ত্রিপুরা মহারাজার স্মৃতি বিজড়িত দিঘি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীঘিনালার বড় আদামে প্রায় দুই একরের মতো জায়গাজুড়ে অবস্থিত গোবিন্দ মাণিক্যের দিঘি। গাছপালা শোভিত স্বচ্ছ জলের এই দিঘির সঙ্গে জড়িয়ে অহিংস নীতিতে বিশ্বাসী ত্রিপুরার মহারাজা গোবিন্দ মাণিক্যের স্মৃতি। নিজ রাজ্য ত্যাগ করে দীঘিনালায় স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছিলেন তিনি। তখন এ অঞ্চলের নাম ছিল রিয়াংদেশ।এলাকার বাসিন্দারা গোবিন্দ মাণিক্যের স্মৃতি অক্ষয় করে রাখতে খনন করেন এই দিঘি। জনশ্রুতি আছে, দিঘির কারণে এই অঞ্চলের নাম বদলে রাখা হয় দীঘিনালা। তবে ইতিহাস বিজড়িত এই দিঘি সংরক্ষণের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। দিঘির তীরে নেই কোনো নামফলক। পুররঞ্জন প্রসাদ চক্রবর্তীর ত্রিপুরা রাজমালা, প্রভাংশু ত্রিপুরার ত্রিপুরা জাতির মাণিক্য উপাখ্যান এবং হিস্ট্রি অব হিন্দুস্তান গ্রন্থের তথ্যসূত্র অনুযায়ী—মহারাজা গোবিন্দ মাণিক্য ছিলেন ত্রিপুরার ১৮৪তম রাজা। তিনি রাজর্ষি খেতাব পেয়েছিলেন। ১৬৬০ খ্রিষ্টাব্দে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন তিনি। এ সময় রাজ্যের ভুবনেশ্বরী মন্দিরে পূজার নামে ব্যাপক বলিদান প্রচলন ছিল। মহারাজা গোবিন্দ মাণিক্য রাজ্যভার গ্রহণের পর এক আদেশে বলিদান প্রথা বন্ধ করে দেন। তখন তাঁর বৈমাত্রেয় ছোট ভাই নক্ষত্র নারায়ণ ও রাজ পুরোহিত রঘুপতি বলিদান বন্ধের রাজ আদেশের বিরুদ্ধে প্রজাদের মধ্যে প্রচার চালাতে থাকেন। রাজ আদেশের বিরুদ্ধাচরণ করার অপরাধে রাজ পুরোহিত রঘুপতি চোন্তাইকে ত্রিপুরা রাজ্য থেকে নির্বাসন ও বৈমাত্রেয় ছোট ভাই নক্ষত্র নারায়ণকে বঙ্গদেশের রাষ্ট্রদূত নিযুক্ত করেন গোবিন্দ মাণিক্য।নক্ষত্র নারায়ণ বঙ্গদেশে গিয়ে অভ্যুত্থানের মাধ্যমে বড় ভাই গোবিন্দ মাণিক্যকে হটিয়ে ত্রিপুরা রাজ্যের সিংহাসন দখলের ষড়যন্ত্র করেন। মহারাজা গোবিন্দ মাণিক্য এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে বৈমাত্রেয় ভাই নক্ষত্র নারায়ণকে রাজ্যভার দিয়ে ত্রিপুরা রাজ্যের রিয়াংদেশে (বর্তমানে খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর তীরে) স্বেচ্ছা নির্বাসনে আসেন। মহারাজা গোবিন্দ মাণিক্য রিয়াংদেশে নির্বাসন জীবন কাটাচ্ছেন জেনে রিয়াংবাসীরা মহারাজার সামনে উপস্থিত হয়ে তাঁর বৈমাত্রেয় ভাই নক্ষত্র নারায়ণের বিরুদ্ধে অস্ত্রধারণের অভিপ্রায় জানান। তখন মহারাজা তাঁদের জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় নক্ষত্র নারায়ণের হাতে ত্রিপুরা রাজ্যের শাসনভার তুলে দিয়ে নির্বাসনে এসেছেন। তিনি তাঁর আনুগত্যের নিদর্শন প্রকাশের জন্য রিয়াংবাসীকে দিঘি খনন করতে বলেন। তখন মহারাজার নির্দেশ মেনে রিয়াংবাসীরা ১২টি দিঘি খনন করেন। তার মধ্যে দীঘিনালার এ দিঘিটি অন্যতম। ১৯১৬ সালে দীঘিনালাকে থানা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দীঘিনালা পার্বত্য চট্টগ্রামের একটি প্রাচীনতম থানা। ১৯৮৩ সালের ৭ নভেম্বর দীঘিনালাসহ আটটি এলাকাকে উপজেলায় রূপান্তরিত করে খাগড়াছড়ি জেলা ঘোষণা করা হয়। বর্তমানে ইতিহাসের সাক্ষী দীঘিনালার দিঘিটি চাকমা সার্কেলের (চাকমা রাজা) অধীনে রয়েছে। তবে কালের সাক্ষী এ দিঘি রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দিঘিতে নেই খননের কোনো ইতিহাস-সংবলিত বিলবোর্ড।দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, দিঘিটি রক্ষণাবেক্ষণ এবং দিঘির চারপাশে শোভাবর্ধনসহ তথ্য-সংবলিত বিলবোর্ড দেওয়া হলে বর্তমান প্রজন্ম ইতিহাস জানতে পারত। আর দিঘিটি হয়ে উঠত অন্যতম পর্যটনকেন্দ্র।বিশিষ্ট গবেষক রাজীব ত্রিপুরা বলেন, দিঘিটি মহারাজার রাজ্যশাসন ও স্বেচ্ছায় নির্বাসনের আরেকটি নির্দশন। এই নিদর্শনকে পুরাকীর্তির মর্যাদা দিয়ে সংরক্ষণ করতে হবে।দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, ‘গোবিন্দ মাণিক্যের স্মৃতি বিজড়িত দিঘির উন্নয়ন ও খননের ইতিহাস-সংবলিত বিলবোর্ডসহ দিঘিটিকে একটি পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে শিগগির উদ্যোগ নেওয়া হবে।