ত্রিতরঙ্গের আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিতরঙ্গের অনুষ্ঠানে আবৃত্তি করেন সংগঠনের শিল্পীরা
ত্রিতরঙ্গের অনুষ্ঠানে আবৃত্তি করেন সংগঠনের শিল্পীরা

কখনো একক, কখনো দ্বৈত, কখনো বা সমবেত কবিতায় মুখর মিলনায়তন। আবৃত্তিশিল্পীদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে বাংলা ও প্রকৃতির রূপ, প্রেম, দ্রোহ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। গত ২৮ আগস্ট এভাবেই কবিতার আয়োজনে অন্য রকম সন্ধ্যা কাটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আসা দর্শকেরা। ওই দিন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজনে করে আবৃত্তিসন্ধ্যা। এটি ছিল ‘একা এবং একসঙ্গে’ শিরোনামের নিয়মিত আয়োজনের তৃতীয় পর্ব।
সন্ধ্যা সাতটায় বৃন্দ আবৃত্তি পরিবেশনা—কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বাংলাদেশ’ কবিতা। এরপর একে একে একক, দ্বৈত ও সমবেত পরিবেশনায় মাতিয়ে রাখেন শিল্পীরা। একক আবৃত্তির পরিবেশনা নিয়ে প্রথমে মঞ্চে আসেন দেবাশিস রুদ্র। তিনি শুভ দাশগুপ্তের ‘বাঁশি’, নির্মলেন্দু গুণের ‘আফ্রিকার প্রেমের কবিতা’, রামচন্দ্র পালের ‘বর্ষা রাতে’, মহাদেব সাহার ‘আমি কি বলতে পেরেছিলাম’ ও আশীষ সেনের ‘মানুষ সন্ধান’ কবিতা আবৃত্তি করেন।
এরপর সুপ্রিয়া চৌধুরীর কণ্ঠে ধ্বনিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কৃপণ’, সব্যসাচী দেবের ‘কৃষ্ণা’, সৈয়দ শামসুল হকের ‘পরানের গহীন ভেতর’ ও জয় গোস্বামীর ‘প্রাক্তন’ কবিতা। কাজী নজরুল ইসলামের ‘জাবুর দুঃখ’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পাহাড় চূড়ায়’, হেলাল হাফিজের ‘যাতায়াত’, আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ ও আহমেদ পলাশের ‘বৃষ্টিস্নানে’ কবিতা আবৃত্তি করেন জাহিদ অয়ন।
আবৃত্তিশিল্পী ঐশী পালের পরিবেশনায় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অনন্ত প্রেম’, নীরেন্দ্রনাথ চক্রবর্ত্তীর ‘অমলকান্তি’, মুস্তফা আনোয়ারের ‘বৈশাখের রুদ্র জামা’ ও নওরোজের ‘বোধ’। একক পরিবেশনা ছাড়াও শিমুল মুহাম্মদের ‘পৃথিবী আমাদের হবে’ ও মাহিদুল ইসলামের ‘ভুল তবু ভালোবাসা’ কবিতা দুটির দ্বৈত পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।
কবি মহাদেব সাহার ‘শান্তির গান’ কবিতাটি সমবেত পরিবেশনার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। আয়োজনে সমাপনী বক্তব্য দেন ত্রিতরঙ্গের উপদেষ্টা সাজিদ হোসেন।