ত্রিপোলির কাছে অবরুদ্ধ রাউজানের তিন ভাই
চারদিকে বিক্ষিপ্ত গোলাগুলির শব্দ। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে প্রায় সবাই একরকম গৃহবন্দী। শহরের সব পথঘাট ফাঁকা। আশপাশের বিপণিকেন্দ্রগুলো বন্ধ। সড়কে মাঝেমধ্যে কয়েকটি গাড়ি বিক্ষিপ্তভাবে চলাচল করতে দেখা গেলেও আতঙ্কের শহরে মৃত্যুঝুঁকি নিয়ে ঘর ছেড়ে কেউ বেরোচ্ছে না। ফলে বাসিন্দারা যার যার জায়গায় বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন অর্ধাহার-অনাহারে। এভাবেই লিবিয়ার বিরাজমান অরাজক পরিস্থিতিতে নিজেদের অসহায়ত্বের বর্ণনা দিচ্ছিলেন রাউজানের কয়েকজন লিবিয়াপ্রবাসী।জানা যায়, গত প্রায় ১৫ দিন ধরে লিবিয়ার ত্রিপোলিতে অবরুদ্ধ আছেন রাউজানের উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের মৎস্যজীবী পরিবারের তিন সন্তান যদু, মৃদুল ও নির্মল জলদাস। তাঁদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মা-বাবাসহ স্বজনেরা। অবরুদ্ধ ছেলেদের মুঠোফোনে নিয়মিত খবর নিচ্ছেন তাঁরা। নির্মলদের বাড়ি গিয়ে দেখা যায়, ছেলেদের জন্য দুশ্চিন্তায় নাওয়া-খাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন তাঁদের বাবা বাঁশি মোহন জলদাস (৭৫)। তিনি জানান, বড় ছেলে যদু ১৪ বছর থেকেই লিবিয়াপ্রবাসী। ছয় বছর আগে একবার এসে দুই ভাই মৃদুল ও নির্মলকে নিয়ে যান তিনি। সেই থেকে তিনজনের কেউ আর দেশে আসেননি। যদু জলদাসের স্ত্রী গীতা জলদাস জানান, পরিবারের তিনজন বিদেশে থাকলেও সেখান থেকে টাকা পাওয়া যাচ্ছে না অনেক দিন। সব সময় জানানো হতো টাকা কোম্পানির কাছে জমা রয়েছে।বাঁশি মোহন জলদাসের বাড়ি থেকে মুঠোফোনে (+২১৮৯১৮৭১৪৭৩৬) যোগাযোগ করা হয় লিবিয়ায় অবরুদ্ধ যদু জলদাসের সঙ্গে। সেখানকার পরিস্থিতির বর্ণনা দিয়ে প্রথম আলোকে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা এখনো অনিশ্চয়তার মধ্যে ঘরের ভেতর বন্দী অবস্থায় দিন কাটাচ্ছি। আমাদের হাতে টাকা-পয়সা, খাবার-পানি কিছুই নেই। সামান্য রুটি খেয়ে থাকতে হচ্ছে। মোবাইল ফোনে টাকা না থাকায় দেশের কারও সঙ্গে যোগাযোগও করতে পারছি না। তাই কথা বলার জন্য দেশ থেকে ফোনের অপেক্ষা করতে হয়।’যদু জলদাস জানান, তাঁর কোম্পানির (আল-দাম্পা) ছেলে সোলাইমান তাঁদের দেখাশোনা করতেন। কিন্তু কয়েক দিন থেকে তিনিও যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কোম্পানির কাছে কয়েক মাসের বেতনের টাকা এবং পাসপোর্ট জমা আছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ দূতাবাসে তাঁরা ফোনে যোগাযোগ করলেও সেখান থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি। তিনি জানান, তাঁদের সঙ্গে আরও ৬০ জন বাংলাদেশি আটকে আছেন। পাশের ভবনেও সাড়ে ৩০০ জন বাঙালি আটক আছেন। সবারই একই অবস্থা বলে জানান তিনি। যদু জলদাসের স্ত্রী গীতা জলদাস জানান, ১৫ দিন আগেও তাঁর স্বামী লিবিয়া থেকে ফোনে যোগাযোগ করে খবর নিতেন। এখন তাঁর হাতে টাকা না থাকায় এখান থেকেই ফোন করে খবর নিতে হচ্ছে। বাঁশি মোহন জলদাস ও গীতা জলদাস তাঁদের প্রিয়জনসহ আটক বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা কামনা করেন।