রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫তম প্রয়াণ দিবস স্মরণে ত্রিতরঙ্গ আবৃত্তি দল ১৪ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের আর্ট গ্যালারিতে আয়োজন করে ‘রবির কর’ শিরোনামে অনুষ্ঠান। গান, কবিতা, কথামালা ও চিঠি পাঠের সমন্বয়ে সাজানো হয় আয়োজনটি।
অনুষ্ঠান উদ্বোধন করেন রোটারি জেলা গভর্নর তৈয়ব চৌধুরী। প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জসীম উদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন রোটারি ক্লাব চিটাগাং সেন্ট্রালের প্রতিষ্ঠাতা সভাপতি মীর নাজমুল আহসান, প্রাক্তন সভাপতি মো. ওমর আলী ও বর্তমান সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
কথামালার পর কংকা দাশ আবৃত্তি করেন ‘সোনার তরী’। জাহিদ অয়ন আবৃত্তি করেন ‘মাকাল’। এরপর একে একে ‘এক গাঁয়ে’, ‘বীরপুরুষ’, ‘হঠাৎ দেখা’, ‘শেষ চিঠি’, ‘বাঁশিওয়ালা’, ‘দুই পাখি’ ও ‘বিদায়’ আবৃত্তি করেন প্রমা চৌধুরী, লিপি সেন, সায়রা সানাফা, আদিল ইলাহি, ঐশী পাল, সুপ্রিয়া চৌধুরী ও সুজয় দে। তাঁদের পরিবেশনা মন ছুঁয়ে যায় দর্শকদের। এরপর রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন প্রমা চৌধুরী ও কংকা দাশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতি দেবাশীষ রুদ্র। সমাপনী বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মাসুদ তালুকদার।