ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রক্তমাখা বর্ণমালা
বাঙালির সংকট ও সংগ্রামে একুশে ফেব্রুয়ারি সাহস জুগিয়েছে বারবার। তারই প্রেরণায়, ভাষা শহীদ ও ভাষা আন্দোলন স্মরণে ত্রিতরঙ্গ আবৃত্তি দল ফেব্রুয়ারির প্রথম দিবসেই আয়োজন করে ‘রক্তমাখা বর্ণমালা’ শীর্ষক সাংস্কৃতিকসন্ধ্যা। জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার হলে অনুষ্ঠান শুরু হয় ত্রিতরঙ্গের যুগ্ম মহাসচিব আলিউর রাহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে। এরপরই একক আবৃত্তি করেন মাসুদ তালুকদার। তিনি ভাষা শহীদদের স্মরণে কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘আমাকে কী মাল্য দেবে দাও’ আবৃত্তি করেন।অনুষ্ঠানে ভাষা আন্দোলনের ওপর স্মৃতিচারণ করেন ভাষা সৈনিক মাহবুব হাসান ও এমদাদুল ইসলাম। গান করেন শিল্পী সুব্রত দাশ ও ক্লোজআপ ওয়ান তারকা অরিন।আবার আবৃত্তি নিয়ে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তিমঞ্চের তাজমুন নাহার, উচ্চারক আবৃত্তিকুঞ্জের ফারুক তাহের ও মুক্তধ্বনির মশুরুর হোসেন। প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান আবৃত্তি করেন একুশের ওপর রচিত প্রথম কবিতা কবি মাহবুব উল আলম চৌধুরীর ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি।’এ ছাড়া একক আবৃত্তি করেন ত্রিতরঙ্গের দেবাশীষ রুদ্র ও পার্থ বড়ুয়া। অনুষ্ঠানের মাঝামাঝিতে মাসুদ তালুকদারের গ্রন্থনা ও নির্দেশনায় ত্রিতরঙ্গ আবৃত্তি দল পরিবেশন করে সম্মেলক আবৃত্তি ‘রক্তের দামে কিনেছি বাংলা’। এতে অংশ নেন পার্থ, দুর্জয়, আসাদ, রবিন, রুবেল, শরফুদ্দীন খান, মিলি, পার্বতী, প্রিয়াংকা, খুশী, ঝুমুর ও মাসুদ। বিজ্ঞপ্তি।