ত্বকেরও যত্ন নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ সময় ত্বক সুস্থ রাখতে শুকনা ও পরিষ্কার রাখুন। মডেল: মাসি​য়াত, ছবি: অধুনা
এ সময় ত্বক সুস্থ রাখতে শুকনা ও পরিষ্কার রাখুন। মডেল: মাসি​য়াত, ছবি: অধুনা

গরম, আর্দ্রতা ও ভাপসা আবহাওয়ার এই সময়ে নানা ধরনের ছত্রাকের প্রকোপ বেড়ে যায়। আছে অতিরিক্ত ঘামাচি ও অন্যান্য সংক্রমণেরও ভয়। তাই এ সময়ে ত্বকের বাড়তি যত্ন নিতে হবে।
শরীরের ভাঁজে ভাঁজে ও যেসব জায়গা বেশি ঘামে, যেমন: ঊরু বা বগলের ভাঁজে, স্তনের নিচে, পশ্চাদ্দেশে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ বেশি হয়। এতে চুলকানির সঙ্গে লালচে দাগ দেখা যায়। খালি পায়ে কাদাপানি বা নোংরা পানি কিংবা বৃষ্টির পানিতে ডুবে থাকা রাস্তায় হাঁটলে পায়ের তলায় বা আঙুলের ফাঁকে ছত্রাক জন্মাতে পারে। একে অনেকে ‘পা পচা’ বলে। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরা এসব সমস্যায় ভুগতে পারেন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের প্রধান অধ্যাপক রাশেদ মো. খান বলেন, আবহাওয়ার কারণে এ সময়ে অ্যালার্জি, ত্বকে ফোসকা পড়া বা লাল দানা হওয়ার সমস্যা দেখা যায়। এমন সংক্রমণের শিকার বেশি হয় শিশুরা। কিশোর-কিশোরীদের ব্রণের আক্রমণও বাড়ে। মুখের ত্বক তৈলাক্ত হওয়া ও ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ব্রণ পেকে ফুসকুড়ির মতো হতে পারে।

যত্ন
সম্ভব হলে শীত, গ্রীষ্ম, বর্ষা—সব সময়েই সানস্ক্রিনক্রিম ব্যবহার বন্ধ করা উচিত নয়। রোদের ক্ষতিকর সূযর্রশ্মি কম সময় থাকলেও তা ত্বকের জন্য ক্ষতিকর। খেয়াল রাখতে হবে সঠিক সানস্ক্রিন ব্যবহারের প্রতি। সানস্ক্রিন কেনার আগে অবশ্যই ভালো করে মেয়াদ উত্তীর্ণের সময় দেখে নেবেন। ত্বকে অ্যালার্জির সমস্যা করতে পারে। যেসব সানস্ক্রিন ক্রিমে অক্সিবেঞ্জোন, রেটিনাইল পালমিটেট ও প্যারাবেন্স-জাতীয় উপাদান রয়েছে, সেসব সানস্ক্রিন ক্রিম এড়িয়ে চলা ভালো। কারণ, এ ধরনের উপাদান ত্বকের ক্যানসারের জন্য দায়ী।

পায়ের যত্ন
যাঁরা প্রতিদিন বাসার বাইরে বের হন, নোংরা পানি পায়ে লাগা তাঁদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। নোংরা পানিও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে পায়ে ছত্রাক সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি থাকে। ফলে পায়ে চুলকানি, জ্বালাপোড়া, ছোট ছোট ফুসকুড়ি, পায়ের তলা খসখসে হয়ে যাওয়াসহ নানা রকম সমস্যার সৃষ্টি হয়। আঙুলের ফাঁকে ফাঁকে সাদা সাদা স্তর জমে থাকে।
বাইরে থেকে ঘরে ফিরে জীবাণুনাশক দিয়ে পা ধুয়ে ফেলুন। পা পরিষ্কার করার সময় নখের কোনায় জমে থাকা ময়লা ভালোমতো পরিষ্কার করুন। নখ কেটে ছোট করে রাখুন।
সম্ভব হলে গরম পানিতে লবণ মিশিয়ে পা ১০ মিনিট ডুবিয়ে রেখে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে ফেলুন। অথবা গরম পানিতে ভিনেগার মিশিয়ে পা ২০ মিনিট রেখে পরিষ্কার করুন। গোসল করার পর পা শুকনা কাপড় দিয়ে মুছে ফেলুন। এ সময়ে কখনো খালি পায়ে হাঁটবেন না।
ভেজা জুতা কিংবা মোজা পরবেন না। ভেজা জুতা কিংবা মোজা পরলে পায়ে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। প্রতিদিন সুতির পরিষ্কার মোজা ব্যবহার করুন। খোলামেলা ও আরামদায়ক স্যান্ডেল ব্যবহার করুন।

শিশুর ত্বকের বাড়তি যত্ন দরকার
গরম-ঠান্ডা মেলানো আবহাওয়া আমাদের শরীরের জন্য খুব একটা সুখকর নয়। বড়রা তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সাহায্যে ছোট ছোট সমস্যা থেকে মুক্তি পেলেও শিশুরা কিন্তু জলীয় বাষ্পমিশ্রিত বৈরী এ আবহাওয়ায় নানা রোগের ঝুঁকিতে থাকে। এ কারণে শিশুদের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। রাস্তার ময়লা এ পানি শিশুর ত্বকে লাগলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাদের ত্বকে মারাত্মক সংক্রমণ হতে পারে।

সচেতনতা
ত্বক ভেজা থাকলে সহজেই ছত্রাক ও ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। ত্বক সব সময় শুকনা রাখতে হবে। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ, জলীয় বাষ্পজনিত আবহাওয়ায় ত্বকে ময়লা জমে খোসপাঁচড়াসহ সহজে নানা ধরনের সংক্রমণ হতে পারে।
* শিশুকে কাদামাটি, ময়লামিশ্রিত রাস্তায় একদম নামতে দেওয়া যাবে না। কাদামাটি শিশুর ত্বকে হঠাৎ লেগে গেলে তা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
* শরীরে কাদা, ময়লা পানি লাগলে তা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
* খাওয়া, গোসল, খেলাধুলা, হাত-মুখ ধোয়া, ঘামযুক্ত শরীর মুছিয়ে দেওয়া শিশুর ত্বকের জন্য খুব প্রয়োজন।
* নিয়মিত প্রয়োজনে দিনে দুবার গোসল করুন। জীবাণুনাশক সাবান ব্যবহার করতে পারেন। ঘামে বা বৃষ্টিতে ভিজলে ত্বক ধুয়ে শুকিয়ে নিন।
* ভেজা চুল ভালো করে শুকিয়ে নিয়ে বাঁধবেন, না-হলে মাথার ত্বকে সমস্যা হতে পারে।
* ভিটামিন–সি আছে এমন ফলমূল ও পানিজাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে, যা ত্বকে এনে দেয় প্রাণ এবং ত্বক জীবাণুমুক্ত থাকবে।
লেখক: চিকিৎসক