ত্বকের চাই আর্দ্রতা
এই ঠান্ডা, এই গরম। প্রকৃতির এ লুকোচুরি আপনার চোখকে ফাঁকি দিলেও আপনার ত্বককে ঠিকই জানান দিয়েছে। এ সময়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে চাই বিশেষ পরিচর্যা। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন হেয়ারোবিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন ও রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা। তানজিমা শারমিন বলেন, ‘বসন্তের এই সময়ে একদিকে যেমন দিনে রোদের প্রখরতা আবার রাতে হালকা শীতের আমেজ। তাই দুই সময়ে ত্বকের পরিচর্যা হবে দুরকম। সবচেয়ে বড় পরিবর্তনটা আসবে ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে।’ তাঁর মতে, দিনের বেলায় রোদের তীব্রতা থেকে ত্বককে বাঁচাতে ময়েশ্চারাইজার হিসেবে অবশ্যই রোদ প্রতিরোধকারী লোশন ও ক্রিম বেছে নিন। এ সময়ের লোশন ও ক্রিমে সান প্রটেকশন ফ্যাক্টরের (এসপিএফ) মাত্রা ৫ হলেই যথেষ্ট। এ সময়ে ঠোঁটও শুষ্ক থাকে। এ সময় লিপবামের ব্যবহার আগের মতোই রাখুন। লিপবামটিও যেন এসপিএফ-৫ যুক্ত হয়। বসন্তে ধুলাবালির প্রকোপ বেশি। তাই সকালে তৈরি হয়ে সারা দিনের জন্য বের হওয়ার পরও দেখা যায় চেহারা বিবর্ণ হয়ে ওঠে। কিছু সময় পর পর চোখে-মুখে পানির ঝাপটা দেওয়া যেতে পারে। এতে চেহারার ক্লান্তিভাব কেটে যাবে। তবে পানির ঝাপটা দেওয়ার পর মুখ মুছে আবারও ময়েশ্চারাইজার লাগাতে হবে। তাই বাইরে বের হওয়ার সময় আপনার ব্যাগের ভেতর ছোট একখানি সানস্ক্রিনের টিউব ও লিপবাম নিয়ে নিন। রাতে যেহেতু একটু ঠান্ডা পড়ে তাই দিনের তুলনায় একটু ভারী ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন। এ ছাড়া নাইট ক্রিমও ব্যবহার করতে পারেন। আফরোজা গুরুত্ব দেন ত্বকের ধরন অনুযায়ী সৌন্দর্যপণ্য ব্যবহার ও পরিচর্যার দিকে। তিনি বলেন, ‘এ সময়ে ত্বক কখনো শুষ্ক মনে হয়। আবার কখনো স্বাভাবিক মনে হয়। আবহাওয়ার কারণে একই ত্বকে ভিন্নতা চোখে পড়ে। তার পরও প্রত্যেকের ত্বকের ধরন বুঝে পরিচর্যা করতে হবে। রাতে ময়েশ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে যাঁদের ত্বক শুষ্ক, তাঁরা তেলযুক্ত ময়েশ্চারাইজার এবং যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা পানিযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তবে দিনে সব ধরনের ত্বকেই পানিযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। যখনই ময়েশ্চারাইজার লাগাবেন, এর আগে অবশ্যই মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। অনেকের ত্বকেই ময়েশ্চারাইজার ব্যবহার করলে তৈলাক্ত ভাব ফুটে উঠতে পারে। তাঁরা ময়েশ্চারাইজার লাগিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে ত্বকের বাড়তি ময়েশ্চারাইজারটা ধুয়ে নিতে পারেন।’বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়েও ত্বক আর্দ্র রাখা যেতে পারে।সকালে ঘুম থেকে উঠে বেশি বেশি পানি দিয়ে মুখটা ধুয়ে নিন। এবার শুষ্ক ত্বকের অধিকারীরা পাকা কলা বা পাকা পেঁপের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখে ১০ মিনিট লাগিয়ে রাখুন, তারপর ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকে শসা, আপেল ও কমলার রস এবং টক দই একসঙ্গে মিশিয়ে লাগিয়ে রাখতে পারেন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। হয়ে গেল আপনার ত্বকের ময়েশ্চারাইজিং। রাতে ঘরে ফিরে টোনার দিয়ে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন। টোনার হিসেবে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। নরম তুলা কাঁচা দুধে চুবিয়ে তা সারা মুখে আলতোভাবে ম্যাসাজ করে নিন। তারপর ধুয়ে নিন। ব্যস, আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ।