ভাগে ভাগ করতে পারবেন না। কালচে অংশটুকুর রঙের মধ্যেও কোথাও গাঢ়, কোথাও হালকা। এমন দাগ যদি পাঁচ মিলিমিটারের চেয়ে বড় হয়, তাহলে আপনার এটা ম্যালানোমা হওয়ার আশঙ্কা বেশি। এর অন্য কোনো লক্ষণ নেই, চুলকানি বা ব্যথা থাকতেও পারে, নাও পারে।
ম্যালানোমা অনেক ধরনের হতে পারে যেমন: লেন্টিগো ম্যালিগনা, সুপারফিশিয়াল স্প্রেডিং, নডুলার ম্যালানোমা, সাবয়াঙুয়াল ম্যালানোমা, এক্রিয়াল লেন্টিজিনাস ম্যালানোমা।
ম্যালানোমা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষার নাম হিস্টোপ্যাথলোজি। যেকোনো ক্যানসার নির্ণয়ের জন্য কোষ এবং টিস্যু মাইক্রোস্কোপে দেখতে হয়, যার নাম সাইটোপ্যাথলজি এবং হিস্টোপ্যাথলোজি।
চিকিৎসা: মূলত অস্ত্রোপচার এবং প্রয়োজনে রেডিওথেরাপি, কেমোথেরাপি ও ইমুনোথেরাপি রয়েছে, তবে তাতে খুব একটা উপকার হয় না। কিছু টারগেটেড থেরাপিও আবিষ্কৃত হয়েছে।
প্রতিটি ক্যানসারেরই চিকিৎসা-পরবর্তী ফলাফলের ওপর গবেষণা রয়েছে। ম্যালানোমার ক্ষেত্রে, ম্যালানোমা যদি ১ মিলিমিটারের কম পুরু হয়, তাহলে চিকিৎসার পরে ১০ বছর এ রোগ ফিরে না আসার সম্ভাবনা ৯৫ শতাংশ।
ম্যালানোমা যদি ৩.৫ মিলিমিটারের বেশি পুরু হয়, তাহলে চিকিৎসার পরে ১০ বছর এই ক্যানসার ফিরে না আসার সম্ভাবনা ৫০%।
কিন্তু যদি ছড়িয়ে যাওয়ার পর চিকিৎসা করা হয়, তাহলে চিকিৎসায় উন্নতির সম্ভাবনা ১০ শতাংশের কম।
ক্যানসার যেহেতু কোষ বা টিস্যুর অস্বাভাবিক বৃদ্ধি, সেহেতু খাদ্যনািল বা ফুসফুস বা শরীরের অভ্যন্তরে যদি কোনো কোষ বা টিস্যু বৃদ্ধি পায়, তাহলে তা আমাদের চোখে পড়বে না। কিন্তু ত্বক বা শরীরের বহিরঙ্গ যেমন স্তন, থাইরয়েড, লালাগ্রন্থি (প্যারোটিড) এসব জায়গায় কোষ বা টিস্যুর বৃদ্ধি আমাদের চোখে পড়বে।
লেখক: চিকিৎসক