ত্রিপোলি এখন
বিস্ফোরক নিয়ে যাচ্ছিল একটি পিকআপ। রাস্তার খানাখন্দে ঝাঁকুনি খেয়ে গাড়িটায় বিস্ফোরণ ঘটে। কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে এসে হাজির। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেন।সম্প্রতি লিবিয়ার রাজধানী ত্রিপোলির গারগারেশ এলাকার ঘটনা এটি। বলা হচ্ছে, যে দ্রুততায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে এসেছিল ফায়ার সার্ভিসের গাড়ি তা নজিরবিহীন। গাদ্দাফির পতন এটা সম্ভব করেছে। স্থানীয় অধিবাসী কামাল মনসুর বলেন, ‘সারা জীবনে আমি এ ধরনের কিছু দেখিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা চোখের পলকে আগুন নিভিয়ে ফেলেন।’ কামাল জানান, বিদ্রোহের আগে সরকারি কর্মীরা এত উৎসাহ নিয়ে কাজ করতে চাইতেন না। কিন্তু এখন সবাই নতুন লিবিয়া গঠনের জন্য কাজ করতে আগ্রহী।সম্প্রতি জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, লিবিয়া ‘তাৎক্ষণিক মানবিক সংকটের’ মুখোমুখি। এ ছাড়া অনেক জরুরি পরিষেবার ঘাটতির ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন বিদেশি পর্যবেক্ষকেরা। রাজধানী ত্রিপোলিতে সরকারি কর্মকর্তারা এখনো কাজ করে যাচ্ছেন। লিবিয়ায় মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে যে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে, তা এড়ানোর জন্য সবাই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বলেই অবস্থাদৃষ্টে মনে হচ্ছে।ভূমধ্যসাগরের তীরে দুটি অসম্পূর্ণ বহুতল ভবন। পাশেই বড় প্লাস্টিকের পাত্রে আবর্জনা জড়ো করে রাখছিলেন তিন ব্যক্তি। চতুর্থ একজন আবর্জনাবাহী ট্রাকে নিয়ে যাচ্ছিলেন তা। মালি থেকে আসা শ্রমিক আবু বকর মায়গা বলেন, তাঁরা সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করেন। তবে গত ফেব্রুয়ারিতে বিদ্রোহ ছড়িয়ে পড়ার পর থেকে বেতন পাচ্ছেন না। তাঁদের মাসিক বেতন ৩০০ ডলার। বেতন না পেলেও কাজে ক্ষান্ত দেননি মালি, বুরকিনো ফাসো ও আইভরি কোস্ট থেকে আসা এসব শ্রমিক। আবর্জনা সংগ্রহকারী দলটির নেতা জুমা ইব্রাহীম বললেন, ‘বিপ্লবের অর্থ তো এই নয় যে, এখানে কেউ আর আবর্জনা ফেলবে না। এ কারণে আমরা কাজ করে যাচ্ছি।’ সরকারি চাকরিজীবীরা যেন কাজে ফিরে যান, সে জন্য লিবিয়ার নতুন নেতারা সবার কাছে মুঠোফোনে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়েছেন। তেলকর্মী, বিদ্যুৎকেন্দ্রের কর্মী, স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, এমনকি পেট্রলপাম্পের কর্মীদের প্রতিও দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।সরকারি এ বার্তা পৌঁছেছে বেনগাশির পুলিশ স্টেশনেও। গত ২০ আগস্ট বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলি দখল করার বেশ কয়েক দিন পরও অনেক পুলিশ কর্মকর্তা কর্মস্থলে হাজির হননি। তবে গাদ্দাফি বাহিনী সরে যাওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলে পুলিশ কর্মকর্তারা ধীরে ধীরে সদর দপ্তরে ফিরতে শুরু করেছেন। উমর ফারহান নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা চাই রাজধানী নিরাপদে থাকুক। আমরা তা করতে এখানে এসেছি।’ রাস্তায় পুলিশের টহল বাড়ানোর কথাও বলছেন অনেকে। তাঁরা মনে করছেন, এতে মানুষের আতঙ্ক কমবে। এমটিগা হাসপাতাল। সেখানে এক্স-রে দেখছিলেন চিকিৎসক মুনির আকিল। জরুরি বিভাগের এ বিশেষজ্ঞ চিকিৎসক গত সপ্তাহে ১৫ ঘণ্টার বেশি ঘুমাতে পারেননি। কিন্তু তার পরও তিনি এখন কাজে ব্যস্ত। মুনির আকিল বলেন, এখানে অনেক বেশি রোগী আসছে। তিনি জানান, হাসপাতালটিতে ব্যথানাশক ওষুধের অভাব রয়েছে। এ ছাড়া তাঁদের অন্যান্য ওষুধসহ চিকিৎসা সরঞ্জামও দরকার। কিন্তু তা সত্ত্বেও মুনির আকিলের দাবি, তাঁদের হাসপাতাল সংকটে পড়তে যাচ্ছে না। লড়াইয়ে আহত গাদ্দাফির অনুসারীদের রাখা হয়েছে—এমন একটি কক্ষের দিকে যেতে যেতে তিনি বলেন, ‘পরিস্থিতি কঠিন, তবে তা সামাল দেওয়ার মতো।’ জরুরি বিভাগে কর্মরত বিদেশি বিশেষজ্ঞ মার্ক বাওম্যান বলেন, ‘আমরা যতটা চাই, সরবরাহ সে তুলনায় যথেষ্ট নয়। তবে এ মুহূর্তে কোনো সংকট নেই।’তবে ত্রিপোলি বর্তমানে যে পানির ঘাটতির মুখোমুখি, তা সংকটের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্রোহীদের নেতারা দাবি করেছেন, দেশের দক্ষিণাঞ্চলে পানির পাইপলাইন ধ্বংস করে দিয়েছে গাদ্দাফির অনুগতরা। ত্রিপোলির পানি সরবরাহ অবস্থা খুবই খারাপ এখন। অনেকে বোতলজাত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।বিদ্রোহীদের ‘তথ্যমন্ত্রী’ মাহমুদ শাম্মাম বলেন, দেশ যাতে উঠে দাঁড়ায় ও চলতে পারে সে জন্য তাঁরা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন, সরকারি কর্মীরা এ কাজের অংশ এবং তাঁরা বড় ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।ত্রিপোলির একটি দমকল অফিসে কাজ করেন হুসাম আল-রাবিয়া। তিনি বললেন, প্রতিদিনই তাঁদের আগুন নেভাতে যেতে হচ্ছে। যুদ্ধের কারণে গাড়ি, ঘরবাড়ি ও ভবনে আগুন লাগছে। আগুন নেভানোর কাজে ব্যবহূত ট্রাকের জন্য তাঁদের কাছে প্রয়োজনীয় ডিজেল রয়েছে। তবে সহায়ক গাড়ি চালানোর মতো প্রয়োজনীয় তেল নেই। গত সপ্তাহে এই দমকল কেন্দ্রের পানি ফুরিয়ে গেছে। পানির নতুন উৎস খুঁজে বের করতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। তবে পরিস্থিতি যথার্থ হওয়ার চেয়ে অনেক দূরে থাকলেও অন্তত স্টেশনটি এখনো কার্যকর আছে।ত্রিপোলির গারগারেশের বাসিন্দা মনসুর বলেন, ‘আমরা জানি পরিস্থিতি খুবই কঠিন। তবে কোনো বিপর্যয় যাতে নেমে না আসে, তা নিশ্চিত করার জন্য সম্ভব সবকিছু করে যাচ্ছেন কর্মীরা।’ দাউদ ইসলাম