ত্রাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরদুপুর। মাথার ওপর ঠাঁয় দাঁড়িয়ে থাকা মস্ত সূর্যটার তাপের তীব্রতা বাড়ছে দ্রুত। এত রোদেও কমেনি উগান্ডার রাজধানী কাম্পালার পথে পথে মানুষের ভিড়। এই কোলাহলের ভিড়ের ভেতর শহরের একটি পাহাড়ের ওপর তৈরি করা নীরব, নির্জন মুলাগো হাসপাতালটিকে বড্ড বেমানান মনে হয়। রোগীদের যন্ত্রণা, কষ্টের আর্তচিৎকার কোনো কিছুই শোনা যায় না। ভেতরেই এক জায়গায় ৩৩ বছর বয়সী মা মরিয়ম কেমিরেমবে পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছিলেন তাঁর সন্তানের শরীরে। ছেলে গামিসিসিরিজার বয়স মাত্র পাঁচ সপ্তাহ। জন্মের পর থেকেই পোলিওতে আক্রান্ত শিশুটি। তার বাঁ পায়ের অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার সাহায্য নিলেও মনে হচ্ছে লাভ হবে না কোনো। প্রচণ্ড যন্ত্রণায় সারাক্ষণই কাঁদত গামিসিসিরিজার। উতলা মা অবশেষে ছুটে আসেন মুলাগো হাসপাতালে। মাত্র ২০ মিনিটের মাথায় কান্না বন্ধ হয় শিশুটির। মায়ের মুখে ফোটে হাসি। এমন ঘটনা মুগালো হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট লোকদের কাছে খুবই স্বাভাবিক। প্রায় প্রতিদিনই চিকিৎসার জন্য আসে পোলিওতে আক্রান্ত রোগীরা। আর এসব রোগীর যন্ত্রণা কমানোর লক্ষ্যে অমানুষিক পরিশ্রম করে যান শফিক পিরানি নামের একজন কানাডিয়ান চিকিৎসক। তিনি নিজেও তিন বছর বয়সে আক্রান্ত হন পোলিওতে। জীবনে অনেক সংগ্রাম করার পর এই চিকিৎসক এখন কাজ করে যাচ্ছেন পোলিওতে আক্রান্ত রোগীদের নিয়ে। চলতে ফিরতে অক্ষম বলে সমাজে যে বঞ্চনার শিকার হয়েছেন তিনি, তাতে যেন ভুগতে না হয় আর কোনো রোগীকে, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন দিনের পর দিন। উন্নত দেশের সুযোগ-সুবিধা ও আরাম-আয়েশ ছেড়ে বাস করছেন উগান্ডায়। নিজের কষ্টের উপার্জিত অর্থ দিয়ে তৈরি করেছেন মুগালো হাসপাতাল। এই চিকিৎসক ও তাঁর মুগালো হাসপাতালের রোগীদের নিয়েই আমাদের আজকের গল্প।১.কানাডার নাগরিক শফিক পিরানির জন্ম ১৯৫৭ সালে উগান্ডায়। মাত্র তিন বছর বয়সে পোলিওতে আক্রান্ত হন তিনি। এরপর সাত বছর বয়সে উন্নত চিকিৎসার জন্য তিনি মায়ের সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে গিয়ে চিকিৎসকদের সেবায় সুস্থ হয়ে ওঠেন ধীরে ধীরে। সুস্থ হয়ে আবার ফিরে আসা হয় নিজের জন্মস্থানে। পিরানির বয়স যখন ১৫, তখন উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন নিজ দেশ থেকে বিতাড়িত করেন ভিনদেশীদের। এ সময় পিরানি কানাডায় গিয়ে বসবাস শুরু করেন। চলাফেরায় অক্ষম হওয়ায় মানুষের উপহাসের শিকার হতে হয়েছে তাঁকে। দুর্বলতার