ত্রাণকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের শেষের দিকের ঘটনা। নারায়ণগঞ্জ থেকে আসিয়ান বাসে করে বাসায় ফিরছি। চারদিক অন্ধকার হয়ে আসছে। একটু পরই আজান হবে। শিবু মার্কেটের স্টপেজে গাড়ি থামল। ড্রাইভার বাসটিকে আইল্যান্ডের ভেতরে না ঢুকিয়ে বাইরে দাঁড় করালেন। যাত্রীরা সবাই আইল্যান্ড পার হয়ে গাড়িতে উঠছে। এ সময় এক যাত্রী হাঁটু সমান আইল্যান্ড পার হতে গিয়ে হঠাত্ হোঁচট খেয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। বয়স চল্লিশের কাছাকাছি হবে। ভদ্রলোক প্রচণ্ড ব্যথা পেয়েছেন। শোয়া অবস্থা থেকে উঠতেই পারছিলেন না। লোকজন ধরাধরি করে তাঁকে গাড়িতে তুলে দিল। ভদ্রলোক কোনোমতে দুলতে দুলতে আমার পাশের খালি আসনটিতে এসে বসলেন। বাঁ হাতের জয়েন্টে প্রচণ্ড ব্যথা পেয়েছেন। ব্যথায় চোখের পানিও ধরে রাখতে পারছেন না। অবস্থা দেখে বেশিক্ষণ থাকতে পারলাম না। সবিনয়ে অনুরোধ করলাম, ‘কিছু যদি মনে না করেন, আপনার হাতটা একটু মালিশ করে দিই।’ চাহনি দেখে মনে হলো—তিনি যেন অকূলে কূল পেলেন। আনন্দে সম্মতি দিলেন। আমি তাঁর হাতে, কনুইতে, কাঁধে ম্যাসাজ করে দিচ্ছি, আর স্রষ্টার কাছে মনে মনে প্রার্থনা করছি, ‘হে প্রভু! তুমি তাঁর কষ্ট দূর করে দাও... তুমি তাঁকে পূর্ণ নিরাময় দান করো।’ অনেকক্ষণ ম্যাসাজ করে দেওয়ার পর ভদ্রলোক বললেন, ‘আগের চেয়ে ব্যথা একটু কমেছে। তবে হাতটা নাড়ালেই আত্মাটা যেন বের হয়ে আসতে চায়। আমি মনে হয় আর বাঁচব না রে ভাই। বলতে বলতেই মানুষটা কেঁদে ফেললেন। আমি সান্ত্বনার সুরে বললাম, ‘ইনশাল্লাহ, আপনার কিছু হবে না। আল্লাহর কাছে সাহায্য চান। তিনিই আপনাকে সুস্থ করে তুলবেন।’ অতঃপর তিনি নিজেও দোয়া-দরুদ পড়ছেন, আর ব্যথায় তখনো তাঁর চোখে পানি। খানিকক্ষণ পর পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে আমাকে বললেন, ‘ভাই! এটা আমার ভিজিটিং কার্ড। এর পেছনে আমার স্ত্রীর ফোন নম্বরটা লিখে নেন। আমি যদি মারা যাই, তাহলে দয়া করে লাশটা আমার বাসায় একটু কষ্ট করে পৌঁছে দেবেন।’ বলতে বলতে আবারও কেঁদে ফেললেন। একটু বিরক্তি ও ধমকের সুরে বললাম, ‘কী আজেবাজে চিন্তা করছেন। মানুষ কি এত সহজে মরে। একটু কষ্ট করে ধৈর্য ধরেন। সব ঠিক হয়ে যাবে।’ ফোন নম্বরটা লিখে নিলাম। ভদ্রলোক একটা ফ্যাক্টরির জিএম। চাকরির যোগসূত্রে ফ্যাক্টরিটি আমার পূর্ব পরিচিত। বাসা মুগদায়। আমার বাসাও যেহেতু কাছাকাছি, তাই তাঁকে ধরে বাসায় পৌঁছে দিলাম।এর ৮-১০ দিন পরের ঘটনা। ওই ফ্যাক্টরির পাশ দিয়ে যাচ্ছিলাম অফিসের গাড়িতে করে। ভাবলাম, ভদ্রলোককে একটু দেখে যাই। আমার ভিজিটিং কার্ড পাঠালাম। অল্প কিছুক্ষণ পর সিকিউরিটি দৌড়ে এসে বলল, ‘স্যার! জিএম স্যার আপনাকে তাড়াতাড়ি যেতে বলেছেন।’ কাছে যেতেই তিনি দৌড়ে এসে ডান হাতে আমাকে জড়িয়ে ধরলেন। বাঁ হাতে সাদা প্লাস্টার করা ব্যান্ডেজ। খুশিতে আত্মহারা হয়ে বললেন, ‘ইউ কেইম টু মি এজ এন এঞ্জেল এট দ্যাট টাইম। রিয়্যালি ইউ আর গ্রেট।’ অতঃপর আশপাশের সবার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিলেন। সেদিনের পুরো ঘটনা সবাইকে তিনি বলতে লাগলেন। আমি অনুভব করলাম, ভদ্রলোকের আনন্দ দেখে আমার চোখের কোনায় পানি জমে উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুকসবুজবাগ, ঢাকা।