ত্রাণকর্তা 'উমগাছ'

গাছটি ঝড়-জলোচ্ছ্বাসে দেয়ালের মতো আগলে রাখে উপকূলের মানুষকে। পাশাপাশি ঘরের ছাউনি, রান্নার জ্বালানি, চিনি, গুড় আর ওষুধও মেলে। এমন উপকারী গাছটির নাম গোলপাতা। স্থানীয় বাসিন্দাদের ভাষায় উমগাছ।
কক্সবাজার সদর থেকে ৪২ কিলোমিটার দূরে রামু উপজেলার জোয়ারিয়ানালার সীমানা ঘেঁষে খুরুশকুল পর্যন্ত বয়ে গেছে ফারি খাল। এই খালের দুই তীরে গড়ে উঠেছে গোলপাতার বাগান। এই বাগান থেকে জীবিকা নির্বাহ করছেন জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি, দক্ষিণ মিঠাছড়ি, বাইনুপাড়া, মাহমুদেরপুরা, ছানাইন্নাপাড়া, বড়ুয়াপাড়া, সামুদ্দারপাড়া, নোয়াপাড়া, দক্ষিণপাড়া, আসকরখিল, পশ্চিম নুনাছড়ি, পূর্বনুনাছড়ি, কাহারিয়াপাড়া, উত্তরপাড়া, দোকানপাড়া, খুরুশকুলসহ ২৩ গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, এই অঞ্চলে গোলপাতার বাগানের জন্ম ৫০০ বছর আগে। রাখাইন সম্প্রদায়ের লোকজন এই বাগান সৃজন করেন। এখন স্থানীয় বাঙালি বাসিন্দারাই এসব বাগানের মালিক।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম (৬৭) বলেন, এই অঞ্চলে কয়েক হাজার একর জুড়ে গোলপাতাগাছের বাগান ছিল এক সময়। এখন ব্যক্তিমালিনাধীন ৫০ একর জায়গায় টিকে আছে এই বাগান।
উত্তর মিঠাছড়ি গ্রামের চাষি দলিলুর রহমান (৫৫) বলেন, প্রতি কানি ( ৪০ শতক) জমিতে পাঁচ হাজার গাছ লাগানো হয়। গাছের পাতা দিয়ে ঘরের ছাউনি হয়। একেকটি পাতা বিক্রি হয় পাঁচ টাকায়। একটা গাছে ৫০টি পাতা পাওয়া যায়। গাছের ফল প্রতিটি দুই টাকা করে বিক্রি হয়। গাছ থেকে উৎপাদিত তাজা রস বিক্রি হয় লিটার ৮০ থেকে ১০০ টাকায়। একটি গাছ থেকে দৈনিক রস উৎপাদিত হয় গড়ে এক লিটার। সারা বছর চলে রস উৎপাদন। তবে শীতকালে রস উৎপাদন বেড়ে যায়।
স্থানীয় চাষি শামসুল আলম, শাহ আলম ও নজুমিয়া বলেন, ‘গোলপাতা আছে বলেই খেয়ে পরে দিন কাটছে, সাংসার চালাচ্ছি, আর ছেলেমেয়ের লেখাপড়া হচ্ছে।’
বিশেষজ্ঞরা জানান, গোলপাতা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। ফাল্গুনের শুরুতে গোলপাতার ফুল ফোটে। চৈত্র মাসে এ ফুলের ডগা কেটে পাত্র বেঁধে রস সংগ্রহ করা হয়। আখের রসে ১৫ থেকে ২০ ভাগ শর্করা থাকে। গোলপাতার রসে থাকে ১৪-১৮ ভাগ পর্যন্ত শর্করা। তাই এই গাছ থেকে চিনি তৈরি সহজসাধ্য। পরিকল্পিতভাবে রস সংগ্রহ করা গেলে চিনি শিল্প গড়ে উঠবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপসহকারী কর্মকর্তা আশীষ কুমার বলেন, নদীর তীরে কাদায় পরিপূর্ণ জায়গায় ও গভীর জঙ্গলে গোলপাতা জন্মায়। তিন থেকে চার বছর পর গাছ কাটার উপযোগী হয়। উপকুলীয় বনবিভাগ কক্সবাজারের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক বলেন, রামুর জোয়ারিয়ানালা, সদরের খুরুশকুল ছাড়াও টেকনাফের বালুখালী, হোয়াইক্যং ও চৌধুরীপাড়ায় গোলপাতার বাগান রয়েছে। বিলুপ্তির পথ থেকে গোলপাতা রক্ষার জন্য বনবিভাগ এ বছর মহেশখালীর আদিনাথ মন্দিরের পাশে (খালে) তিন হাজার এবং টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় দুই হাজার গোলপাতার চারা রোপন করেছে। এ জন্য খুলনার সুন্দরবন থেকে চারা সংগ্রহ করা হয়েছে।