এইচএসসির ফলাফল : এবারও শীর্ষে চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ দ্বিতীয়
ত্রিমুখী চেষ্টায় ভালো ফলের ধারাবাহিকতা

এইচএসসিতে ভালো ফল করে শীর্ষ স্থান ধরে রেখেছে চট্টগ্রাম কলেজ। একই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে পাশের হাজী মুহম্মদ মহিসন কলেজও। চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে প্রথম ও দ্বিতীয় স্থান রয়েছে এ দুটি কলেজ। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ত্রিমুখী প্রচেষ্টার কারণে ভালো ফল অর্জন করা সম্ভব হয়েছে বলে মনে করছেন দুই কলেজের অধ্যক্ষ।
কলেজের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৬৯ শিক্ষার্থী, যা চট্টগ্রাম বোর্ডের মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৯৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৪৮ জন। একজন ছাড়া সবাই পাস করেছেন। আর মানবিক বিভাগের ২৮৯ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৭৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ২১ জন। গত বছরও চট্টগ্রাম বোর্ডে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছিলেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। গতবার সর্বোচ্চ ৪৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার ফসল এই ফলাফল। শিক্ষার্থীরাও কঠোর পরিশ্রম করেছে।’ তিনি বলেন, চট্টগ্রাম কলেজে শিক্ষার্থীদের শুধু ভালো ফলের দিকে মনোযোগ দেওয়া হয় না, তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়।
মানবিক বিভাগে কম জিপিএ-৫ পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, তুলনামূলক মেধায় পিছিয়ে থাকা শিক্ষার্থীরা মানবিক বিভাগে ভর্তি হয়। যার কারণে ফলাফলে এর প্রভাব থাকে। তারপরও এ বিভাগের শিক্ষার্থীদের ফলাফল আরও কীভাবে ভালো করা যায় সে দিকে দৃষ্টি দেওয়া হবে।
চট্টগ্রাম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন সাদিয়া ইসলাম। মেডিকেল কলেজে পড়ার ইচ্ছার কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম কলেজে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষকেরা অনেক আন্তরিক। তাঁরা বিভিন্ন দিকনির্দেশনা দেন। ফলে ভালো ফল করা সম্ভব হয়।’ সাম্প্রতিক সময়ে কলেজে ছাত্রসংগঠনের মধ্যে সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ‘যঁারা রাজনীতি করেন, এটি তঁাদের ব্যাপার। তবে এমন রাজনীতি করা উচিত না, যাতে শিক্ষার্থীরা ভয় পান। তাহলে শিক্ষার্থীদের এখানে পড়ার প্রতি আগ্রহ যেমন চলে যাবে, তেমনি রাজনীতির প্রতিও আগ্রহ হারাবে।’
হাজী মুহম্মদ মহিসন কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন ১ হাজার ৫৪৬ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৩৪ জন। পাস করেছেন ১ হাজার ৪৯১ জন। পাসের হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া ৫৩৮ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩০২ জন। পাস করেছেন ৫৩২ শিক্ষার্থী। মানবিক বিভাগের ৪৮৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৩৫ জন। জিপিএ-৫ পেয়েছেন আট শিক্ষার্থী। আর বাণিজ্য বিভাগের ৫২৯ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২৪ জন। পাস করেছেন ৫২৪ জন। গত বছর এই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ৪২৪ জন।
হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী বলেন, ‘বোর্ডের সামগ্রিক ফলাফলের তুলনায় আমরা অনেক ভালো করেছি। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ত্রিপক্ষীয় বন্ধনের কারণেই প্রতিবার ভালো ফল করা সম্ভব হচ্ছে। এ ছাড়া আমাদের এখানকার শিক্ষকেরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং ক্লাস রুটিনও ভালোভাবে সেট করা হয়। কিছু সংকট রয়েছে। তারপরও এটা আমাদের কাছে চাপ মনে হয় না। ধারাবাহিকতা রক্ষায় আমরা অভ্যস্ত হয়ে পড়েছি।’