ত্বকের রঙে চুলের রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় পিঠ-ছড়ানো একরাশ কালো চুল অথবা ঝাঁকড়া কালো কোঁকড়া চুল ছিল সবার কাছে গ্রহণযোগ্য। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে পছন্দের; তাই বিভিন্ন রঙের চুল পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। তরুণীরাও তাঁদের মনের মতো করে রাঙিয়ে তুলছেন নিজেদের চুলগুলো। তবে চুলের রঙের ক্ষেত্রে ত্বকের রংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে জানান রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন। তাঁর মতে, গায়ের রং যদি শ্যামলা হয়, সে ক্ষেত্রে চুলের রং হবে গাঢ়। আবার গায়ের রং যদি অনেক বেশি উজ্জ্বল বা ফরসা হয়, সে ক্ষেত্রে চুলে হালকা বা উজ্জ্বল রং ব্যবহার করলেই দেখতে বেশি ভালো লাগবে।গায়ের রঙের ধরন অনুযায়ী যদি চুলের রং না হয়, তবে তা দেখতে একেবারেই বেমানান হবে। এ জন্য তানজিমা শারমিন নির্দিষ্ট গায়ের রঙের জন্য কিছু রংকে নির্দিষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, ‘গায়ের রং যদি শ্যামবর্ণ হয়, সে ক্ষেত্রে চুলে বারগেন্ডি, কপার রেড, রিচ রেড, মেহগনির বিভিন্ন শেড, সিনামন ও গাঢ় বাদামি রং বেশ মানানসই হবে। আর হাইলাইট করার ক্ষেত্রে চেস্টনাট ব্রাউন রংটা নির্বাচন করাই সঠিক হবে। গায়ের রং উজ্জ্বল বা ফরসা হলে বাদামি, অ্যাজন, ধূসর অর্থাৎ বিভিন্ন হালকা এবং উজ্জ্বল রং অনেক বেশি সুন্দর লাগবে। আর হাইলাইট করার জন্য লাইট মেহগনি বা পার্ল ব্লন্ড রং মানানসই হবে। তবে, চাপা রং যাদের, নিরাশ হওয়ার কিছু নেই, এ ধরনের গায়ের রঙের ক্ষেত্রে লালচে টোন বেশি ভালো লাগবে। এখনকার তরুণীরা চুলে লাল, বেগুনি, সবুজ ইত্যাদি রং ব্যবহার করেন। তানজিমার মতে, এই রংগুলো সব ধরনের গায়ের রঙের ক্ষেত্রে মানানসই। তবে, সে ক্ষেত্রে অবশ্যই সাজসজ্জা ও পোশাক পরিবেশের সঙ্গে মানানসই হতে হবে। অর্থাৎ, সাজসজ্জায় অনেক বেশি পরিপাটি হলে তাঁদের জন্য এই রংগুলো প্রযোজ্য।চেহারাকে আকর্ষণীয় করে তুলতে চুলের সাজসজ্জা অনেক বেশি অপরিহার্য। তাই শুধু চুলে রং করলেই আকর্ষণীয় হবে না, এর জন্য চাই সঠিক পরিচর্যা। তানজিমা জানান, ধুলাবালির জন্য প্রতিদিন যদি চুলে শ্যাম্পু করতে হয়, সে জন্য প্রতিদিন কন্ডিশনার ব্যবহার না করে সপ্তাহে অন্তত এক দিন চুলে তেল দেওয়া অনেক বেশি জরুরি। কারণ, এটি চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে। এ ছাড়া রঙিন চুলে যদি প্রতিদিন শ্যাম্পু করতে হয়, তবে এর জন্য বাজারে বিশেষ কিছু শ্যাম্পু পাওয়া যায়। এসব বিশেষ শ্যাম্পুর দামও একেবারে হাতের নাগালে, ৪০০ থেকে ৬০০ টাকার মধ্যে।