ত্যাগ
(কিপটে গল্পটির জন্য আতাউর রহমান স্যারের কাছে ঋণী।)ঈদের সময় মন্টু মামাকে খুব মনে পড়ে। মন্টু মামিকেও। মামাকে নিয়ে রস+আলোতে লিখতে হয়, মামিও থাকেন এসব লেখায়। তবে পার্থক্যটা হচ্ছে, মন্টু মামা দেহ রক্ষা করেছেন এবং মন্টু মামি মামার সম্পত্তি রক্ষা করে চলেছেন। এই সম্পত্তি নিয়ে মামি অবশ্য কিছুটা বিপাকে পড়েছেন, দেনা-পাওনার ফাঁকে পড়ে যাকে-তাকে ধরছেন। আমাকেও। একটা জরুরি তলব পাঠিয়েছেন, যেন সিলেট যাই। লেট হলে ক্ষমা নাই।ঈদের এখনো বেশ কিছুদিন বাকি, কিন্তু মামির এই তলব ঈদের আগেই মামা-মামিকে মনে করিয়ে দিল, আমার ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু মামি বলে কথা। ‘কোন দিন মরে যাব, তখন ওই না আসার জন্য আত্মগ্লানিতে পুড়বি।’ মামি ফোনে বলেছেন। মন্টু মামা ছিলেন হাড়কিপ্টে, মামিও একই গুণে গুণান্বিতা। মামা মারা যাওয়ার আগে মামিকে হাত ধরে কথা আদায় করেছিলেন। তাঁর সব টাকা একটা ব্যাগে ঢুকিয়ে তাঁর সঙ্গে কবরে দেবেন। মামি রাজি হয়েছিলেন। এবং এ কথাটা গোরচোরদের—গরুচোরদের নয়, গোরচোরদেরও—কানে পৌঁছে গিয়েছিল। তারাও তৈয়ার ছিল। মামার কবরে সত্যি সত্যি একটা ব্যাগ নামল। আমি মামিকে জিজ্ঞেস করলাম, ‘সব টাকা দিয়ে দিলেন?’ মামি চোখ মুছে বললেন, ‘হ্যাঁ, ওর টাকা ওকেই ফিরিয়ে দিয়েছি।’ ‘তাই বলে সব?’ আমি আবারও জিজ্ঞেস করলাম, কারণ কিপ্টেমির দিক থেকে মামি মামার চাইতেও এক কাঠি সরেস। মামি বললেন, ‘সব। তোর মামার নামে যত টাকা ছিল ব্যাংকে, ঠিক সেই অঙ্কের একটা চেক লিখে ওই ব্যাগে দিয়ে দিয়েছি। চেকটা শুধু তোর মামাই ভাঙাতে পারবেন।’ এই বলে মামি ডুকরে কেঁদে উঠলেন।এখন মামির সমস্যা, মামার সম্পত্তি নিয়ে তিন দাবিদার এসে উপস্থিত। তিন দাবিদারের আবদার, শহরে মামার যে আধা কিয়ারের মতো জায়গা আছে, তা তাদের কেয়ারে ছেড়ে দেওয়ার। মামার এই তথাকথিত তিন পেয়ারের লোককে তিনি কখনো দেখেননি। তাদের আবদার শুনে মামি ফোন করেছেন লন্ডনের বোস্টনে থাকা তাঁর তিন ছেলেমেয়েকে। তারা বলেছে, মামলা করো। মামি বলেছেন, মামলা করলে হামলা হবে। দুই ছেলে রেগে বলে, বড় ঝামেলা তো! মেয়েটা বলেছে, মামলা লাগিয়ে বেড়াটেড়া বেঁধে জমিটা সামলাতে। আমাকে মন খারাপ করে মামি বললেন, ‘তোর মামা আমাকে একা রেখে সটকে পড়ল। এখন আমাকে দেখার কেউ নেই। এ জন্য এসব ফেউ লোকজন আসে, জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে।’ আমি বললাম, ‘র্যাবকে বলি?’ মামি বললেন, ‘আমি র্যাবের রাস্তায় যাব না, ত্যাগের রাস্তায় যাব।’‘মানে?’ ‘মানে সব সম্পত্তি আমি একটা এতিমখানার জন্য লিখে দিয়ে যাব।’