ত্রিতরঙ্গের সমাবর্তন ও আবৃত্তিসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল, রবীন্দ্রনাথ, সুকান্ত থেকে শামসুর রাহমান কিংবা হুমায়ুন আজাদ। এ যেন বাংলা কবিতার অতীত থেকে বর্তমান। অসংখ্য স্রোতোধারার একটা মিলিত চেহারা। ২৬ অক্টোবর সন্ধ্যা সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে সেই স্রোতোধারায় নিমজ্জনের সুযোগ পেল দর্শকেরা। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সমাবর্তন ও আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠানে পুরোটা জুড়েই ছিল কবিতা।
শুরু হয় সুকান্ত ভট্টাচার্যের ‘বোধন’ কবিতা দিয়ে। এই কবিতার বৃন্দ পরিবেশনার পর ছিল আমন্ত্রিত আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের কবিতা শোনানোর পালা। এরপর একক আবৃত্তি করেন ত্রিতরঙ্গের শিল্পীরা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মেঘ বলেছে যাব যাব’, কাজী নজরুল ইসলামের ‘দাও শৌর্য দাও ধৈর্য্য’, সুকান্ত ভট্টাচার্যের ‘দেশলাই কাঠি’ শোনান শিল্পীরা। দর্শকের হাততালি কুড়িয়েছে শামসুর রাহমানের ‘কখনো আমার মাকে’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘উত্তরাধিকার’, সৈয়দ শামসুল হকের ‘কাঁদছিল কেউ কাঁদছিল’, নির্মলেন্দু গুিণের ‘সামুদ্রিক প্রেম’, শঙ্খ ঘোষের ‘দাঁড়াও’ কবিতাগুলো। কবির তালিকায় ছিলেন চিলির বিপ্লব ও প্রেমের কবি পাবলো নেরুদাও। তাঁর ‘কাউকে করো না দায়ী’ কবিতাটির আবৃত্তি শুনিয়ে ত্রিতরঙ্গের শিল্পীরা মুগ্ধ করেছেন দর্শককে।
আবৃত্তিতে অংশ নেন দেবাশিস রুদ্র, সুপ্রিয়া চৌধুরী, সামিহা নাওয়ার, আদিল ইলাহি, সুজয় দে, ঐশীপাল, প্রমা চৌধুরী, এইচ এম মাছরুর চৌধুরী, কঙ্কা দাশ, লিপি সেন, মোহাম্মদ রানা, মো. আবদুল্লাহ, দীপা শীল, প্রিয়াঙ্কা চৌধুরী, শান্তা দত্ত ও প্রবীর দাশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী দেবাশিস রুদ্র। আবৃত্তির ফাঁকে ত্রিতরঙ্গ আবৃত্তি দলের কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।