ত্বকের যত্নে টি-ব্যাগ

ব্যবহৃত গ্রীন টির ব্যাগ হতে পারে রূপচর্চার এক অনন্য উপকরণ।ছবি: নকশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবহৃত গ্রীন টির ব্যাগ হতে পারে রূপচর্চার এক অনন্য উপকরণ।

চা বানিয়ে ফেলেই তো দিতে হয় টি-ব্যাগ। কিন্তু একেবারে আবর্জনার ঝুড়িতে স্থান পাওয়ার আগে সেটিকে আরও একবার কাজে লাগানো যায় ত্বকের যত্নে। টি-ব্যাগে ত্বকচর্চায় সবচেয়ে ভালো ফল দেয় গ্রিন টি। যদি গ্রিন টি না থাকে, তবে অন্য কোনো চা দিয়েও ত্বকের যত্নে বাধা নেই।

এই টি ব্যাগেই তৈরি হতে পারে নানা ধরণের প্যাক

টি-ব্যাগের চায়ের লিকারের রূপচর্চার কয়েকটি পদ্ধতির কথা জানালেন হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি।

• টি-ব্যাগ ফ্রিজে ঘণ্টাখানেক রেখে ঠান্ডা করে চোখের ওপর লাগিয়ে রাখলে ক্লান্তি কাটিয়ে আসবে প্রশান্তি।

• ব্যবহারের পরের ঠান্ডা টি-ব্যাগকে সামান্য কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে যে রঙিন পানি বের হবে, তাতে মুলতানি মাটি মিশিয়ে ত্বকে লাগালে ত্বকের তৈলাক্ত ভাব কমে গিয়ে ব্রণ থেকে মিলবে মুক্তি।

টি ব্যাগ দিয়ে বানিয়ে নিতে পারেন ত্বকের উপযোগী স্ক্রাবার

• ব্যবহারের পর ঠান্ডা টি-ব্যাগকে অল্প কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে যে রঙিন পানি বের হবে, তাতে এক চা–চামচ সুজি, এক চা–চামচ যেকোনো ডালের বেসন আর আধা চা–চামচ ব্রাউন সুগার মিশিয়ে অনায়াসেই তৈরি করে ফেলা সম্ভব ত্বকের উপযোগী স্ক্রাবার। এবার আলতো ঘষে মুখ ধুয়ে ফেললেই বাজিমাত।

• একইভাবে বের করে নেওয়া রাঙা পানি আইস বক্সে জমিয়ে রাখতে পারি। পরে প্রয়োজনমতো টোনার হিসেবে ব্যবহার করা যাবে যেকোনো দিন।

• কুসুম গরম পানিতে ধোয়া রঙিন পানিতে ওয়াটার বেসড ময়েশ্চারাইজার আর কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দেওয়া যায়। মিশ্রণটি প্রতিদিন রাতে শোয়ার আগে চোখের ওপর এক ফোঁটা করে আলতো মালিশ করে লাগিয়ে নিলে ক্লান্তি আর চোখের কোণের ও নিচের কালো দাগ দূর হবে।

চা পানের পর টি ব্যাগ যত্ন করে রাখুন

শরীর, মন, ত্বক—সবকিছুর উপকার মিলবে টি-ব্যাগেই। এবার দুম করেই টি-ব্যাগ ফেলে দেওয়ার দিন শেষ। ত্বকের যত্ন শেষে টি-ব্যাগ যাক আপন ঠিকানায়।