আমি অবাক হলাম, আবার খুশিও হলাম। সিলেট শহরে একটা ভালো এতিমখানা নেই, এতিম ছেলেমেয়ে প্রচুর থাকলেও। আমার দিকে বিমর্ষ দৃষ্টি মেলে মামি বললেন, ‘আমিও তো এতিম, বাবা-মা নেই। একজন ছিল, তোর হাড়কিপ্টে মামা। দেখাশোনাতে লোকটার কোনো কমতি ছিল না। এখন ছেলেমেয়েগুলো একটা ফোন পর্যন্ত করে না। এই দুই বছরে আমি এতিমের আসল কষ্ট বুঝেছি, তোকে বলতে পারি।’মামা-মামি হাড়কিপ্টে হলেও আদর-যত্নে বেশ দিলখোলা ছিলেন। আমার মতো পাড়া সম্পর্কের ভাগনেদের জন্যও তাঁদের আদরের আপ্যায়নে কোনো দিন টান পড়েনি। এখন তাঁদের সন্তানেরাই যেন আসল কিপ্টেমি দেখাতে শুরু করেছে। মামিকে ছেড়ে মহা আনন্দে আছে। বিদেশে। তাঁর জন্য একটুখানি দয়া-ভালোবাসা দেখাতেও যেন তারা অপারগ। সেখানে যদিও মামাই তাদের টিকিট কেটে পাঠিয়েছিলেন। ‘ওই আধা কিয়ার জায়গাটা তাহলে এতিমখানার জন্যই লিখে দেবেন?’ আমি জিজ্ঞেস করলাম। ‘আলবত, এই আগামীকালই। এ জন্য তোকে আসতে বলেছি। এবং এই বাড়িঘরও। সব স্থাবর সম্পত্তি।’‘আচ্ছা!’ আমি অবাক হয়ে বললাম। ‘তাহলে থাকবেন কোথায়?’‘কেন, এতিমখানায়! আমি তো এতিম-এছির। ওটাই আমার আসল ঠিকানা।’মামির ছানিপড়া চোখে পানি।আমি আবারও অবাক হলাম। ‘ছেলেমেয়েরা জানে?’‘অবশ্যই। তাদের না জানিয়ে কোনো কাজ আমি করব না।’আমার অবাক ভাবটা গেল না। মামার ছেলেমেয়েরা মামার মতো, অথবা মামির মতোই, কিপ্টে। হয়তো একটু বেশি। তারা কিছু না বলে এত বড় সম্পত্তি বেহাত হওয়া মেনে নেবে?হিসাবটা যেন মিলছিল না।২. না, আমার হিসাবটা মিলিয়ে দিয়ে তিন ছেলেমেয়েই এসে উপস্থিত। সন্ধ্যাবেলা, একেবারে স্বামী-স্ত্রী-সন্তানসন্ততির হাত ধরে। তারা এসেই মামিকে বোঝাতে শুরু করল, সম্পত্তি দান করার চাইতে বিক্রি করা উত্তম।মামি বললেন, না, তিনি এতিম, এতিমের মতোই তাঁর জীবন। তাঁর জন্য বাড়ির দরকার নেই। দরকার এতিমখানার। এই বলে তিনি কাঁদতে থাকলেন। ছেলেমেয়েগুলো পড়ল বিপদে। ‘ভাইজান, কী করা যায়?’ বড় ছেলে আমাকে জিজ্ঞেস করল।আমি বললাম, ‘রোজার মাস। ত্যাগের মাস। মামি যেভাবে বলছেন, জমিটা এতিমখানাকে ত্যাগ করে দাও। বাড়িটা রাখো। ওটা যাতে রাখা যায়, তার ব্যবস্থা করছি। মামিকে বোঝাচ্ছি।’মামিকে বোঝাতে গিয়ে দেখি, ছোট ছেলে আর মেয়ে মামির গলা জড়িয়ে ধরে কাঁদছে। মামি আমাকে বললেন, ‘ওরা আমাকে ওদের সঙ্গে নিয়ে যেতে চায়। আমি নিজেকে এতিম বলেছি, এ জন্য ওরা কষ্ট পেয়ে কাঁদছে।’ছোট ছেলে বলল, ‘ভাইজান, মা বিনা মহী অন্ধকার। মাকে হারাতে চাই না।’মামি তাঁর কষ্টভাঙা চোখে হাসছেন। ‘এই ঈদটা খুব আনন্দে কাটবে। বাবা।’‘তা বটে’, আমি বললাম। এতিমখানাটা হলে কিছু ছেলেমেয়ের ঈদগুলোও খুব নিরানন্দে কাটবে না। আর এই ঈদটা হাড়কিপ্টে তাঁর তিন ছেলেমেয়েরও।