সুযোগ নিয়ে অপদস্থ করত অনেকেই। এসব সমস্যার মধ্যেই লন্ডনের ক্রস হাসপাতাল মেডিকেল স্কুল থেকে পড়াশোনা শেষ করে চিকিৎসক হিসেবে নিজেকে তৈরি করেন তিনি। সার্জন হিসেবে পরিপক্ব হওয়ার জন্য রয়্যাল কলম্বিয়ান হাসপাতালে শুরু করেন অনুশীলন। ১৯৯৬ সালের ইগানিকো পনসেটির একটি বই পড়ে তিনি পোলিওতে আক্রান্ত রোগীদের নিয়ে ভাবতে শুরু করেন। চেষ্টা করেন এমন একটি পদ্ধতি আবিষ্কারের, যার সাহায্যে কমানো যাবে রোগীদের যন্ত্রণা। রোগীরাও জীবন যাপন করতে পারবে স্বাভাবিকভাবে। আরেক চিকিৎসক নরগ্রোভ পেনির কাছে জানতে পারেন উগান্ডার পোলিও আক্রান্ত রোগীদের দুর্দশার কথা। তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন উগান্ডায় গিয়ে হাসপাতাল স্থাপন করে রোগীদের সেবায় কাজ শুরু করবেন। শফিক পিরানি তাই ফিরে আসেন নিজ জন্মস্থানে। রোগীদের চিকিৎসার জন্য শুরু করেন কঠোর পরিশ্রম। ২.উগান্ডার মতো অনুন্নত দেশে পোলিওতে আক্রান্ত রোগীদের সংখ্যা খুবই বেশি। দরিদ্র মানুষের কাছে পোলিও এক ভয়াবহ অভিশাপ। ২৫ মিলিয়ন মানুষের জন্য এখানে সার্জনের সংখ্যা মাত্র ১২। পিরানি শুরুতেই শখানেক স্বাস্থ্যকর্মীর জন্য ব্যবস্থা করেন এক বিশেষ প্রশিক্ষণের। এ প্রশিক্ষণের ফলে ইগানিকো পনসেটির পদ্ধতি অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া সম্ভব। ‘রোগীদের যন্ত্রণা কষ্ট দিত আমাকে। নিজেও এ রোগের শিকার হওয়ার কারণে অনুভব করতে পারতাম তাদের অসহায়ত্ব। তাই নিজের সব উপার্জন দিয়ে হাসপাতালটি তৈরি করে কঠোর পরিশ্রম শুরু করি আমি। উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ও এগিয়ে আসে আমার সাহায্যে।’ বলছিলেন চিকিৎসক পিরানি। বিশেষ ধরনের জুতা, প্লাস্টার ও ব্রেসের সাহায্যে রোগীদের সেবা দিয়ে থাকেন সার্জনরা। এ চিকিৎসার ফলে অনেকেই ফিরে পায় স্বাভাবিক জীবন। রোগীদের পরিবার আশা নিয়ে ভিড় জমাতে থাকে মুগালো হাসপাতালে। ব্যস্ত হয়ে পড়েন শফিক পিরানি। তবে দিনমান কাজ করেও ক্লান্ত হন না তিনি। রাত হয়েছে অনেক। কাম্পালার পথে কমেছে মানুষের আনাগোনা। গভীর ঘুমে ডুবে আছে শহরের মানুষজন। শফিক পিরানির চোখে ঘুম নেই। ক্লান্ত শরীরটা নিয়ে জেগে আছেন তিনি। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখছেন রোগীদের। এই রাতে কারও পায়ে যন্ত্রণা শুরু হলেই ছুটে গিয়ে বসছেন তার পাশে। পরম যত্নে কমিয়ে দিচ্ছেন রোগীর কষ্ট। পিরানিকে এভাবেই দেখতে অভ্যস্ত রোগীরা। সারা দিন রোগীদের চিন্তায় মত্ত এক পরিশ্রমী চিকিৎসক। তাই তো এই ভালো মানুষটি যখনই রোগীদের কাছে আসেন, তখন বুঝতে পারে সবাই, ভয় নেই আর। একদম ভয় নেই।— ওয়েবসাইট অবলম্বনেমাহমুদুল হাসান