
কথামালা ও আবৃত্তির মধ্য দিয়ে শিল্পকলা একাডেমী মঞ্চে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সমাবর্তন অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি আবৃত্তি শিল্পীদের পাশাপাশি তরুণ আবৃত্তিশিল্পীদের পরিবেশনাও মন ভরিয়েছে দর্শকদের। সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে গুণী আবৃত্তিশিল্পীদের সম্মাননাও জানানো হয়।
অনুষ্ঠানে প্রমিত উচ্চারণ, আবৃত্তি, সংবাদপাঠ ও উপস্থাপনা-বিষয়ক নিয়মিত কর্মশালার একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ আবর্তনের প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এতে দেবাশীষ রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন আইটি গবেষক তৌহিদ মুহাম্মদ ফয়সাল, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে অতিথি আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহর টানা ৪৫ মিনিটের পরিবেশনা মুগ্ধ করেছে দর্শকদের। তিনি ‘আমার পরিচয়’, ‘মিছিল’, ‘নূরলদীনের সারা জীবন’, ‘বাতাসে লাশের গন্ধ’, ‘জেলখানার চিঠি’, ‘যদি নির্বাসন দাও’সহ বেশ কয়েকটি কবিতা পাঠ করেন। এর আগে প্রশিক্ষণার্থীরা পরিবেশন করেন বৃন্দ আবৃত্তি ‘ভোরের প্রতীক্ষায়’। একক আবৃত্তি করেন শফিউল আযম, সেঁজুতি ধর, প্রিয়াংকা বিশ্বাস ও ধীমান সর্ব্ববিদ্যা।
পরে আবৃত্তি শিল্পী আহকাম উল্লাহর হাতে সম্মাননা স্মারক ও উত্তরীয় তুলে দেন সাজিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার।