
বৈশাখ এল দোরগোড়ায়। সারা দিনের হইহুল্লোড় আর ঘোরাঘুরির পরিকল্পনা হয়ে গেছে নিশ্চয়ই। প্রস্তুতি নিতে হবে নিজের জন্যও। যাতে এই পিচগলা রোদ্দুরেও ত্বক আর চুল থাকে ঝলমলে, সতেজ। আর তাই প্রস্তুতি হওয়া চাই উৎসবের আগের ও পরের দিন, বাদ যাবে না উৎসবের সকাল-সন্ধ্যাও।
কেন চাই আলাদা প্রস্তুতি?
ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের প্রধান রাশেদ মোহাম্মদ খান বলেন, ‘পয়লা বৈশাখের দিন ত্বকের প্রধান সমস্যাটির নাম সানবার্ন। সঠিক সুরক্ষা না নেওয়ার কারণে অনেকের ত্বকে ফোসকা পড়ার ঘটনাও ঘটে। ধুলাবালি আর ঘামে চুলের যাচ্ছেতাই অবস্থা তো হয়ই।’
এ থেকে রক্ষা পাওয়ার উপায়ও বলেছেন তিনি। অবশ্যই ব্যবহার করতে হবে সানস্ক্রিন লোশন এবং ছাতা। পরতে হবে সাদা এবং হালকা রঙের পোশাক, যা সূর্যের তাপ ফিরিয়ে দেবে। ফেসওয়াশ সঙ্গে নিতে ভুলবেন না, তবে ফেসওয়াশ বাছতে হবে ত্বকের ধরন বুঝে। প্রচুর পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন সি-সমৃদ্ধ খাবার যেমন কমলা, পেয়ারা, আমলকী, কাঁচা আম এদিন আপনাকে সুস্থ রাখবে।
কাল পয়লা বৈশাখ
রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান এবং রাহিমা সুলতানা জানালেন পয়লা বৈশাখের আগে-পরে ত্বক ও চুলের যত্ন নিয়ে।
গরমের দিনে ত্বক খুব তৈলাক্ত হয়ে যায়। তাই পয়লা বৈশাখের আগের দিন অরেঞ্জ বা অ্যালোভেরা ফেসিয়াল করে নিতে পারেন। এতে ত্বক নরম হওয়ার পাশাপাশি পরিষ্কার হবে, তৈলাক্ততা কেটে উজ্জ্বলভাব আসবে। স্যালনে যাওয়ার সময় না পেলে ঘরে বসে সাদা সরিষা, কালো তিল, দুধ, হলুদ, গোলাপের পাপড়ি পেস্ট করে লাগালেও উপকার পাবেন।
মুখের যত্নের পাশাপাশি হাত-পায়ের যত্নটাও প্রয়োজন। সে ক্ষেত্রে আপনাকে পেডিকিওর ও ম্যানিকিওর করিয়ে নিতে হবে। নখে পয়লা বৈশাখের পোশাকের সঙ্গে মিলিয়ে নেইল আর্টও করতে পারেন।
রিঠা, ডিমের সাদা অংশ, লেবুর রস একসঙ্গে লাগালে চুল সোজা, ঝরঝরে এবং মসৃণ হবে। এতে বৈশাখের দিন চুলকে যেভাবে ইচ্ছা সেভাবে সাজানো যাবে। অথবা স্যালনে গিয়ে করিয়ে ফেলুন ওজোনসহ প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট। ওজোন মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ানোর পাশাপাশি ব্যাকটেরিয়ার প্রদাহ থেকেও বাঁচাবে।
ঘরে বসেই যত্ন
পয়লা বৈশাখে ব্যস্ততা থাকায় ঘরে বসেই নিজের যত্ন করে নিতে পারেন। প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে নিন। এরপর চন্দনগুঁড়া ৩-৪ টেবিল-চামচ নিন, তাতে পরিমাণমতো তরল দুধ এবং ১ টেবিল-চামচ মধু ভালোভাবে মিশিয়ে পেস্ট করে ১০ মিনিট রেফ্রিজারেটরে রেখে তারপর মুখে লাগান। ১৫-২০ মিনিট প্যাকটি রেখে পানি দিয়ে ধুয়ে নরম কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিন। এই প্যাকটি ত্বক শীতল রাখে, তাই গরম থেকে বাঁচতে গলা, ঘাড়ে এবং হাতেও লাগাতে পারেন। অথবা বেছে নিন চন্দন, বরফের মিহি কুচি, ঘৃতকুমারী আর দুধের পেস্ট। ত্বকে সতেজ এবং ঝলমলে ভাব তো আসবেই, মেকআপও ভালো বসবে। বের হওয়ার আগে ত্বকের খোলা অংশে সানস্ক্রিন লোশন ব্যবহার করতে একদম ভুলবেন না। পয়লা বৈশাখে ঘরে ফিরে ক্লেনজার, নিদেনপক্ষে নারকেল তেল দিয়ে মেকআপ তুলে ফেলুন সবার আগে। পাশাপাশি ঈষদুষ্ণ পানিতে শ্যাম্পু ও লবণ মিলিয়ে পা ভিজিয়ে রাখুন। ৫-১০ মিনিট পর পিউমিস স্টোন বা শক্ত কাপড়ে পায়ের তলার শক্ত, মরা ত্বক ঘষে তুলে নিন। এরপর ব্রাশ দিয়ে নখগুলো পরিষ্কার করে নিন। পরিষ্কার পানিতে পা ধুয়ে ফুট ক্রিম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। আর যেকোনো ভেজিটেবল তেল হালকা গরম করে মাথার ত্বকে ১৫ মিনিট মালিশ শেষে শ্যাম্পু ও কন্ডিশনিং করে নিন।
উৎসব শেষে
বৈশাখের পরদিন মনে ষোলো আনা আনন্দ থাকলেও ত্বকের অবস্থা তো বেহাল হয়ে পড়ে। তাই পরদিন ত্বককে আবারও ঝলমলে করতে ব্রাইট নারিশিং বা কুইক ফেসিয়ালের সঙ্গে আইস মাস্ক ব্যবহার করুন। আবার অ্যালোভেরা উইথ ডিপ ক্লিন ফেসিয়ালটিও করিয়ে ফেলতে পারেন। ধুলাবালি সরিয়ে রোদে পোড়া ভাবটা কাটাতে এই ফেসিয়ালগুলো ভালো কাজ করে। আমলকী আর তিলের তেল দিয়ে ম্যাসাজ করলে কমে যাবে ব্রণ বা র্যাশের ঝুঁকি। দুই হাতে-পায়ে আরাম দিতে পেডিকিওর ও ম্যানিকিওর করানো প্রয়োজন। তা ঘরেই হোক বা স্যালনে।
সারা দিন রোদে ঘোরাঘুরির প্রভাব চুলেও দেখা যাবে। তাই পরদিনও চুলের যত্ন প্রয়োজন। টক দই, নিম, মেহেদি, মেথি চুলে লাগালে এই তিন দিনের রোদের প্রখর তাপ, ধুলাবালু থেকে যে জীবাণু সংক্রমণ হয় তা থেকে মুক্তি পাওয়া যাবে।