ত্বকের ক্যানসার: সানস্ক্রিনে নেই সব সমাধান

সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকের কোষগুলোতে ক্যানসার হতে পারে। এ ধরনের ত্বকের ক্যানসারের একটা ভয়াবহ ধরন হলো ম্যালিগন্যান্ট মেলানোমা। নতুন এক গবেষণার ভিত্তিতে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা জানিয়েছেন কেবল গায়ে সানস্ক্রিন মেখেই এমন ক্যানসার হাত থেকে রেহাই পাওয়াটা খুবই কঠিন। এ জন্য অতিরিক্ত রোদে ছাতা, টুপি বা এ ধরনের যেকোনো আচ্ছাদনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন গবেষকেরা। বিবিসি এ খবর জানিয়েছে।
সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানা থাকলেও তা কীভাবে ত্বক-কোষের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে তা এত দিন জানা ছিল না। একদল ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা করেন যে সানস্ক্রিন এই সমস্যা সমাধানে কতটা ভূমিকা রাখতে সক্ষম। কিন্তু ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, এ ধরনের ক্যানসার প্রতিরোধে খুব একটা কার্যকর নয় সানস্ক্রিন। গবেষণা প্রতিবেদনটি নেচার সাময়িকীতে প্রকাশিত হয়।
উল্লেখ্য, যুক্তরাজ্যে ক্যানসার আক্রান্তের হিসেবে পঞ্চম অবস্থানে আছে ত্বকের ক্যানসার ম্যালিগন্যান্ট মেলানোমা। দেশটিতে প্রতি বছর ১৩ হাজারেরও বেশি মানুষ এই ক্যানসারে আক্রান্ত হন।
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটির প্রধান অধ্যাপক রিচার্ড মারাইস বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো এ গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার করার মতো পূর্ণ সক্ষমতা নেই সানস্ক্রিনের।’
রিচার্ড মারাইস বলেন, ‘এ গবেষণা থেকে এটাই উঠে এসেছে, ত্বকের ক্যানসার প্রতিরোধে সচেতন থাকতে হলে আমাদের সানস্ক্রিনের ওপর নির্ভর করলেই চলবে না। এ জন্য অতিরিক্ত রোদে যেতে হলে ছাতা, টুপি ব্যবহার করা এবং ঢিলেঢালা কাপড়চোপড় পরার অভ্যাস করতে হবে।’