ত্রিমুখী লড়াইয়ের আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমজমাট পরিবেশে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সমিতির মিলনায়তনে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন আইনজীবীরা। এবারের নির্বাচনে আভাস মিলেছে ত্রিমুখী লড়াইয়ের। প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থীরা ব্যস্ত সময় কাটিয়েছেন ভোটারদের মন জয় করতে।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আজ রাতে ভোট গণনা শেষে জানা যাবে কারা পরছেন বিজয়ের মুকুট। এই নির্বাচনে এবার আওয়ামী লীগ–সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ, মুক্তিযুদ্ধের সপক্ষের দুর্নীতিবিরোধী রাজনৈতিক প্রভাবমুক্ত সংগঠন সমমনা এবং বিএনপি-জামায়াত–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যপদে প্রার্থী দিয়েছে। সমিতির ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭ জন প্রার্থী। তবে, তিনটি জোটের বাইরেও গণতান্ত্রিক আইনজীবী সমিতির ব্যানারে এবার আইনজীবীদের একটি সংগঠন একটি সম্পাদকীয় পদ ও একটি সদস্যপদের জন্য প্রার্থী দিয়েছে। নির্বাচনে ভোটার ৩ হাজার ৮০১ জন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন জোটের মধ্যে এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। আবার অনেক প্রার্থী জোটের পরিচয়ের বাইরে নিজের ভাবমূর্তি ও সততার কারণেও এগিয়ে রয়েছেন। সে কারণে ভোটাররা নিজেদের পছন্দের জোটের বাইরে অন্য জোটের প্রার্থীদের পক্ষেও রায় দিতে পারেন। নির্বাচনে সমন্বয় পরিষদ রতন-হানিফ-ইয়াছিন, ঐক্য পরিষদ বদরুল-নাজিম-পরিষদ ও সমমনা রাসেল-কামাল-জুয়েল পরিষদ ব্যানারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সরেজমিন দেখা গেছে, প্রার্থীরা দল বেঁধে ভোটারদের কাছে দোয়া চাইছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত আদালতে মামলার শুনানি থাকায় বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেক প্রার্থীকে। কেউ এজলাস থেকে বেরিয়ে এলে কুশল বিনিময় করে দোয়া ও ভোট চাইছেন। এ ছাড়া সকাল থেকে গভীর রাত পর্যন্ত আইনজীবীদের চেম্বারে গিয়েও ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। অনেক প্রার্থী ভোটারদের বাসায় গিয়ে ভোট চেয়েছেন বলে জানা গেছে। জয়ের বিষয়ে আশাবাদী তিনটি জোটের প্রার্থীরাই। আর একাধিক ভোটার বলছেন, তাঁরা মনে মনে প্রার্থী ঠিক করে ফেলেছেন। প্রার্থীর সততা ও ভাবমূর্তিকেই তাঁরা প্রাধান্য দেবেন।
নির্বাচনে এবার মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ আইনজীবী ফেরদৌস আহমেদ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে পোস্টার, ফেস্টুন, মিছিল-স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। এমনকি প্যানেলগুলো এককভাবে নির্বাচনী পরিচিতিসভার বদলে নির্বাচনী কর্মকর্তাদের তদারকিতে যৌথভাবে প্যানেল পরিচিতি করেছে। পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচনী কর্মকর্তারা কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন কি না তার প্রতি কঠোর নজরদারি করেছে।
নির্বাচনে সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি পদে রতন কুমার রায় ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু হানিফ প্রার্থী হয়েছেন। ঐক্যের সমর্থন নিয়ে সভাপতি পদে এ এস এম বদরুল আনোয়ার ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমমনা সমর্থন নিয়ে সভাপতি পদে মো. হুমায়ুন কবির রাসেল ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. কামাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবার সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ নয়টি সম্পাদকীয় পদের জন্য ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে, ১০টি নির্বাহী সদস্যপদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২ জন প্রার্থী।
সমন্বয় পরিষদ ও ঐক্য পরিষদ ১৯টি পদের সব কটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। সমমনা সংসদ সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ পাঁচটি সম্পাদকীয় পদ ও একটি নির্বাহী সদস্যপদে প্রার্থী দিয়েছে। এ ছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি প্রথমবারের মতো অর্থ সম্পাদক পদ ও সদস্যপদে একজন করে প্রার্থী দিয়েছে। এ ছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সমন্বয়ের সভাপতি প্রার্থী রতন রায় বলেন, নির্বাচিত হলে তিনি চট্টগ্রাম বারের ঐতিহ্য রক্ষা করে আইনজীবীদের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করবেন। একই সঙ্গে বার ও বেঞ্চের মধ্যে সম্মানজনক সম্পর্ক গড়ে তুলবেন।
ঐক্যের সভাপতি প্রার্থী বদরুল আনোয়ার জানান, পেশার মর্যাদা রক্ষা করে আইনজীবীদের কল্যাণের জন্য কাজ করবেন। তিনিও বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
সমমনার প্রার্থী হুমায়ুন কবির রাসেল বলেন, ‘নির্বাচিত হলে আইনজীবীদের কল্যাণের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাব। পাশাপাশি বার ও বেঞ্চ যেন দুর্নীতিমুক্ত থাকে সে বিষয়েও আমরা নানা পদক্ষেপ নেব।’
প্যানেলভিত্তিক অন্য প্রার্থীরা হচ্ছেন, সমন্বয় পরিষদ: জ্যেষ্ঠ সহসভাপতি কামরুন নাহার, সহসভাপতি মোহাম্মদ রফিকুল আলম, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, অর্থ সম্পাদক রিক্তা বড়ুয়া, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসাইন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জুবাইদা ছরওয়ার চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ফয়েজ উদ্দীন চৌধুরী।
ঐক্য পরিষদ: জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ ইছহাক, সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সহসাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী, অর্থসম্পাদক মহিউদ্দিন হক চৌধুরী, পাঠাগার সম্পাদক মো. আবদুল কাইয়ুম ভূঁইয়া, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হাসনা হেনা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শহীদুল ইসলাম।
সমমনা সংসদ: জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক মো. এহতেশাম পারভেজ সিদ্দিকী ও পাঠাগার সম্পাদক ভাস্কর রায় চৌধুরী।
গণতান্ত্রিক সমিতি: অর্থ সম্পাদক মো. মোশারেফ হোসেন। এ ছাড়া একমাত্র স্বতন্ত্র প্রার্থী মাসুদুল আলম সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।